‘ম্যাচ-আপ’ নিয়ে ভাবনায় ম্যাচই বের হয়ে যায়
বাংলাদেশের অধিনায়ক ও সবচেয়ে অভিজ্ঞ বোলার সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিংয়ে আসেন ১০ ওভারের পর।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডের প্রেসবক্সের ঠিক পাশেই ধারাভাষ্যকক্ষ। প্রেসবক্সে ধারাভাষ্যকারদের আনাগোনাও অহরহ। সংবাদকর্মীদের সঙ্গে আড্ডা, টুকটাক কথা বলতে তাদের আপত্তি নেই। তবে সাক্ষাৎকার কিংবা আনুষ্ঠানিক আলোচনায় তাদের মুখে কুলুপ চুক্তি সংক্রান্ত বাধ্যবাধকতায়। এর মধ্যেও সাবেক অস্ট্রেলিয়ান পেসার স্টুয়ার্ট ক্লার্ক কথা প্রসঙ্গে ছোট্ট করে বললেন, “ম্যাচ-আপের ব্যাপারটি অবশ্যই বুঝি। তবে সাকিব মনে হয় আরেকটু আগে বোলিংয়ে আসতে পারত…।”
ক্লার্ক হয়তো একটু রাখঢাক রেখে বলেছেন। নইলে এই ম্যাচের বাস্তবতায় যে কারও বলার কথা, সাকিব আল হাসান নিশ্চিতভাবেই একটু দেরিতে বোলিংয়ে এসেছেন।
বাংলাদেশের অধিনায়কই শুধু নন, সাকিব দলের সবচেয়ে অভিজ্ঞ বোলারও। নেতা হিসেবে যেমন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিস্থিতির গুরুত্ব তার দ্রুত অনুধাবন করার কথা, তেমনি বোলিংয়ের বড় ভরসা হিসেবেও দলের প্রয়োজনে তার সামনে এগিয়ে আসাই দায়িত্ব। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিডনিতে বৃহস্পতিবার সাকিব যখন বোলিংয়ে এলেন, ততক্ষণে ইনিংসের অর্ধেক শেষ হয়ে গেছে।
১০ ওভার শেষে বোলিংয়ে তিনি আসতেই পারেন অনেক সময়। কিন্তু এই ম্যাচের প্রেক্ষাপট সাকিবকে বল হাতে দেখতে চাওয়ার দাবি করছিল আরও আগে। প্রথম ওভারের পর দীর্ঘ সময় আর উইকেট পায়নি বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা রান তুলেছে বানের জলের মতো। কিন্তু সেই স্রোত থামানোর চেষ্টা না করে সাকিব নিজেকে রেখেছেন দূরে।
কারণটা বোধগম্যই, ‘ম্যাচ-আপ!’ উইকেটে ছিলেন দুই বাঁহাতি ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও রাইলি রুশো। বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের তাই বোলিংয়ে আসা ছিল যেন ‘নিষিদ্ধ।’
ডি কক, রুশো ও ডেভিড মিলারদের কথা ভাবনায় রেখেই এই ম্যাচে মেহেদী হাসান মিরাজকে একাদশে আনা হয়। পেসার তাসকিন আহমেদের সঙ্গে এই অফ স্পিনার বোলিং শুরু করেন নতুন বলে। এই পর্যন্ত খুব বেশি আপত্তি বা প্রশ্নের কিছু ছিল না। কিন্তু ডি কক ও রুশো যখন বাংলাদেশের বোলারদের গুঁড়িয়ে ঝড়ের বেগে রান তুলছেন, তখনও সাকিব নিজেকে আড়ালে রাখেন দীর্ঘসময়। ‘ম্যাচ-আপ’ অনুসরণের ভাবনা এতটাই প্রবল যে ম্যাচের পরিস্থিতি বুঝে পরিকল্পনায় বদল আনার কোনো তাগিদই দেখা যায় না।
শেষ পর্যন্ত তিনি যখন বল হাতে নিলেন বা বাধ্য হলেন, স্কোরবোর্ডে দক্ষিণ আফ্রিকার রান তখন ১০ ওভারে ১ উইকেটে ৯১। দুই ব্যাটসম্যানই থিতু এবং ভয়ঙ্কর রূপে আবির্ভুত হয়েছেন ততক্ষণে। অমন বিধ্বংসী চেহারায় থাকা দুই ব্যাটসম্যানের সামনে শুধু সাকিব কেন, বিশ্বের যে কোনো বোলারকেই কঠিন পরীক্ষায় পড়তে হয়। হলোও তা-ই। সাকিবের প্রথম ওভারে রান আসে ২১।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন ‘ম্যাচ-আপ’ তুমুল আলোচিত। বাংলাদেশের ক্রিকেটেও চলছে এই শব্দ কিংবা এই কৌশলের সগর্ব বিচরণ। শ্রীধরন শ্রীরাম টেকনিক্যাল কানসালটেন্ট হয়ে আসার পর এটির দাপট বেড়েছে আরও। তবে বাংলাদেশের ক্রিকেটে এটির ব্যবহার নতুন কিছু নয়। বিশেষ করে, বোলিংয়ের কার্যকারিতার ক্ষেত্রে অধিনায়কের ভাবনায়।
