‘বাবরের অধিনায়কত্বের যেন সমালোচনা করা যায় না’
ভারতের বিপক্ষে ম্যাচে বাবর আজমের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ ওভার মোহাম্মদ নাওয়াজকে দিয়ে বোলিং করানোয় সমালোচিত হচ্ছে বাবর আজমের অধিনায়কত্ব। উত্তরসূরিকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও। একের পর এক বড় ম্যাচে বাবর নেতৃত্বে ভুল করছেন বলে মনে করেন তিনি।
সুপার টুয়েলভের ম্যাচে গত রোববার মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ বলে হারে পাকিস্তান। অথচ ১৫৯ রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে ৩১ রানে ভারতের ৪ উইকেট তুলে নিয়েছিল তারা।
শেষ তিন ওভারে ভারতের দরকার ছিল ৪৮ রান, শেষ ওভারে ১৬। বাঁহাতি স্পিনার নাওয়াজের নাটকীয় শেষ ওভারে সেই সমীকরণ মিলিয়ে ৪ উইকেটের জয় পায় ভারত। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে তাদের নায়ক বিরাট কোহলি।
পাকিস্তানের পিটিভি স্পোর্টস-এ আলাপচারিতায় সোমবার বাবরের নেতৃত্বের কড়া সমালোচনা করেন হাফিজ। মাঝের ওভারগুলোয় ভারত যখন রান করতে সংগ্রাম করছিল, স্পিনারদের কোটা তখন কেন শেষ করা হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি।
“ব্যাপারটা এমন যে, বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে যেন সমালোচনা করা যায় না। এই নিয়ে টানা তৃতীয় বড় ম্যাচে আমরা তার অধিনায়কত্বে খুঁত দেখলাম। কিন্তু আমরা শুনে আসছি, ৩২ বছর বয়সে আসতে আসতে সে শিখে ফেলবে।’
“যখন ভারত ৭ থেকে ১১ ওভারের মধ্যে প্রতি ওভারে ৪ রান করে তুলতেও ভুগছিল, তখন বাবর স্পিনারদের কোটা শেষ করেনি কেন?”
