২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আসিথা, পাথিরানা ও ডিকভেলাকে অস্ট্রেলিয়ায় ডাকল শ্রীলঙ্কা

বদলি প্রয়োজন হলে তাদের মূল দলে নেওয়া হবে।

আসিথা, পাথিরানা ও ডিকভেলাকে অস্ট্রেলিয়ায় ডাকল শ্রীলঙ্কা

বাঁ থেকে আসিথা ফার্নান্দো, মাথিশা পাথিরানা ও নিরোশান ডিকভেলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 11:54 PM

Updated : 26 Oct 2022, 11:58 PM

টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক ক্রিকেটারের চোটে বির্পযস্ত শ্রীলঙ্কা অপেক্ষমান তালিকায় নতুন তিন জনকে যোগ করেছে। অস্ট্রেলিয়ায় যাচ্ছেন দুই পেসার আসিথা ফার্নান্দো, মাথিশা পাথিরানা ও কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।

বিশ্বকাপে বদলি প্রয়োজন হলে তাদের মূল দলে যুক্ত করা হবে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) বুধবার তাদের টুইটার পেইজে বিষয়টি জানায়।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাঁহাতি পেসার বিনুরা ফার্নান্দো চোট পাওয়ার পরদিনই এলো এই ঘোষণা। মঙ্গলবার ওই ম্যাচে প্রথম ওভারে পাঁচ বল করার পরই মাঠ ছাড়েন বিনুরা।

হ্যামস্ট্রিং সমস্যায় ভুগছেন এই ক্রিকেটার। তিনি দলে ডাক পেয়েছিলেন দিলশান মাদুশাঙ্কার বদলি হিসেবে।    

বিশ্বকাপ শুরুর আগে থেকেই খেলোয়াড়দের চোট ভীষণ ভোগাচ্ছে শ্রীলঙ্কাকে। আসর শুরুর আগে চোটে ছিটকে যান বাঁহাতি পেসার মাদুশাঙ্কা। প্রাথমিক পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে বিশ্বকাপ শেষ হয়ে যায় আরেক পেসার দুশমন্থ চামিরার।

চোটের কারণে আরেক পেসার প্রমোদ মাদুশান মাঠের বাইরে আছেন আমিরাত ম্যাচের পর থেকে।

চোট থাবা বসিয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং বিভাগেও। প্রাথমিক পর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া দানুশকা গুনাথিলাকা ছিটকে যাওয়ার পর তার বদলি হিসেবে দলে ডাক পান আশেন বান্দারা। সুপার টুয়েলভে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোটে পাথুম নিসানকা না খেলায় একাদশে সুযোগ পান তিনি।

ওই ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়নরা জেতে ৯ উইকেটে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা হেরে যায় ৭ উইকেটে। পরবর্তী ম্যাচে আগামী শনিবার সিডনিতে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে লঙ্কানরা।