শেষ ওভারে শামির ৪ বলে অস্ট্রেলিয়ার ৪ উইকেট
বিশ্বকাপে ভারতের একাদশে জায়গা পাওয়ার দাবি জানিয়ে রাখলেন ৩২ বছর বয়সী পেসার।
পুরো ম্যাচে একদম শেষ ওভারে গিয়ে বল হাতে পেলেন মোহাম্মদ শামি। ভারতের অভিজ্ঞ পেসার দেখালেন ২০ ওভারের ক্রিকেটে তার সামর্থ্যের ঝলক। তার টানা ৪ বলে অস্ট্রেলিয়া হারাল ৪ উইকেট!
টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ সোমবার শেষ ওভারে অমন দুর্দান্ত বোলিং উপহার দেন শামি। ওভারে স্রেফ ৪ রান দিয়ে তার শিকার ৩ উইকেট। মাঝে একটি রান আউট।
ব্রিজবেন ক্রিকেট গ্রাউন্ডে ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১১ রান। শামির প্রথম দুই বলে দুটি ডাবল নেন প্যাট কামিন্স। রান সেখানেই শেষ! পরের বল তুলে মারেন কামিন্স। লং-অনে এক হাতে চমৎকার ক্যাচ নেন বিরাট কোহলি।
পরের বল মিস করে রান আউট হয়ে যান অ্যাশটন আগার। এখানেও কৃতিত্ব শামির, কিপারের থ্রোয়ে বল ধরে থ্রো করেই নন স্ট্রাইক প্রান্তের স্টাম্প ভাঙে দেন তিনি। শেষ দুই বলে তার দুর্দান্ত দুটি ইয়র্কারে বোল্ড হন জস ইংলিস ও কেন রিচার্ডসন।
প্রস্তুতি ম্যাচে ফল গুরুত্ব পায় কমই। ভারতের ৬ রানে জয়ের ম্যাচে ব্যাটিং প্রস্তুতি দারুণ হলো লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের। ওপেনার রাহুল ৩৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় করেন ৫৭ রান। দারুণ ছন্দে থাকা সূর্যকুমার ৩৩ বলে ৬ চার ও এক ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস।
ইনিংস বড় করতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা (১৪ বলে ১৩) ও কোহলি (১৩ বলে ১৯)।
বোলিংয়ে খরুচে ছিলেন কামিন্স। ৩ ওভারে এই পেসার দেন ৩৩ রান। ৩০ রানে ৪ উইকেট নেন কেন রিচার্ডসন।
ফর্মে ফেরার ইঙ্গিত মিলেছে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের। ৫৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৭৬ রান করেন তিনি। ওপেনিংয়ে নেমে মিচেল মার্শ ১৮ বলে করেন ৩৫। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিডরা কেউ ভালো করতে পারেননি।
ভারতের হয়ে বোলিংয়ে ভালো করেন ভুবনেশ্বর কুমারও। ৩ ওভারে ২০ রানে ২ উইকেট নেন অভিজ্ঞ পেসার। সাম্প্রতিক সময়ে শেষ দিকে তার খরুচে বোলিং নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। এই ম্যাচে ষোড়শ ওভারে স্রেফ ৪ রান দিয়ে ম্যাক্সওয়েলের উইকেট নেন তিনি।
আর সাত নম্বর বোলার হিসেবে বোলিংয়ে এসে শামির ওই অসাধারণ ওভার। ভারতের হয়ে তিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বিশ্বকাপে। এবারের আসরে মূল দলে ছিলেন না। জাসপ্রিত বুমরাহর চোটে পেয়ে যান সুযোগ। টুর্নামেন্টে শুরুর একাদশে জায়গা পাওয়ার দাবি জানিয়ে রাখলেন ৩২ বছর বয়সী ফাস্ট বোলার।
আরেক প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে পাত্তাই পায়নি নিউ জিল্যান্ড। ব্রিজবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আগে ব্যাটিংয়ে নেমে স্রেফ ৯৮ রানে অল আউট হয় কিউইরা। দুই অঙ্কে যেতে পারেন কেবল তিন জন। সর্বোচ্চ মার্টিন গাপটিলের ২৬।
দক্ষিণ আফ্রিকার মূল দুই স্পিনার তাবরাইজ শামসি ও কেশভ মহারাজ মিলে ৬ ওভারে মাত্র ২৩ রানে দিয়ে ৫টি উইকেট ভাগ করে নেন। এর মধ্যে রিস্ট স্পিনার শামসি ৩ ওভারে স্রেফ ৬ রানে দিয়ে নেন ২টি।
পরে নিউ জিল্যান্ডের ওই রান দক্ষিণ আফ্রিকা পেরিয়ে যায় ৯ উইকেট ও ৫২ বল হাতে রেখে। ৩২ বলে ৯ চার ও এক ছক্কায় অপরাজিত ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন রাইলি রুশো।
