১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেমিতে হেনরিকে না পেলে ‘বিকল্প প্রস্তুত’ নিউ জিল্যান্ডের

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটিতে দেশে ফেরা এই ফাস্ট বোলারকে পাওয়ার আশা করছেন নিউ জিল্যান্ডে কোচ।

সেমিতে হেনরিকে না পেলে ‘বিকল্প প্রস্তুত’ নিউ জিল্যান্ডের
ম্যাট হেনরি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 08:50 PM

Updated : 26 Aug 2026, 03:03 PM

বিশ্বকাপের মাঝে ছুটিতে দেশে ফেরা ম্যাট হেনরিকে সেমি-ফাইনালে পাওয়ার আশায় আছেন রব ওয়াল্টার। শেষ পর্যন্ত এই ফাস্ট বোলারকে না পেলে কী করবেন, সেটাও জানালেন নিউ জিল্যান্ডের প্রধান কোচ।

সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে ছুটিতে দেশে ফিরে গেছেন হেনরি। গত শুক্রবার কলম্বোয় সুপার এইটে নিউ জিল্যান্ডের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলার পর দেশের বিমান ধরেন তিনি। 

বিশ্বকাপে কিউইদের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হেনরি। আসরে এখন পর্যন্ত দলের সবকটি ম্যাচেই তিনি খেলেছেন। উইকেট নিয়েছেন যদিও কেবল সাতটি, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪১ করে। তবে ৩৪ বছর বয়সী এই বোলারের অভিজ্ঞতা আর নতুন বলে তার ভূমিকা দলের জন্য গুরুত্বপূর্ণ।   

আগামী বুধবার কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমি-ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। ওয়াল্টার বললেন, হেনরিকে পাওয়ার আশা করছেন তিনি।

“যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে সেমি-ফাইনালের আগের দিন ফিরে আসবে সে। আমরা এটাই আশা করছি। যদি তা না হয়, তাহলে আমাদের বিকল্প পরিকল্পনা আছে।”

হেনরিকে পাওয়া না গেলে আরেক পেসার জ্যাকব ডাফির একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কায় স্পিন সহায়ক উইকেটে তাকে খেলানো হয়নি। পেস বোলিং অলরাউন্ডার জেমস নিশাম কিংবা দীর্ঘদেহী পেসার কাইল জেমিসনও থাকবেন এই লড়াইয়ে। ডাফির ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি নিউ জিল্যান্ড কোচ।

“গত ১৮ মাস ধরে আমাদের দলের জন্য অসাধারণ কাজ করেছে সে (ডাফি)। তাই তাকে দল থেকে বাদ দেওয়া সত্যিই কঠিন। যদি দুর্ভাগ্যবশত ম্যাট ফিরতে না পারে, তাহলে অবশ্যই (ডাফি খেলার বিবেচনায় থাকবে), নির্ভরযোগ্য খেলোয়াড়রা আমাদের বেঞ্চে আছে, যেমন, কাইল জেমিসন। তাই সেই প্রস্তুতি আমাদের নেওয়া আছে, কোনো সন্দেহ নেই।”