সূর্যকুমারের ঝড়ো ফিফটি ও দুটি ‘প্রথম’
বিস্ফোরক ইনিংসে নেদারল্যান্ডসের বিপক্ষে ভারতের জয়ের নায়ক সূর্যকুমার যাদব।
প্রথম ম্যাচে অল্পতে আউট হওয়া সূর্যকুমার যাদব জ্বলে উঠলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। ঝড়ো ব্যাটিংয়ে দলকে বড় সংগ্রহ এনে দিতে রাখলেন অগ্রণী ভূমিকা। যে ইনিংসে তিনি পেলেন দুটি ‘প্রথম’ এর স্বাদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সিডনিতে বৃহস্পতিবার রোহিত শর্মা, বিরাট কোহলি ও সূর্যকুমারের ফিফটিতে ১৭৯ রানের পুঁজি গড়ে ভারত। তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাব রাখেন সূর্যকুমার।
চার নম্বরে নেমে ২০৪ স্ট্রাইক রেটে ২৫ বলে তিনি খেলেন অপরাজিত ৫১ রানের বিস্ফোরক ইনিংস। যেখানে সাতটি চারের পাশে ছক্কা একটি। দলের ৫৬ রানে জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতেই।
রোহিতের (৩৯ বলে ৫৩) বিদায়ের পর ত্রয়োদশ ওভারের শুরুতে সূর্যকুমার যখন উইকেটে যান, ভারতের রান কেবল ২ উইকেটে ৮২।
সেখান থেকে তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে স্রেফ ৪৮ বলে অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটি উপহার দেন তিনি। ইনিংসের শেষ বলে লোগান ফন বিককে ছক্কায় উড়িয়ে পঞ্চাশ পূর্ণ করেন ডানহাতি ব্যাটসম্যান। কোহলি অপরাজিত থাকেন ৪৪ বলে ৬২ রান করে।
৩৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সূর্যকুমারের দশম ফিফটি এটি, আর বিশ্বকাপে ছয় ম্যাচে প্রথম।
গত আসরে চার ম্যাচের তিনটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তার সর্বোচ্চ রান ছিল ২৫। এবার প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আউট হয়েছিলেন ১৫ রান করে।
বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কারও তিনি জিতলেন প্রথমবার। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে সাতবার এই স্বাদ পেলেন ৩২ বছর বয়সী ক্রিকেটার।
