২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি বাঁকবদলের সাক্ষী সাকিব

বিশ্ব টি-টোয়েন্টি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ, দেড় দশকে আট আসরের সবগুলো খেলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

শাহাদাৎ আহমেদ ভূঁইয়া

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 10:04 AM

Updated : 24 Oct 2022, 10:22 AM

পনের বছর আগে শুরুর লগ্নে গন্তব্য ছিল অজানা। এমনকি ২০০৭ সালে ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ’ যখন শুরু হলো, তখন তার গায়ে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ নামটাও যোগ হয়নি। ডাকা হতো ‘বিশ্ব টি-টোয়েন্টি’ নামে। ভারত-পাকিস্তান শ্বাসরুদ্ধকর ফাইনাল দিয়ে পর্দা নামা সেই আসরের পর শুধু সামনেই এগিয়েছে টি-টোয়েন্টির বৈশ্বিক লড়াই, আর জমজমাট হয়েছে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের এই লড়াই। 

সেই শুরু থেকে এখন পর্যন্ত নাম বদলে টি-টোয়েন্টি বিশ্বকাপে রূপ নেওয়া প্রতিটি আসরে খেলেছেন বিশ্বের মাত্র দুজন ক্রিকেটার- সাকিব আল হাসান ও রোহিত শর্মা। অস্ট্রেলিয়ায় চলমান আসরে দুজনই নিজ নিজ দলের অধিনায়কত্ব করছেন। 

ভারত অধিনায়ক কীর্তিটা গড়ে ফেলেছেন আগের দিনই, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। হোবার্টে সোমবার নেদারল্যান্ডসের বিপক্ষে খেলতে নেমে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে খেলার রেকর্ডে রোহিতের পাশে বসলেন সাকিব। 

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে ওঠা সাকিব অন্য সব সংস্করণের মতো ২০ ওভারের ক্রিকেটেও দারুণ সব পারফরম্যান্স উপহার দিয়েছেন। আর বিশ্বকাপে সব আসর খেলার পাশাপাশি অর্জনের ভাণ্ডারও করেছেন সমৃদ্ধ। 

দেড় দশক আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরে প্রথম ম্যাচেই জাত চেনান সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাঁহাতি স্পিনে ৪ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। ভারতের মাটিতে ষষ্ঠ আসরের আগ পর্যন্ত এটিই ছিল বিশ্বকাপে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড। 

২০১৬ সালের বিশ্বকাপে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২০ রান দিয়ে ৫ উইকেট পান মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত বিশ্বকাপে যা বাংলাদেশের সেরা বোলিং। ওমান ও সংযুক্ত আরব আমিরাতে গত আসরে ওমানের বিপক্ষে ৯ রানে ৪ উইকেট নিজেকে ছাড়িয়ে যান সাকিব। এখন সেটা আছে দুই নম্বরে।  

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে সাকিবের সেরা পারফরম্যান্সের দেখা মেলে ২০১২ আসরে। পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে ৮৪ রানের ইনিংস খেলেন তিনি। পরের আসর পর্যন্তও এটা ছিল বিশ্বকাপে বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস। ২০১৬ সালে সেঞ্চুরি হাঁকিয়ে তাকে টপকে যান তামিম ইকবাল।

সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ব্যাট হাতে ৬৯৮ রানের সঙ্গে ৪১ উইকেট শিকার করেছেন সাকিব। এই সংস্করণে বিশ্ব আসরে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারও। রানের হিসেবে তিনি রয়েছেন আট নম্বরে। চলতি আসরে ব্যাটিংয়ের তালিকায় কয়েক ধাপ ওপরে ওঠার হাতছানি তার সামনে। 

বিশ্বকাপের আগের সাত আসরে সাকিব আল হাসানের পরিসংখ্যান

আসর ম্যাচ রান উইকেট
২০০৭ ৫ ৬৭ ৬
২০০৯ ২ ১৫ ২
২০১০ ২ ৭৫ ৪
২০১২ ২ ৯৫ ০
২০১৪ ৭ ১৮৬ ৮
২০১৬ ৭ ১২৯ ১০
২০২১ ৬ ১৩১ ১১

সাকিব-রোহিতের পাশে নাম উঠতে পারতো বাংলাদেশের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদেরও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের সাত আসরেই খেলেছেন তিনি। কিন্তু ফর্ম হারিয়ে এবার আর দলে জায়গা পাননি।  

এছাড়া সব আসর না খেললেও ২০০৭ সালের প্রথম বিশ্বকাপে থাকা দুজন ক্রিকেটার রয়েছেন এবারের আসরেও। তারা হলেন ভারতের দিনেশ কার্তিক ও জিম্বাবুয়ের শন উইলিয়ামস। অবশ্য ২০০৭ সালের বিশ্বকাপ স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি উইলিয়ামসের।