২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ফাইনালের ছবি নষ্ট করার আশায় ইংল্যান্ড

অ্যাডিলেইডে বৃহস্পতিবার বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

আরিফুল ইসলাম রনি আরিফুল ইসলাম রনি

অ্যাডিলেইড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 07:48 PM

Updated : 09 Nov 2022, 08:41 PM

সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি উঠতেই মৃদু হাসির রোল উঠল। বাণিজ্যিক দিক থেকে ভারত-পাকিস্তান ফাইনাল এতটা আকর্ষণীয় ও লোভনীয় যে, সবাই হয়তো সেই লড়াইয়ের ছবি আঁকছে এখন! জস বাটলারও মুখে এক চিলতে হাসি নিয়ে বললেন, “আমরা তা মোটেও চাই না! এটা যাতে না হয়, তা নিশ্চিত করার সবরকম চেষ্টাই আমরা করব!”

অ্যাডিলেইড ওভালে বুধবার দুপুরে এই কথা যখন বলছেন বাটলার, তখনও ফাইনালের কোনো দল চূড়ান্ত হয়নি। রাতে তিনি জেনে গেছেন, ভারত-পাকিস্তান ফাইনাল ঠেকানোর দায় এখন শুধুই তাদের। প্রথম সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে গেছে পাকিস্তান।

বাটলারদের আশা পূরণ হবে নাকি ভারত-পাকিস্তান ফাইনালের আলোড়ন উঠবে, তা জানা যাবে বৃহস্পতিবার। দ্বিতীয় সেমি-ফাইনালে অ্যাডিলেইডে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।

টুর্নামেন্ট শুরুর আগে ফেভারিটদের তালিকায় এই দুই দল ছিল ওপরের দিকে। তাদের কোনো একটির পথচলা থেমে যাবে ফাইনালের আগেই।

ইংল্যান্ড জিতে গেল ফিরে আসবে ১৯৯২ বিশ্বকাপ। সেবারও খাদের কিনারায় থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তান পা রেখেছিল ফাইনালে। মেলবোর্ন ক্রিকেট মাঠে শিরোপার লড়াইয়ে তারা মুখোমুখি হয়েছিল ইংল্যান্ডের। এবারও সেটির পুনরাবৃত্তি স্রেফ এক ম্যাচ দূরে।

ভারত যদি জিতে যায়, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ফাইনাল ঘিরে রোমাঞ্চ-উত্তেজনা নিশ্চিতভাবেই পৌঁছে যাবে নতুন উচ্চতায়।

এমনিতেই সেমি-ফাইনাল ম্যাচে ফেভারিট বলে কিছু সাধারণত থাকে না। সেখানে ইংল্যান্ড ও ভারতের মধ্যে শক্তি-সামর্থ্যের ব্যবধান এতটাই কম, টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকারিতা ও গভীরতায় দল দুটো এতটাই কাছাকাছি, ম্যাচের আগে কোনো এক দলকে সামান্য এগিয়ে রাখার বাস্তবতাও নেই।

টুর্নামেন্টের শুরুটা দুই দল জয়ে রাঙালেও দ্বিতীয় রাউন্ডে হোঁচট খায় ইংল্যান্ড। প্রথম ম্যাচে নাটক- রোমাঞ্চের ভেলায় ভেসে বিরাট কোহলির অসাধারণ ইনিংসে পাকিস্তানকে হারায় ভারত। ইংল্যান্ড প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারাবে বেগ পায় বেশ, পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে হেরে বসে।

তবে তাতে মুখ থুবড়ে পড়ে যায়নি তারা। দ্রুতই গুছিয়ে উঠে ঠিকই তারা খুঁজে নিয়েছে আপন পথ। এখন তারা ফাইনালের ঠিকানা থেকে স্রেফ এক ম্যাচের দূরত্বে। ভারত দারুণ শুরুর পর মাঝপথে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে পরে নাটকীয়ভাবে বাংলাদেশকে হারিয়ে এখন সেমি-ফাইনালে নামার অপেক্ষায়।

পাকিস্তান ফাইনালে উঠে যাওয়ায় নিশ্চিতভাবেই ভারতের ওপর চাপটা বেড়ে গেছে অনেক বেশি। দীর্ঘদিন ধরে ট্রফি জিততে না পারার চাপ তো আছেই। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো আইসিসি শিরোপা জিততে পারেনি ভারত। বরাবরই তারা দারুণ ধারাবাহিক পারফর্ম করে গেছে, র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বা সেরার আশেপাথে থেকেছে। তবে ট্রফি না পেলে তো শ্রেষ্ঠত্বও প্রতিষ্ঠা করা যায় না।

রোহিত শর্মা অধিনায়ক হওয়ার পর বলেছিলেন ট্রফি জয়ের এই তাগিদের কথাই। এবার ফাইনালে ওঠার লড়াইয়ের আগেও বললেন, প্রক্রিয়ার পথ ধরেই শিরোপা মঞ্চে যেতে মুখিয়ে আছেন তারা।

