ব্রিজবেনে আরও দুই দিন বাংলাদেশ, হোবার্টে স্রেফ দুটি অনুশীলন সেশন
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের ভেন্যুতে কেবল দুটি অনুশীলন সেশন আছে বাংলাদেশ দলের।
বিশ্বকাপের আগে বাংলাদেশের দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ শেষ। তবে ব্রিজবেনে প্রস্তুতি পর্ব শেষ হয়নি এখনও। এই শহরে আরও দুই দিন থাকতে হবে দলকে। আইসিসির ব্যবস্থাপনাই এরকম যে, বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচের ভেন্যু হোবার্টে অনুশীলন সেশন আছে মাত্র দুটি। দুই সেশনের একটি আবার ভ্রমণের দিনেই।
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজ শেষ করে বাংলাদেশ দল ব্রিজবেনে পা রাখে আইসিসির দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে। আফগানিস্তানের বিপক্ষে সোমবার ব্যাটিং ব্যর্থতায় স্রেফ উড়ে যায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবারের ম্যাচটি ভেস্তে যায় বৃষ্টিতে। দুটি ম্যাচ শেষ হলেও এখানে আরও দুটি অনুশীলন সেশন আছে বাংলাদেশের।
এমনিতে প্রস্তুতি পর্ব শেষে মূল টুর্নামেন্টের শহরেই চলে যাওয়ার কথা দলগুলির। তবে বাংলাদেশ প্রথম ম্যাচের ভেন্যু হোবার্টে পা রাখবে শনিবার। আইসিসি এভাবেই সাজিয়েছে সূচি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বুধবার ম্যাচটি হলে হয়তো বৃহস্পতিবার দিনটি বিশ্রামে কাটাত বাংলাদেশ দল। তবে ম্যাচ খেলার ধকল না হওয়ায় এখন তারা পূর্ণাঙ্গ অনুশীলন সেশন করবে অ্যালান বোর্ডার ক্রিকেট মাঠে। আরও একটি অনুশীলন সেশন আছে শুক্রবারও।
এমনিতে ম্যাচ ভেন্যুতে যত বেশি সম্ভব অনুশীলন করতে চায় সব দলই। তবে বাংলাদেশ দলের জন্য আইসিসির যে ব্যবস্থাপনা, তাতে খুব বেশি আপত্তির কিছু দেখছেন না টিম অপারেশন্স ম্যানেজার রাবিদ ইমাম।
“আইসিসিই আসলে এভাবে সূচি সাজিয়েছে। সুনির্দিষ্ট কারণ দেখায়নি। ম্যাচ ভেন্যুতে আগেভাগে যেতে পারলে অবশ্যই ভালো। তবে এখানে আমাদের অনুশীলন যেখানে হবে, অ্যালান বোর্ডার ক্রিকেট মাঠ আর অস্ট্রেলিয়ার ন্যাশনাল ক্রিকেট সেন্টারের সুযোগ-সুবিধা গোটা ক্রিকেটে বিশ্বেই আদর্শ বলে ধরে নেওয়া হয়। কালকে (বৃহস্পতিবার) নেটের পাশাপাশি সেন্টার উইকেটও পাওয়ার কথা আমাদের। অনুশীলনে তাই কোনো ঘাটতি থাকবে না আশা করি।”
শনিবার সকালে ব্রিজবেন থেকে প্রায় ৩ ঘণ্টার বিমান ভ্রমণ শেষে হোবার্টে পা রাখবে দল। রাবিদ ইমাম বললেন, সূচিতে অনুশীলন আছে সেদিনও।
“সেদিন খুব ভোরে ফ্লাইট আমাদের। হোবার্টে পৌঁছে সারাদিন বিশ্রাম নিয়ে রাতে অনুশীলন করার কথা আমাদের। এরপর ম্যাচের আগের দিন তো অনুশীলন আছেই। আশা করি, পর্যাপ্ত প্রস্তুতিই হবে আমাদের।”
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ সোমবার হোবার্টে। ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। লড়াটি হবে প্রথম পর্ব পেরিয়ে আসা একটি দলের সঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে গতবারের আরেক ফাইনালিস্ট নিউ জিল্যান্ডের ম্যাচ দিয়ে বিশ্বকাপের মূল পর্ব শুরু শনিবার।
