২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডের হৃদয় ভেঙে সুপার টুয়েলভে জিম্বাবুয়ে

বাঁচা-মরার লড়াইয়ে ৫ উইকেটে জিতে পরের ধাপে পা রাখল জিম্বাবুয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2022, 05:26 PM

Updated : 21 Oct 2022, 07:03 PM

পেসার সাফওয়ান শরিফের বল মিড-অন ফিল্ডারের মাথার ওপর দিয়ে পাঠালেন রায়ান বার্ল। বল বাউন্ডারি সীমানা ছোঁয়ার আগেই হুঙ্কার দিয়ে উঠলেন ব্যাটসম্যান। ডাগআউটে সিকান্দার রাজা হাত ছুড়লেন বাতাসে। গ্যালারিতে জিম্বাবুয়ের সমর্থকরা মেতে উঠলেন উৎসবে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে ওঠার আনন্দ বলে কথা!

হোবার্টে শুক্রবার প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের জয় ৫ উইকেটে। ১৩৩ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলেছে ৯ বল বাকি থাকতে।

বিশ্বকাপে ফেরার আসরে জিম্বাবুয়ে পরের ধাপে পা রাখল ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে। সেখানে দুই নম্বর গ্রুপে তারা খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে।

টিকে থাকার লড়াইয়ে ব্যাটে-বলে আলো ছড়িয়ে জিম্বাবুয়ের নায়ক রাজা। দারুণ ছন্দে থাকা এই অফ স্পিনিং অলরাউন্ডার প্রথমে বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে নেন একটি উইকেট। পরে ২৩ বলে ৩ চার ও ২ ছক্কায় খেলেন ৪০ রানের ঝড়ো ইনিংস।

প্রথম পর্বে তিন ম্যাচের দুটি জিতল জিম্বাবুয়ে। দুটিতেই ম্যাচের সেরা রাজা। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮২ রানের চমৎকার ইনিংসের পর হাত ঘুরিয়ে ২২ রানে নিয়েছিলেন একটি উইকেট।

স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে বড় অবদান আছে আরও দুজনের। প্রতিপক্ষকে অল্পতে বেঁধে রাখতে ৪ ওভারে একটি মেডেন দিয়ে স্রেফ ১৪ রানে ২ উইকেট নেন পেসার টেন্ডাই চাটারা। সুস্থ হয়ে ফিরে ওপেনিংয়ে নেমে ৫৪ বলে ৫৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।

এই ম্যাচ জিতে সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ ছিল দুই দলের সামনেই। টস জিতে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ডের ইনিংস গতি পায়নি কখনোই। একটিও ছক্কা ছিল না তাদের ইনিংসে। ওপেনার জর্জ মানজি সর্বোচ্চ ৫৪ রান করেন ৫১ বল খেলে।

স্কটিশ শিবিরে প্রথম আঘাত হানেন চাটারা। প্রথম ওভারে তিনি ফিরিয়ে দেন মাইকেল জোন্সকে। পঞ্চম ওভারে মিডউইকেটে ওয়েসলি মাধেভেরের অসাধারণ এক ক্যাচে বিদায় নেন ম্যাথু ক্রস।

পাওয়ার প্লেতে স্কটল্যান্ড ২ উইকেট হারিয়ে তোলে ৪৩ রান। যার ২৯ রানই মানজির।

আরেক পাশে মানজিকে সেভাবে সঙ্গ দিতে পারেননি কেউ। অধিনায়ক রিচি বেরিংটন ১৫ বলে ১৩ রান করে ক্যাচ দেন রাজার বলে।

শুরুতে আগ্রাসী খেলা মানজিও পরে রানের গতিতে দম দিতে পারেননি। ৪৬ বলে ফিফটির পর সপ্তদশ ওভারে থামে তার ৭ চারে গড়া ৫৪ রানের ইনিংসটি। ২৬ বলে ২৫ রান করে শেষ ওভারে আউট হন ক্যালাম ম্যাকলাউড।

হাতে পর্যাপ্ত উইকেট থাকলেও রান বাড়াতে পারেনি স্কটল্যান্ড। শেষ দুই ওভারে তাদের ব্যাটসম্যানদের ব্যাট থেকে আসেনি কোনো বাউন্ডারি।

ছোট লক্ষ্য তাড়ায় জিম্বাবুয়ের শুরুটা যদিও ভালো ছিল না। প্রথম দুই ওভারে ৭ রানের মধ্যে তারা হারায় রেজিস চাকাভা ও মাধেভেরেকে।

চার নম্বরে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি শন উইলিয়ামসও। অষ্টম ওভারে তখন ৪২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে জিম্বাবুয়ে।

বাঁচা-মরার লড়াইয়ে অনেক সময়ই চাপে ভেঙে পড়ার শঙ্কা থাকে। তবে তেমন কিছু হতে দেননি আরভিন ও রাজা।

আরভিন এগিয়ে যান দেখেশুনে খেলে। রাজা তোলেন ঝড়। জশ ডেডির বাউন্সারে রাজার বিদায়ে ৪৩ বলে ৬৪ রানের জুটি যখন ভাঙল, ম্যাচ তখন জিম্বাবুয়ের মুঠোয়, ৩০ বলে দরকার আর ২৭ রান।

জয় থেকে ১৪ রান দূরে থাকতে আরভিন বিদায় নিলেও কোনো সমস্যা হয়নি জিম্বাবুয়ের। মিল্টন শুম্বাকে নিয়ে বাকিটা সারেন বার্ল।

দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে এই গ্রুপ থেকে সুপার টুয়েলভে জায়গা করে নেয় আয়ারল্যান্ড। তারা হয়েছে গ্রুপ রানার্সআপ। পরের রাউন্ডে আইরিশরা এক নম্বর গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে।

সংক্ষিপ্ত স্কোর:

স্কটল্যান্ড: ২০ ওভারে ১৩২/৫ (মানজি ৫৪, জোন্স ৪, ক্রস ১, বেরিংটন ১৩, ম্যাকলাউড ২৫, লিস্ক ১২, গ্রিভস ৩* ডেভি ৪*; চাটারা ৪-১-১৪-২, এনগারাভা ৪-০-২৮-২, মুজারাবানি ৪-০-৩৪-১, উইলিয়ামস ৩-০-১৯-০, রাজা ৪-০-২০-১)  

জিম্বাবুয়ে: ১৮.৩ ওভারে ১৩৩/৫ (চাকাভা ৪, আরভিন ৫৮, মাধেভেরে ০, উইলিয়ামস ৭, রাজা ৪০, শুম্বা ১১*, বার্ল ৯*; হুইল ৪-০-২৬-১, ডেভি ৩-০-১৬-২, শরিফ ২.৩-০-২৩-০, ওয়াট ৪-০-১৯-১, লিস্ক ৪-০-৩৬-১, ম্যাকলাউড ১-০-১১-০)

ফল: জিম্বাবুয়ে ৫ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সিকান্দার রাজা