২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রশিদ-মুজিবকে পেছনে ফেলে দ্যুতিময় হাসারাঙ্গা

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে প্রথমবার ম্যাচ সেরা হলেন শ্রীলঙ্কার লেগ স্পিনিং অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2022, 03:14 PM

Updated : 01 Nov 2022, 03:14 PM

আঁটসাঁট বোলিংয়ে শুরু। পরের ওভারগুলোতেও ছন্দ ধরে রাখলেন ভানিন্দু হাসারাঙ্গা। তাকে যেন খেলতেই পারছিলেন না আফগানিস্তানের ব্যাটসম্যানরা। বাঁচা-মরার লড়াইয়ে মিতব্যয়ী বোলিংয়ে শ্রীলঙ্কার জয়ে বড় অবদান রাখলেন এই লেগ স্পিনার।

ব্রিজবেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে মঙ্গলবার আফগানদের ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা। ধনাঞ্জয়া ডি সিলভার অপরাজিত ফিফটিতে ৯ বল বাকি থাকতেই ১৪৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে তারা। এই জয়ে সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখল লঙ্কানরা।

আফগানিস্তানকে দেড়শ আগে আটকে রাখার পথে ৪ ওভার করে স্রেফ ১৩ রান দেন হাসারাঙ্গা। হজম করেননি একটি বাউন্ডারিও! সঙ্গে ধরেন ৩ শিকার।

আফগানদের দুই তারকা স্পিনার রশিদ খান ও মুজিব উর রহমান নেন দুটি করে উইকেট। তবে তাদের চেয়ে অনেক বেশি কার্যকর ছিলেন হাসারাঙ্গা। তার স্বীকৃতি হিসেবে ম্যাচ সেরার পুরস্কার জেতেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে যা তার দ্বিতীয়, অস্ট্রেলিয়া আসরে প্রথম।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫১ ম্যাচের ক্যারিয়ারে ষষ্ঠবার এই স্বীকৃতি জিতলেন ২৫ বছর বয়সী এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

অষ্টম ওভারে হাসারাঙ্গার হাতে বল তুলে দেন দাসুন শানাকা। নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩ রান দিয়ে ওভার শেষ করে তিনি। একাদশ ওভারে নিজের প্রথম শিকার ধরেন তিনি। ছক্কার চেষ্টায় মিডউইকেট সীমানায় ধরা পড়েন উসমান ঘানি। এই ওভারেও হয় ৩ রান।

চতুর্দশ ওভারে উইকেট পাননি। স্রেফ ৪ রান দিয়ে শেষ করেন ওভার। আফগানিস্তান ইনিংসের শেষ ওভারে তাকে আক্রমণে ফেরান শানাকা। অসাধারণ বোলিং উপহার দিয়ে মাত্র ৩ রান দিয়ে ২ উইকেট নেন হাসারাঙ্গা।

তৃতীয় বলে উইকেট ছেড়ে বেরিয়ে এসে তার গুগলিতে বোল্ড হন রশিদ। ইনিংসের শেষ বলে একই কাজ করে স্টাম্পড হন মুজিব।

বাউন্ডারিহীন থাকত না হাসারাঙ্গার বোলিং ফিগার। শেষ ওভারে একটি চার হজম করেই ফেলেছিলেন তিনি। মুখোমুখি হওয়া প্রথম বলেই তাকে রিভার্স সুইপ করে শর্ট থার্ডম্যানের মাথার ওপর দিয়ে পাঠান মুজিব। কিন্তু তখনও ফিল্ডার প্রস্তুত ছিলেন না, শানাকা ফাইন লেগের ফিল্ডারের জায়গা ঠিক করছিলেন। তাই আম্পায়ার বলটি ‘ডেড’ ডাকেন।

রান তাড়ায় তিন নম্বরে নেমে ৬৬ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন ধনাঞ্জয়া। ৪২ বলের ইনিংসে মারেন ২ ছক্কা ও ৬ চার।