র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার জানালেন এক নম্বর ব্যাটারের ফেরার খবর
বিশ্বকাপের দুই ম্যাচেই দারুণ বোলিং করেছেন একজন, আরেকজন প্রথম ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর আপাতত মাঠের বাইরে।
দুই ওভার বোলিং করেই তিন উইকেট। ভারুন চক্রবর্তী আরও একবার দেখিয়ে দিলেন কেন তিনি আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার। ব্যাটিংয়ের শীর্ষ নামটি তখন মাঠেই নেই! প্রথম ম্যাচে প্রথম বলে আউট হওয়ার পর অসুস্থতার কারণে ছিটকে পড়েছেন আভিশেক শার্মা। তবে ভারুনই জানালেন, পরের ম্যাচেই হয়তো পাওয়া যাবে বিধ্বংসী এই ওপেনারকে।
নামিবিয়ার বিপক্ষে বৃহস্পতিবার দিল্লিতে দুই ওভারে সাত রানে তিন উইকেট শিকার করেন ভারুন। ভারতের বড় জয়ের ম্যাচে পরে আর বল হাতে নিতে হয়নি এই স্পিনারকে। পেটের সংক্রমণের কারণে এই ম্যাচে খেলতে পারেননি আভিশেক।
টসের সময় ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ আভিশেককে নিয়ে বলেছিলেন, “ঠিক জানি না, আরও দু-একটি ম্যাচ লাগতে পারে (ফিরতে)…।”
অধিনায়কের কথায় অনিশ্চয়তার সুর থাকলেও ম্যাচ চলার সময় টিভি পর্দায় দেখা যায়, ডাগআউটে আছেন আভিশেক। ম্যাচের পর ভারুনের কথায় আরও আশার ছবিই ফুটে উঠল।
“আমার মনে হয়, পরের ম্যাচেই খেলবে সে (আভিশেক)। যদিও ঠিক জানি না, তবে তার সঙ্গে যতটা কথটা বলেছি আমি, তাতে ভালো মনে হচ্ছে। আজকে কিছুটা অনুশীলনও করেছে। সে নিজেই বলেছে যে সেরে উঠছে।”
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম বলেই ছক্কার চেষ্টায় আউট হয়েছিলেন আভিশেক। ম্যাচের পর সুরিয়াকুমার জানান, আভিশেক পুরোপুরি সুস্থ নন। পরে পেটের সংক্রমণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।
ভারতের পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রোববার। সেই ম্যাচে আভিশেককে পেতে মুখিয়েই থাকবে টিম ম্যানেজমেন্ট।
আভিশেকের বদলে সুযোগ পেয়ে নামিবিয়ার বিপক্ষে ৩ ছক্কায় ৮ বলে ২২ রান করে আউট হয়ে যান সাঞ্জু স্যামসন।
আভিশেক সুস্থ হয়ে হয়ে উঠলে প্রথমবারের মতো পুরো ফিট স্কোয়াড পাবে ভারত। চোট কাটিয়ে এর মধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দার। অসুস্থতা কাটিয়ে নামিবিয়ার বিপক্ষে খেলেছেন জাসপ্রিত বুমরাহ।