সেই মাশরাফি বিন মুর্তজা থেকে শুরু করে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ ও সাকিব, সবাইকেই দেখা গেছে এই ভাবনায় বশ। এখনকার মতো প্রায় সব ক্ষেত্রেই ‘ম্যাচ-আপ’ এতটা গুরুত্ব তখন পায়নি বটে। তবে বাঁহাতি ব্যাটসম্যানের সামনে বাঁহাতি স্পিনার, ডানহাতি ব্যাটসম্যানের জন্য অফ স্পিনারকে বোলিংয়ে আনায় অনাগ্রহ দেখা গেছে বাংলাদেশের এই সব অধিনায়কেরই।
সাকিবের একটি ঘটনার উদাহরণ তো প্রায়ই উঠে আসে এই ‘ম্যাচ-আপ’ নিয়ে আলোচনায়। ২০১৭ বিপিএলের ফাইনালে নিজের প্রথম ২ ওভারে স্রেফ ৭ রান দিয়ে ১ উইকেট নেন ঢাকা ডায়নামাইটস অধিনায়ক সাকিব। কিন্তু পরে শেষ ওভারের আগে নিজেকে আর বোলিংয়েই আনেননি তিনি। কারণ, বাঁহাতি ক্রিস গেইল ব্যাট করছিলেন! পরে ইনিংসের একদম শেষ ওভারে এসে হজম করেন তিন ছক্কা।
ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেট, দ্বিপাক্ষিক সিরিজ হোক বা বড় টুর্নামেন্ট, এভাবেই ‘ম্যাচ-আপ’ ভাবনায় বুঁদ থেকে ম্যাচের নিয়ন্ত্রণই হাত থেকে ছেড়ে দেওয়ার নজির বাংলাদেশের ক্রিকেটে কম নেই।
এই সময়ের বাস্তবতায় ‘ম্যাচ-আপ’ গুরুত্বপূর্ণ অবশ্যই। কিন্তু এটিই কি শেষ কথা? পরিস্থিতি দাবি করলেও কি এই বৃত্ত ভাঙার সুযোগ নেই! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর এই প্রশ্ন ছুটে গেল সাকিবের দিকে। বাংলাদেশ অধিনায়ক ম্যাচ-আপের বাস্তবতার কথা বললেন, পাশাপাশি তুলে ধরলেন তার ভাবনায় অন্য কিছু কারণও।
“এগুলো (ম্যাচ-আপ) নিয়ে তো চিন্তা একটু করতেই হয়। কোনোদিন সফল হব, কোনোদিন হব না। সাইডের বাউন্ডারি একটু ছোট ছিল, আমাদের অনেক কিছু চিন্তা করতে হচ্ছিল…। যেহেতু মোস্তাফিজ ও আমার বোলিংয়ের প্যাটার্নটা একইরকম, তাই দুজন এক পাশ থেকে করতে পারাটা কঠিন। আমাদের ওখানেও মানিয়ে নিতে হয়। এমন নয় যে ওরা ছিল বলেই বোলিং করিনি।”
“এমনও পরিস্থিতি ছিল, যখন আমার ৭ম কিংবা ৮ম ওভারে আসার কথা ছিল না। কিন্তু পাশাপাশি বাউন্ডারি বা সবকিছু চিন্তা করার পরে মনে হয়েছে, না আরেকটু পরে আসলে ভালো হয় বা একটি উইকেট পড়লে ভালো হয়। দূর্ভাগ্যবশত হয়নি। আমাদের পরিকল্পনায় খুব একটা ভুল ছিল না, কিন্তু বাস্তবায়নে বেশ কিছু ভুল করেছি। ওই জায়গাগুলোয় উন্নতি করার অনেক সুযোগ আছে।”
সাকিব অবশ্য এখানে পাশে পেলেন প্রতিপক্ষের নায়ককে। তিনি নিজে বোলিংয়ে আসার আগেই রাইলি রুশোর ফিফটি হয়ে যায় এই ম্যাচে। শেষ পর্যন্ত তিনি বাংলাদেশের বোলিং গুঁড়িয়ে খেলেন ৫৬ বলে ১০৯ রানের ইনিংস। সাকিবের মতো এমন অভিজ্ঞ বোলারকে এত পরে বোলিংয়ে দেখে অবাক হয়েছেন কিনা, এই প্রশ্নে রুশো বললেন তার ভাবনাও একইরকম।
“আমার মনে হয়, সে খুব ভালোভাবেই সামলেছে। যেভাবে নিজের অস্ত্রগুলো কাজে লাগানো যায়, সে চেষ্টা করেছে। যদিও সে বিশ্বমানের বোলার, সেটা ডানহাতি-বাঁহাতি সবার ক্ষেত্রেই। তবে তার জায়গায় আমি হলেও হয়তো একই কাজ করতাম, এরকম অবস্থায় রাইলি রুশো ও ডি ককের সামনে বোলিং করতাম না।”
“সে আশা করছিল যে অন্য কোনো বোলার একটা ব্রেক থ্রু এনে দেবে। দুর্ভাগ্যবশত সেটা হয়নি। তার বোলিংয়ে আসতে যত সময় লেগেছে, তার ওপর আমরা ততটাই দাপুটে কিংবা আগ্রাসী হতাম।”
রুশোর কথার ভেতরেই আসলে মিশে আছে মূল ব্যাপারটি। সাকিবের মতো বিশ্বমানের বোলারের তো ডান-বাঁ ভাবনায় এতটা গভীরভাবে ডুবে থাকার কারণ নেই!
