২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনের জবাব আগুনেই দিতে চায় বাংলাদেশ

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ দল।

সিডনি থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 09:07 PM

Updated : 26 Oct 2022, 09:23 PM

একপাশ থেকে গোলা ছুঁড়বেন আনরিক নরকিয়া, আরেক পাশ থেকে ধসিয়ে দিতে চাইবেন কাগিসো রাবাদা। বাঁহাতি পেসের বৈচিত্রে পরীক্ষা নেবেন ওয়েইন পার্নেল, কাঁপিয়ে দিতে চাইবেন লুঙ্গি এনগিডি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্মুখী পেস সামলানোর এই চ্যালেঞ্জ বাংলাদেশের অপেক্ষায়। তাতে অবশ্য দল ভড়কে যাচ্ছে না বলেই দাবি সাকিব আল হাসানের। পাল্টা আক্রমণে জবাব দেওয়ার ঘোষণা দিয়ে রাখলেন বাংলাদেশ অধিনায়ক। 

ম্যাচের আগের দিন অনুশীলনে অবশ্য তেমন আগ্রাসী দেখা যায়নি বাংলাদেশের ব্যাটসম্যানদের। সিডনি ক্রিকেট গ্রাউন্ডের নেটে মূলত ব্যাটে বলের সংস্পর্শ, কিছু ড্রাইভ আর উদ্ভাবনী শটের অনুশীলন করতে দেখা গেল ব্যাটসম্যানদের। 

প্রোটিয়াদের বোলিং আক্রমণের সামনে এই মৌলিকত্বের আশ্রয়ও প্রয়োজন হবে কখনও কখনও। বিধ্বংসী পেস আক্রমণ তাদের। চার পেসার নিয়ে নিয়মিতই দল সাজাচ্ছে তারা। চারজনের ধরন আলাদা, কিন্তু কার্যকারিতা কাছাকাছি। অনেকের চোখেই এই পেস আক্রমণ বিশ্বের সেরা। তাদের সামনে সাবধানী কিছুটা হতেই হয়। 

তবে খেলাটা যখন টি-টোয়েন্টি, স্রেফ আত্মরক্ষা করে যাওয়া মানেই নিজের ও দলের পতন ডেকে আনা। প্রতিআক্রমণই অনেক সময় এখানে সেরা কৌশল। গত মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডেতে এই পেস আক্রমণকে জবাব দেওয়ার অভিজ্ঞতাও আছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। সংস্করণ ভিন্ন হলেও সেটিই এখন প্রেরণা।

সিডনিতে বৃহস্পতিবার এই দুই দলের লড়াইয়ে ছোট ছোট যে লড়াইগুলো শেষ পর্যন্ত চূড়ান্ত ফলের প্রভাবক হয়ে দাঁড়াতে পারে, সেখানে সবার ওপরে থাকবে সম্ভবত প্রোটিয়া পেসারদের সঙ্গে বাংলাদেশের টপ অর্ডারদের লড়াই। সাকিব এখানে ভরসা রাখছেন নিজেদের ওপর। 

“দক্ষিণ আফ্রিকার পেস বোলারদের সঙ্গে আমরা সম্প্রতি খেলেছি, ওয়ানডে যদিও। আইসিসি ইভেন্টেও যখনই খেলেছি... আমরা জানি যে ওরা কী আক্রমণ করতে পারে আমাদের। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সফল ছিলাম। এবারও ভিন্ন কিছু আশা করছি না।” 

“আমি আশা করব, ওই পরিকল্পনাগুলোর পাল্টা জবাব দিতে পারব এবং ব্যাটসম্যান যারা আছি, সবাই জানি যে আসলে কী (হতে পারে)। আমরা যদি ওদের পরিকল্পনার পাল্টা জবাব দিতে পারি, তাহলে আমি আশাবাদী যে আমরা এগিয়ে থাকব।