২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারুণ বোলিংয়ে ম্যাচের সেরা শাদাব

নেদারল্যান্ডসের বিপক্ষে পাকিস্তানের জয়ে বড় অবদান রেখে ম্যাচের সেরা শাদাব খান।

দারুণ বোলিংয়ে ম্যাচের সেরা শাদাব

প্রথম বলেই উইকেট নেওয়ার পর আরও দুটি উইকেট নেন শাদাব খান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 05:23 PM

Updated : 30 Oct 2022, 05:23 PM

পাওয়ার-প্লে শেষের পর আক্রমণে এসে প্রথম বলেই উইকেট প্রাপ্তির আনন্দে ভাসলেন শাদাব খান। ছন্দ ধরে রেখে নিয়ন্ত্রিত বোলিংয়ে পরে নিলেন আরও দুটি উইকেট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম জয়ে রাখলেন অগ্রণী ভূমিকা। সেই সঙ্গে এই লেগ স্পিনিং অলরাউন্ডার নিজেও পেলেন একটি প্রথম এর স্বাদ।

পার্থ স্টেডিয়ামে রোববার নেদারল্যান্ডসের ৯১ রান ৬ উইকেট আর ৩৭ বল হাতে রেখে পেরিয়ে যায় পাকিস্তান। ডাচদের একশর নিচে আটকে রাখতে ৪ ওভারে ২২ রান দিয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাদাব। ডট বল খেলান ১১টি।

এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন ২৪ বছর বয়সী ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে এই স্বাদ তিনি পেলেন প্রথমবার, সব মিলিয়ে ৭৯ ম্যাচের ক্যারিয়ারে নবমবার।

বিশ্বকাপে এটি তার দ্বিতীয় সেরা বোলিং। গত আসরে সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট সেরা।

এবার প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে উইকেটশূন্য থাকার পর টানা দুই ম্যাচে তিনি পেলেন তিনটি করে উইকেট। জিম্বাবুয়ের বিপক্ষে দলের ১ রানে হারের ম্যাচে তার প্রাপ্তি ছিল ২৩ রানে ৩ উইকেট।

নেদারল্যান্ডসের বিপক্ষে সপ্তম ওভারে বল হাতে পেয়ে টম কুপারকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন শাদাব। ডিপ মিডউইকেটে ক্যাচ দেন ব্যাটসম্যান। ওভার থেকে আসে স্রেফ ২ রান।

নিজের পরের ওভারে আবারও প্রথম বলে উইকেট নেন শাদাব। এবার তার গুগলিতে এলবিডব্লিউ হন ম্যাক্স ও’ডাওড। তৃতীয় বলেও এলবিডব্লিউয়ের আবেদন হয়। আম্পায়ার এ যাত্রায় সাড়া দেননি, লাভ হয়নি রিভিউ নিয়েও। এই ওভারেও আসে ২ রান।

একই স্পেলে পরের ওভারে একটি চার হজম করে শাদাব দেন ৯ রান। পঞ্চদশ ওভারে বোলিংয়ে ফিরে তিনি দ্বিতীয় বলে এলবিডব্লিউ করে দেন নেদারল্যান্ডসের সর্বোচ্চ স্কোরার কলিন আকারম্যানকে (২৭)। এই ওভারেও ৯ রান দিয়ে শেষ করেন নিজের কোটা।

শাদাবের পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিং করেন পাকিস্তানের পেসাররাও। পরে ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে মুখোমুখি দ্বিতীয় বলে চার মেরে দলের জয়ে তুলির শেষ আঁচরটাও দেন শাদাব।