বিস্ফোরক ইনিংসে নায়ক কনওয়ে
ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে নিউ জিল্যান্ডকে বড় পুঁজি এনে দেন বাঁহাতি ওপেনার।
ইনিংস শুরু করতে নেমে দারুণ দৃঢ়তায় খেললেন শেষ পর্যন্ত। তবে আশা জাগিয়েও সেঞ্চুরি ছোঁয়া হলো না ডেভন কনওয়ের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো নব্বইয়ের ঘরে গিয়ে তিন অঙ্ক স্পর্শ করতে না পারার অপ্রাপ্তি থাকলেও একটা প্রথমের স্বাদ তিনি পেয়ে গেলেন। অস্ট্রেলিয়াকে তাদেরই মাঠে হারানোর পথে বিশ্বকাপে প্রথমবার হলেন ম্যান অব দা ম্যাচ।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার আগে ব্যাট করে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ৫৮ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন কনওয়ে। সঙ্গে ফিন অ্যালেন ও জিমি নিশামের ঝড়ো ব্যাটিংয়ে ২০০ রান করে নিউ জিল্যান্ড।
জবাবে টিম সাউদি, মিচেল স্যান্টনারদের বোলিংয়ের সামনে ১১১ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।
সুপার টুয়েলভের প্রথম ম্যাচে ৮৯ রানের জয়ে ঘুচল অস্ট্রেলিয়ার মাটিতে নিউ জিল্যান্ডের ১১ বছরের জয়খরা। ব্যাট হাতে ৯২ রানের ইনিংসের পর দুইটি ক্যাচ নিয়ে ম্যাচ সেরার পুরষ্কার জেতেন কনওয়ে।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে এর আগেও দুইবার নব্বইয়ের ঘরে গিয়ে অপরাজিত ছিলেন কনওয়ে; অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৯ ও বাংলাদেশের বিপক্ষে ৯২। সেই দুইবারও ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।
পুরস্কার হাতে নিয়ে দারুণ এই জয়ের কৃতিত্ব দলের সবাইকে দিলেন কনওয়ে। বিশেষ করে ৪২ রানের টর্নেডো ইনিংস খেলা অ্যালেনকে বাড়তি বাহবা দিলেন তিনি।
"দলের সবাই দারুণ পারফরম্যান্স দেখাল। ফিনকে অবশ্যই কৃতিত্ব দিতে হবে; সে যেভাবে শুরু করল এবং আমাদের মোমেন্টাম এনে দিল। সবাই ভালো খেলেছে।"
ডানহাতি এই তরুণের মারকুটে ব্যাটিংয়ে তার নিজের খেলা সহজ হয়ে গিয়েছিল বলে জানালেন কিপার-ব্যাটসম্যান কনওয়ে।
"ফিনের ইনিংসটা স্পেশাল ছিল। তাকে নিয়মিতই এমন খেলতে দেখছি আমি। আন্তর্জাতিক ক্রিকেটে সবে যাত্রা শুরু করেছে, কিন্তু সে খুবই আগ্রাসী ও নির্ভীক। ফিন যেভাবে নিজের খেলাটা খেলে, তা আমার ব্যাটিংয়ের পরিপূরক। আমি সহজেই তাকে ঘিরে ব্যাট করে যেতে পারি।"
অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের মোমেন্টাম কাজে লাগিয়ে টুর্নামেন্টের সামনের ম্যাচগুলোতে আরও ভালো খেলতে চান ৩১ বছর বয়সী বাঁহাতি ওপেনার।
"(সিডনির) উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। আমার মনে হয়েছে, টাইমিং করতে পারলে ভালো ফল মিলবে। এটি (অস্ট্রেলিয়াকে হারানো) আমাদের জন্য অনেক কিছু। বিশেষ করে সিডনিতে যেকোনো প্রতিযোগিতায় অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় বিষয়। আমরা এই মোমেন্টাম পরের ম্যাচে নিয়ে যাব।"
স্বাগতিকদের হারিয়ে উড়ন্ত সূচনার পর মেলবোর্নে বুধবার আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
