২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে শেষ ওভারে স্পিনার আনলেন বাবর

শেষ ওভারে ‘নো’ বলে ছক্কাসহ ১৬ রান দেন বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ।

যে কারণে শেষ ওভারে স্পিনার আনলেন বাবর

শেষ ওভারে বোলিং করেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ (ডানে)।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 09:02 PM

Updated : 23 Oct 2022, 09:16 PM

শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ১৬ রান। যা ঠেকানোর দায়িত্ব দেওয়া হলো বাঁহাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজকে। পরিস্থিতির দাবি মেটাতে স্পিনার থেকে মিডিয়াম পেসার বনে গেলেন নাওয়াজ। তবু পারেননি পাকিস্তানকে বাঁচাতে। শেষ বলে ম্যাচ জিতে নেয় ভারত।

মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার শ্বাসরুদ্ধকর লড়াইয়ে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৪ উইকেটে হেরেছে পাকিস্তান।

ম্যাচ শেষে সঙ্গত কারণে আলোচনায় আসছে শেষ ওভারে স্পিনার নাওয়াজকে দিয়ে বোলিং করানোর প্রসঙ্গ। অধিনায়ক বাবর আজম দিয়েছেন ব্যাখ্যা। মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়ার তাগিদে পেসারদের ব্যবহার করে ফেলার কথা বলেছেন তিনি।

পাকিস্তানের ১৫৯ রানের জবাবে নাসিম শাহ, হারিস রউফদের বোলিংয়ে মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া শুরুতে রয়েসয়ে খেলে প্রাথমিক ধাক্কা সামাল দেন। ইনিংসের ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৯০ রান।

পরে এক ওভারে নাওয়াজ হজম করেন ৩ ছক্কা। বিপদ আঁচ করতে পেরে জুটি ভাঙার জন্য পেসারদের আক্রমণে ফেরান বাবর। কিন্তু সুফল পাননি। বরং শাহিন আফ্রিদির করা ১৮তম ওভারে ১৭ এবং হারিসের করা ১৯তম ওভারে ১৫ রান তুলে ম্যাচ জয়ের জোর সম্ভাবনা জাগায় ভারত।

শেষ ওভারে প্রথাগত স্পিন না করে মিডিয়াম পেস করার সিদ্ধান্ত নেন নাওয়াজ। প্রথম বলেই ফিরিয়ে দেন পান্ডিয়াকে। তবে ওভারের চতুর্থ ডেলিভারিতে কোমরের ওপর উচ্চতার নো বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন কোহলি। ফ্রি হিট বলে বাই থেকে আসে আরও ৩ রান। সমীকরণ নেমে যায় ২ বলে ২ রানে।

তখন আবার স্পিন করেন নাওয়াজ। সেই বলে স্টাম্পিং হন দিনেশ কার্তিক। শেষ বলে লফটেড ড্রাইভে মিড-অফ ফিল্ডারের মাথার ওপর দিয়ে মেরে এক রান নিয়ে ভারতীয় শিবিরে আনন্দের ফোয়ারা বইয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন।

উইকেটের খোঁজে পেসারদের ওভার সব শেষ হয়ে যাওয়ায় শেষ ওভারে নাওয়াজকে দেওয়া ছাড়া আর উপায় ছিল না বাবরের সামনে। ম্যাচ শেষে সে কথাই জানালেন পাকিস্তানের অধিনায়ক।

“হ্যাঁ (শেষ ৩-৪ ওভারের বোলার ঠিক করা খুব কঠিন)। আমরা তখন চিন্তা করছিলাম উইকেট নিতে হবে। কারণ উইকেট পড়ছিল না তখন। তাই আমরা (আগেই) মূল বোলারদের ব্যবহার করি এবং শেষে নাওয়াজকে দিতে হয়।”

শুরুতে ভারতকে চেপে ধরলেও শেষ পর্যন্ত জিততে না পারার হতাশা রয়েছে বাবরের। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে হাতের মুঠোয় থাকা জয় ছিনিয়ে নেওয়া কোহলি ও পান্ডিয়াকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি পাকিস্তান অধিনায়ক।

“আমরা বোলিংয়ে ভালো শুরু করেছিলাম। পূর্ণ কৃতিত্ব হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলির। তারা মোমেন্টাম বদলে ভারতকে ম্যাচ জিতিয়ে দিয়েছে। নতুন বলে একদমই সহজ ছিল না। আমরা যথাযথভাবেই এগোচ্ছিলাম। কিন্তু ১০ ওভার পর তারা জুটি গড়ল এবং সেখানেই ম্যাচটি আমাদের হাত থেকে ছুটে গেল।”

“অবশ্যই আমাদের জেতার সুযোগ ছিল। (দশ ওভার পর) ছেলেদের বলছিলাম নিজেদের ওপর বিশ্বাস রাখতে, শতভাগ দিয়ে পরিকল্পনা অনুযায়ী খেলতে। এখানে আবারও কোহলি ও হার্দিককে কৃতিত্ব দিতে হয়। তারা দুজন খুব ভালো ব্যাটিং করেছে।”