২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিজবেনের সবুজে বোলারদের ব্যাটিং আর সৌম্যর ‘চিকিৎসা’

অ্যালান বোর্ডার ফিল্ডের সবুজ ঘাসের নেটে সৌম্যর ব্যাটিং ঘষামাজা করলেন শ্রীরাম, সঙ্গে ব্যাটিং অনুশীলন হলো বোলারদের।

ব্রিজবেনের সবুজে বোলারদের ব্যাটিং আর সৌম্যর ‘চিকিৎসা’

অনুশীলনে নাজমুল হোসেন শান্ত, শ্রীধরন শ্রীরাম ও সৌম্য সরকার। ফাইল ছবি।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

ব্রিজবেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 01:52 PM

Updated : 16 Oct 2022, 02:39 PM

‘৩ বলে লাগবে ৮ রান’, চিৎকার করে বললেন শ্রীধরন শ্রীরাম। স্টান্স নিলেন সৌম্য সরকার। আর্ম থ্রোয়ারে বল ছুড়লেন শ্রীরাম। গতিময় এক ইয়র্কার। পড়িমরি করে ব্যাট নামিয়ে ব্লক করতে পারলেন সৌম্য। শ্রীরাম বেশ বিরক্ত হলেন। কৈফিয়তের ভঙ্গিতে সৌম্য বললেন, “বুঝতে পারিনি ইয়র্কার হবে।” বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট এবার বিরক্তি নিয়েই বললেন, “বোলার কি তোমার কাছ থেকে শুনে বল করবে? এই বলটা একটু আগে পিক করে খানিকটা জায়গা বানিয়ে নাও। তাহলেই হাত খুলতে পারবে, অফ সাইডে বা মিড অফ দিয়ে কিংবা অন সাইডেও খেলতে পারবে।” 

সেই দাওয়াই কাজে লাগল তাৎক্ষনিক। পরের বলটি আবার ইয়র্কার ধরনের। এবার একটু জায়গা বানিয়ে মিড অফের ওপর দিয়ে তুলে মারলেন সৌম্য। শ্রীরাম এবার সন্তুষ্ট, “গ্রেট শট…এবার হলো তো!” 

ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডের নেটে যখন সৌম্যর শটের পরিধি বাড়ানোর কাজ করছিলেন শ্রীরাম, পাশের তিনটি নেটে তখন ব্যাটিং কসরত করছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলামরা। নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে ব্রিজবেনে আসার পর বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন ছিল রোববার। সেখানে টেলএন্ডারদের ব্যাটিং অনুশীলনে দেখা গেল বাড়তি গুরুত্ব। 

নেট অনুশীলনের চারটি উইকেটই সবুজ ঘাসে ভরা। ব্রিজবেনের চেনা বাউন্স ও গতি তো আছেই। চ্যালেঞ্জিং সেই উইকেটে ইয়াসির আলি চৌধুরি, আফিফ হোসেনরা অনুশীলন করলেন পাল্টা আক্রমণের। আরেক নেটে স্কুপে হাত পাকানোর কাজ করলেন নুরুল হাসান সোহান। তবে তারা অল্প সময়ই ছিলেন নেটে। ঐচ্ছিক অনুশীলনে আসেননি সাকিব আল হাসান, লিটন দাসরা। লম্বা সময় ব্যাটিং করলেন বোলাররা। 

অনুশীলন শেষে ব্যাটিং কোচ জেমি সিডন্স জানালেন, প্রয়োজনের সময় বোলারদের কাছ থেকেও ব্যাটিংয়ে কার্যকর অবদান চায় দল। 

“ওদেরকে (বোলাররা) নিয়ে আলাদা নেটে কাজ করলাম। টার্গেট ব্যাটিং করা হলো, ইয়র্কার ও স্লো বোলিংয়ে তাদের স্কিল নিয়ে কাজ হলো। ব্যাটসম্যানদেরও যেমন থ্রো ডাউন করানো হয়, আন্ডার আর্ম খেলানো হয়, সেরকমই স্কিল সেশন হলো ওদের। কালকে রাতে ওদের লম্বা ফ্লাইট ছিল, তাই খুব বেশি কাজ করাতে চাইনি।” 

“সাম্প্রতিক সময়ে ওদের খুব বেশি কিছু করার সুযোগ হয়নি, কারণ টপ অর্ডার ১০ ওভার পর্যন্ত ভালো করেছে। ওদের নিয়ে কাজ করে যেতে হবে, কারণ কোনো একটা পর্যায়ে ওদের ব্যাটিং লাগবে আমাদের।” 

মূল ব্যাটসম্যানদের মধ্যে সৌম্যর নেট সেশন পর্বই নজর কাড়ল বেশি। বাইরে থেকে এসে বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা করে নেওয়া ব্যাটসম্যানের সঙ্গে নেটে অনেকটা সময় কাটালেন শ্রীরাম। নিজেই তিনি আর্ম থ্রোয়ারে বিভিন্ন রকম শটের অনুশীলন করালেন বাঁহাতি ব্যাটসম্যানকে। 

এক পর্যায়ে ক্রমাগত শুধু শর্ট বল তাক করা হলো সৌম্যর দিকে। কোনোটি বুক উচ্চতায়, কোনোটি কাঁধ কিংবা নাক উচ্চতায়। তিনি একের পর এক পুল খেলে গেলেন। টাইমিং ঠিকঠাক করতে পারলেন বেশির ভাগ পুল শটেই। একটি বাউন্সারে সৌম্যর র‌্যাম্প শট দেখে শ্রীরাম তো উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তিনি জানেন কিনা কে জানে, একসময় এসব র‌্যাম্প বা পেরিস্কোপ কত ভালো খেলতেন সৌম্য! 