“অবশ্যই আমাদের জন্য এটি সুযোগ। লম্বা সময় ধরে প্রক্রিয়া চলছে আমাদের এবং আমরা সেটিতে অটল থাকব। বেশি দূর ভাবতে চাই না। আমরা জানি যে জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে এবং আমরা এই টুর্নামেন্টে তা করতে পেরেছি। আরেকবার না পারার কারণ নেই। দিনশেষে লড়াইটা ব্যাট-বলের, যেখানে আমাদের জিততে হবে। এতদিন যা করে আসছি, সেটিতেই বিশ্বাস রেখে আমরা এগিয়ে যেতে চাই।”

দুই দলের সবশেষ দুটি দ্বিপাক্ষিক সিরিজে জিতেছে ভারত। সবশেষটি গত জুলাইয়ে ইংল্যান্ড সফরে গিয়েই। নতুন লড়াইয়ে অবশ্য আগের জয় কোনো কাজে দেবে বলে মনে করেন না রোহিত।

“টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতা বুঝি আমরা। নির্দিষ্ট দিনে ভালো করলেই চলে এখানে, এছাড়া অন্য কিছু যথেষ্ট নয়। কালকেও আমাদের ভালো খেলেই জিততে হবে। তবে হ্যাঁ, এই ম্যাচে মাঠে নামার সময় কিছুটা বাড়তি আত্মবিশ্বাস তো থাকবেই যে তাদেরকে হারিয়েছি আগে।”

ইংল্যান্ডের জন্য এই ম্যাচ শুধু সেমি-ফাইনাল নয়, অতীতের এক দুঃসহ স্মৃতির ক্ষতে প্রলেপ দেওয়ার লড়াইও। ২০১৫ বিশ্বকাপে এই অ্যাডিলেইড ওভালেই বাংলাদেশের কাছে হেরে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। ওই ব্যর্থতার পরই সাদা বলের ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আগ্রাসী ঘরানা বেছে নেয় ইংলিশরা। তাতে সাফল্যও আসতে থাকে। ওই বিশ্বকাপের পর থেকে সীমিত ওভারের ক্রিকেটে ৫টি আইসিসি আসরের সবকটিতেই তারা পা রাখে সেমি-ফাইনালে।

তবে চূড়ান্ত সাফল্য মিলেছে কেবল একটিতেই, ২০১৯ বিশ্বকাপে। ট্রফির তৃষ্ণা তাই তাদেরও প্রবল।

“আমরা সবাই চাই কিছু জিততে। আমরা চাই না লোকে শুধু এটাই বলুক যে ওই দলটি দারুণ স্টাইলে খেলেছে। বরং এই ভালো খেলার পথে সুষ্পষ্ট কিছু অর্জনও জরুরি। সেমি-ফাইনাল, ফাইনালে খেলেছি। কিন্তু দিনশেষে সবচেয়ে বড় পুরস্কার তো ট্রফি নিয়ে দাঁড়ানো এবং আমরা সেটিই করতে চাই।”

রোহিত শর্মার মতো জস বাটলারও বললেন প্রক্রিয়ার কথাই। নিজেদের ধরনের ক্রিকেটে প্রবল আস্থা তারও।

“আমরা যেভাবে খেলি, সেটিই আমাদের সেরা সুযোগ করে দেবে লক্ষ্য অর্জনের পথে। আমরা তাতেই অটল থাকার চেষ্টা করব এবং এই বিশ্বাস আমাদের আছে যে, নিজেদের সামর্থ্যের সেরাটা দিতে পারলে আমরা ট্রফি ছোঁয়ার লক্ষ্যের দিকে আরও বেশি করে যেতে পারব।”

ইংল্যান্ড একটু দুর্ভাবনায় আছে ব্যাটসম্যান দাভিদ মালানের চোট নিয়ে। তবে শেষ পর্যন্ত তিনি খেলতে না পারলে যথেষ্ট ভালো বিকল্পও তাদের তৈরি আছে। ১৬৫ স্ট্রাইক রেটের ব্যাটসম্যান ফিল সল্ট যেমন এখনও পর্যন্ত বিশ্বকাপে খেলার সুযোগই পাননি! ফাস্ট বোলার মার্ক উডেরও সামান্য চোট শঙ্কা আছে। তবে বিকল্প আছে তাদের সেখানেও। 

অ্যাডিলেইড ওভালে এ দিন খেলা হবে আগে ব্যবহৃত উইকেটে। তবে বাটলার বললেন, উইকেট খুব ভালো থাকবে বলে কিউরেটর আশা করছেন।

এবারের আসরে এই মাঠে আগে কোনো ম্যাচ খেলা হয়নি ইংল্যান্ডের। ভারত এখানেই হারিয়েছে বাংলাদেশকে। রোহিত শর্মার দল তাই একটু এগিয়ে থাকবে এ দিক থেকেও।

তবে দিন শেষে লড়াইটি নির্দিষ্ট দিনের। লড়াই স্কিলের। চাপ সামলানোর। ছোট ছোট মুহূর্তগুলোর জয়ই হয়তো এগিয়ে নেবে ম্যাচ জয়ের দিকে। ভারত নাকি ইংল্যান্ড, আপাতত উত্তর জানার অপেক্ষা।