২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুরোপুরি ফিট আফ্রিদি শতভাগ দিতে তৈরি’

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই শাহিন শাহ আফ্রিদিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

‘পুরোপুরি ফিট আফ্রিদি শতভাগ দিতে তৈরি’

উইকেট উদযাপন করছেন শাহিন শাহ আফ্রিদি (বাঁয়ে) ও বাবর আজম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 09:05 PM

Updated : 15 Oct 2022, 09:08 PM

শাহিন শাহ আফ্রিদিকে নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। প্রস্তুতি ম্যাচ খেলার মধ্য দিয়ে ফিটনেসের চূড়ান্ত পরীক্ষা দেবেন বাঁহাতি এই পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে অবশ্য তাকে সেরা অবস্থায় পাওয়ার ব্যাপারে আশাবাদী বাবর আজম। পাকিস্তান অধিনায়ক বললেন, পুরোপুরি ফিট আফ্রিদি নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছে। 

দলের বোলিং বিভাগের সেরা অস্ত্রকে লম্বা একটা সময় ধরে পাচ্ছে না পাকিস্তান। গত জুলাইয়ে হাঁটুতে পাওয়া চোটের কারণে এশিয়া কাপ, ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ এবং নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে খেলতে পারেননি আফ্রিদি। 

ইংল্যান্ডে পুনর্বাসন প্রক্রিয়া শেষে শনিবার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তার। এদিনই মেলবোর্নে সব দলের অধিনায়ককে নিয়ে ক্যাপ্টেনস ডে আয়োজন করে আইসিসি। 

ক্রিকেটের যেকোনো সংস্করণে ২০২১ সালের আগে কোনো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জয় ছিল না পাকিস্তানের। গত বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে সেই অপূর্ণতা মেটে তাদের, যেখানে বড় অবদান ছিল আফ্রিদির। 

এই পেসারের আগুনে প্রথম স্পেলেই মূলত জয়ের ভিত গড়া হয়ে যায় পাকিস্তানের। দুর্দান্ত দুটি ডেলিভারিতে নিজের প্রথম দুই ওভারে তিনি ফেরান রোহিত শর্মা ও লোকেশ রাহুলকে। পরে শেষ দিকে ফিরে শিকার করেন ফিফটি করা বিরাট কোহলির উইকেটও। 

ওই আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রথম ম্যাচ ছিল সেটি। এবারও পরস্পরের বিপক্ষে লড়াই দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচে আফ্রিদির খেলার সম্ভাবনা নিয়ে বাবরের কাছে স্বাভাবিকভাবেই প্রশ্ন ছিল সাংবাদিকদের। পাকিস্তান অধিনায়ক নিশ্চিত করলেন, বাঁহাতি ফাস্ট-বোলারের ফিট থাকার কথা। 

“নিশ্চিতভাবে (আফ্রিদিকে পাওয়া যাবে)। শাহিন ও ফখর দলে ফিরেছে। প্রথম ম্যাচের আগে আমরা ৬ দিন পাচ্ছি। আমরা প্রস্তুতি ম্যাচগুলো কাজে লাগাব। শাহিন পুরোপুরি ফিট এবং শতভাগ দেওয়ার জন্য উন্মুখ। তাকে খেলতে দেখার অপেক্ষায় আছি আমরা।” 

শুধু আফ্রিদি নয়, দলের পুরো পেস বোলিং বিভাগের ওপরই অগাধ আস্থা বাবরের। 

“পাকিস্তান সবসময় মানসম্মত পেস বোলার নিয়ে আসে। আমাদের ফাস্ট-বোলিং লাইনআপ খুবই শক্তিশালী। শাহিন ফেরায় আরও বেশি শক্তিশালী হবে। গত কয়েকটি ম্যাচে আমরা বিভিন্ন কম্বিনেশনে খেলেছি। নতুন বল ও ডেথ বোলিংয়ে হারিস রউফ অনেক উন্নতি করেছে। আমরা আলাদা আলাদা কম্বিনেশন নিয়ে মাঠে নামতে পারি।” 

আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। বাবর বললেন, দুই দলের এই দ্বৈরথ ঘিরে দর্শকদের মতো ক্রিকেটারদের মাঝেও কাজ করে উত্তেজনা।  

“ভারতের বিপক্ষে খেলা মানেই হাই-ইন্টেনসিটি ম্যাচ। সমর্থকরাও এই ম্যাচের অপেক্ষা থাকে, আমরাও মাঠের লড়াই উপভোগ করি। আমরা ভালো ক্রিকেট খেলা এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।” 

বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। আগামী সোমবার ইংল্যান্ড ও বুধবার আফগানিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচই হবে ব্রিজবেনে।