বাউন্সারের ফাঁকেই হুট করে একটি ফুল লেংথ বল ছুড়লেন শ্রীরাম। সৌম্য প্রস্তুত ছিলেন এবার। তার দারুণ স্ট্রেট ড্রাইভে মুগ্ধতার উচ্চারণ শোনা গেল টেকনিকাল কনসালটেন্টের কণ্ঠে। 

সৌম্যর স্কোরিংয়ের বিকল্প বাড়ানো, ক্রিজের ব্যবহার করে ভালো বলেও চার-ছয় আদায় করা ও গ্যাপ বের করা নিয়েই মূল কাজ করছিলেন শ্রীরাম। এই প্রস্তুতি পর্বই বলে দিচ্ছিল, সৌম্যকে নিয়ে পরিকল্পনা আছে দলের। 

জেমি সিডন্সের কথায়ও সেটিরই প্রকাশ ফুটে উঠল। প্রথম ঘোষিত বিশ্বকাপ দল থেকে সাব্বির রহমানের বদলে সৌম্যকে নেওয়ার কারণ তিনি বোঝাতে চাইলেন অল্প কথায়। 

“১৭ জন ক্রিকেটার ছিল আমাদের দলে, ১৫ জন নিতে হতো। দলের স্বার্থে যে সিদ্ধান্ত নেওয়া আমাদের প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছি আমরা। সৌম্য অবশ্যই ৫০ বা ৬০ রানের ইনিংস খেলেনি, সেটা সাব্বিরও করেনি। আশা করছি, সামনের দুটি প্রস্তুতি ম্যাচে ও বিশ্বকাপে দলের সবাইকে ভালো ফর্মে পাওয়া যাবে।” 

সৌম্যর অন্তর্ভুক্তির পর বাংলাদেশের সম্ভাব্য উদ্বোধনী জুটি নিয়েই সম্ভবত এখন সবচেয়ে বেশি কৌতূহল। নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচে চারটি উদ্বোধনী জুটি খেলানো হয়েছে। সামনে এখন বিশ্বকাপের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ। 

এই দুই ম্যাচে বিশ্বকাপ একাদশের ব্যাটিং কম্বিনেশনের সম্ভাব্য ছবি পরিস্কার হবে বলে জানালেন সিডন্স। 

“আমাদের চূড়ান্ত ব্যাটিং অর্ডারের অনেকটা কাছাকাছি কিছুই দেখা যাবে এই দুই ম্যাচে। আমাদের দল খুব বেশি টি-টোয়েন্টি জেতেনি, চেষ্টা করছে সেরা সমন্বয় ও সেরা ব্যাটিং অর্ডার বাছাই করতে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি (ব্যাটিং অর্ডার চূড়ান্ত করার)।” 

“খুব কাছাকাছি আমরা এখন (ব্যাটিং অর্ডার ঠিক করার)। আমাদের ভাবনায় আমরা সঠিক আছি বলেই মনে করি। প্রয়োজন এখন কোনো একজনের নিজেকে মেলে ধরার ও বড় স্কোর গড়ার।” 

নিউ জিল্যান্ডে সবশেষ ম্যাচটিতে ইনিংস ওপেন করেন সৌম্য সরকার। খুব ভালো কিছু তিনি করতে পারেননি। ওপেনিংয়ে ব্যর্থ কম-বেশি সবাই। অবিশ্বাস্যভাবে, সবশেষ ৩০ ইনিংসে উদ্বোধনী জুটিতে ফিফটি পায়নি বাংলাদেশ। 

তবে রোববার অ্যালান বোর্ডার ফিল্ডে দলের অনুশীলন দেখে সিডন্সের আশা, টপ অর্ডারে বড় রান এই এলো বলে। 

“ওরা ভালোভাবেই এগোচ্ছে। কিছু নতুন ক্রিকেটার আনা হয়েছে, যারা বেশ কিছুদিন ধরে দলে ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে আবার মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে তাদের। তবে আমার মনে হয়, আজকেই উদাহরণ দেখা গেছে যে ওরা কেমন করছে। খুব ভালোভাবেই হচ্ছে সবকিছু। টপ অর্ডারে শিগগিরই বড় কিছু স্কোর দেখার আশা করছি।” 

সিডন্সের আশা পূরণের অপেক্ষার আরেকটি দিন সোমবার। বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।