২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কদের নিয়ে জন্মদিনের কেক কাটলেন বাবর

২৮তম জন্মদিনে দারুণ এক উপহার পেলেন পাকিস্তান অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 04:05 PM

Updated : 15 Oct 2022, 04:05 PM

খেলার মধ্যে থাকলে সাধারণত ড্রেসিং রুমে, নয়তো হোটেলে সতীর্থদের নিয়ে জন্মদিনের কেক কাটেন ক্রিকেটাররা। বাবর আজমের হলো বিরল অভিজ্ঞতা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সব অধিনায়ককে নিয়ে কাটলেন ২৮তম জন্মদিনের কেক।

শ্রীলঙ্কা ও নামিবিয়া ম্যাচ দিয়ে রোববার মাঠে গড়াবে এবারের আসর। আগের দিন মেলবোর্নে ১৬ অধিনায়ককে নিয়ে আইসিসি আয়োজন করে ক্যাপ্টেন্স ডে।

সঞ্চালক মেল জোন্স এক পর্যায়ে জানান, আজ বাবরের জন্মদিন। অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ একটি জন্মদিনের কেক উপহার দেন পাকিস্তান অধিনায়ককে।  

সংবাদ সম্মেলন পর্ব শেষে অন্য ১৫ অধিনায়কের উপস্থিতিতে কেক কাটেন বাবর। তাকে শুভেচ্ছা জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, ভারত অধিনায়ক রোহিত শর্মাসহ সবাই। আইসিসির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শুভেচ্ছা জানানোর পাশাপাশি মজা করছেন অধিনায়করা। এমন দিন তো সব সময় আসে না, প্রতিপক্ষের কারো জন্মদিনে কেক কাটার সময় থাকার সুযোগ মেলে না।

অধিনায়কেরা সুরে সুরে বলছিলেন, ‘হ্যাপি বার্থ ডে ডিয়ার বাবর।’ এর মধ্যেই স্টাইলিশ এই ব্যাটসম্যান কাটেন কেক।

ক্রিকেটের আঙিনায়, ক্রিকেটারের জন্মদিনের কেক-এ ক্রিকেটের আঁচ থাকবে না, তা কী হয়! দ্বিস্তরের কেকটির দুই পাশে ছিল তিনটি করে স্টাম্প। সময়ের সেরা ব্যাটসম্যানদের একজনের জন্য উপযুক্তই বটে!