৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

মুস্তাফিজের উন্নতি দেখছেন শ্রীরাম, কাজ করছেন ‘আর্ম স্পিড’ নিয়ে

মুস্তাফিজের সেরা অস্ত্র স্লোয়ারের কার্যকরিতা ফেরাতে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করে যাচ্ছেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

Published : 20 Oct 2022, 03:58 PM

Updated : 20 Oct 2022, 04:59 PM

স্লোয়ার-কাটারের এক মায়াবী বিভ্রম নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব মুস্তাফিজুর রহমানের। ক্যারিয়ারের শুরুতে তার জাদুকরী সব ডেলিভারিতে বিভ্রান্ত হয়েছেন বিশ্বের সেরা সব ব্যাটসম্যান। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই কমেছে মুস্তাফিজের স্লোয়ারের কার্যকরিতা। সেটি ফেরাতে কাজ করে যাচ্ছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম।

দেশের মাটিতে এখনও মুস্তাফিজের ধারাল বোলিং দেখা যায়। কিন্তু দেশের বাইরে গেলেই বেরিয়ে পড়ে তার বোলিংয়ের হতশ্রী অবস্থা। গতিময় উইকেটে স্লোয়ার-কাটার সবসময়ই কাজ করে কম। এর বাইরে স্টক ডেলিভারি কিংবা ইয়র্কার-বাউন্সারেও মুনসিয়ানা দেখা যায় না মুস্তাফিজের বোলিংয়ে।

সবশেষ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ৪৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। পরের তিন ম্যাচে আর একাদশেই জায়গা হয়নি তার। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজের একাদশের বাইরে থাকার ব্যাপারে বিশ্রাম বা চোটের কথা বলা হয়নি। সরাসরি বাদ দেওয়ার কথাই বলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান।

তবু মুস্তাফিজকে নিয়ে কখনও তেমন দুর্ভাবনার কথা শোনা যায়নি টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বিশ্বকাপেও মুস্তাফিজের ওপর নির্ভরতার কথা বলেছেন। এমন কিছু বলেননি দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম। তবে মুস্তাফিজের মধ্যে উন্নতির ছাপ দেখতে পাচ্ছেন তিনি।

আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪ ওভারে ৩১ রান খরচায় কোনো উইকেট পাননি মুস্তাফিজ। এই বোলিংয়েই উন্নতি দেখছেন শ্রীরাম। আগের ম্যাচগুলোতে ওভারপ্রতি ৮-৯ কিংবা ১০ রান করে দিলেও আফগানদের বিপক্ষে তার খরচ ৭.৭৫ রান। এর সঙ্গে নেটেও মুস্তাফিজের বোলিং ভালো হচ্ছে বলেছেন শ্রীরাম।

মুস্তাফিজের সেরা অস্ত্র স্লোয়ারের কার্যকরিতা ফেরাতে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের সঙ্গে কাজ করে যাচ্ছেন দলের টেকনিক্যাল কনসালটেন্ট। অস্ট্রেলিয়ার মাটিতে গতিময় উইকেটে স্লোয়ার ডেলিভারিতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা বেশ কঠিন কাজ। মুস্তাফিজকে নিয়ে সেটিই করতে চাচ্ছেন ডোনাল্ড ও শ্রীরাম। 

ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশ দলের অনুশীলন শেষে সংবাদমাধ্যমে কথা বলেছেন শ্রীরাম। মুস্তাফিজের ব্যাপারে আশাবাদী মন্তব্যই শোনা গেছে তার কণ্ঠে 

“প্রস্তুতি ম্যাচে সে সত্যিই ভালো বল করেছে। নেটেও ভালো করছে। আমরা ওর স্লোয়ার বল নিয়ে কাজ করছি, যেটা ছিল তার সেরা ডেলিভারি। অ্যালান ডোনাল্ডের সঙ্গে মিলে সে অনেক ফুটেজ দেখছে নিজের বোলিংয়ের, আমার সঙ্গেও কাজ হচ্ছে। স্লোয়ার বলে ওর আর্ম স্পিড নিয়ে কাজ করছি আমরা। আমার মনে হয়, ওর উন্নতি হচ্ছে।”

উল্লেখ্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পুরো ক্যারিয়ারে দেশের বাইরে খেলা ৩৯ ম্যাচে ওভারপ্রতি ৮.৯৬ রান খরচ করে ৪৮ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। যা দলের এক নম্বর বোলার হিসেবে সন্তোষজনক কিছু নয়। তার ওপর গত দুই বছরে অবস্থার আরও অবনতি ঘটেছে।

২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত খেলা ১৯ ম্যাচে ওভারপ্রতি ৯.৩৫ রান খরচ করেছেন মুস্তাফিজ। বিপরীতে শিকার স্রেফ ১৮ উইকেট। অর্থাৎ রান আটকে রাখা অথবা উইকেট এনে দেওয়া- কোনো কাজই ঠিকভাবে করতে পারছেন না তিনি। তা নিয়েই এখন চলছে ডোনাল্ড-শ্রীরামের কাজ। ফল মিলবে কতটা, সময়ই দেবে সে উত্তর।