২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নামিবিয়ার জন্য ঐতিহাসিক দিন’

প্রধান কোচ পিয়েরে ডি ব্রুইনকে মূল কৃতিত্ব দিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 03:38 PM

Updated : 17 Oct 2022, 12:18 PM

সামর্থ্যের ছাপ পাওয়া গিয়েছিল গত আসরেই। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে টপকে সুপার টুয়েলভে খেলেছিল নামিবিয়া। পরে সুপার টুয়েলভেও হারিয়ে দেয় স্কটল্যান্ডকে। এবার তারা দেখাল আরও বড় চমক। বিশ্বকাপের প্রথম ম্যাচেই হারিয়ে দিলো এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে। আর এই জয়ের জন্য প্রধান কোচ পিয়েরে ডি ব্রুইনকে মূল কৃতিত্ব দিলেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস।

ভিক্টোরিয়ার জিলংয়ে লঙ্কানদের মাত্র ১০৮ রানে গুটিয়ে দিয়ে ৫৫ রানের বড় জয় পেয়েছে নামিবিয়া।

আগে ব্যাট করে দলটি করেছিল ১৬৩ রান। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এর আগে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়েকে হারিয়েছে তারা। তবে শীর্ষ আট দেশের বিপক্ষে এটিই নামিবিয়ার প্রথম জয়।

এটিকে ঐতিহাসিক সাফল্য হিসেবেই মানছে নামিবিয়া। যার পেছনে মূল কৃতিত্ব পাচ্ছেন হেড কোচ ডে ব্রুইন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ মঞ্চে দলের উচ্ছ্বাসভরা কণ্ঠে অবিশ্বাস্য এই অর্জনের প্রতিক্রিয়া জানিয়েছেন এরাসমাস।

“অবিশ্বাস্য ব্যাপার। গত বছর আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছে। এ জয়টি আমাদের জন্য অসাধারণ অর্জন। তবে টুর্নামেন্টজুড়ে আরও অনেক কাজ করতে হবে। এটি আমাদের জন্য ঐতিহাসিক দিন। দিনটি বিশেষ হয়ে থাকবে। এখান থেকে আরও ভালো খেলে সুপার টুয়েলভে যেতে চাই। আমরা আরও বড় প্রেক্ষাপট বুঝতে পারছি।”

২০১৯ সালের জানুয়ারিতে নামিবিয়ার হেড কোচ হিসেবে দায়িত্ব নেন ডে ব্রুইন। তার অধীনে গত তিন বছরে ঘুরে দাঁড়িয়েছে নামিবিয়া। গত আসরে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় তারা। প্রথম আসরে সুপার টুয়েলভ খেলার আফ্রিকার দলটি এবার টুর্নামেন্ট শুরু করল জয় দিয়ে।

ঐতিহাসিক এ সাফল্যের মূল কৃতিত্ব হেড কোচ ডে ব্রুইনকেই দিয়েছেন নামিবিয়ার অধিনায়ক।

“তিনি (ডে ব্রুইন) ২০১৯ সালে দায়িত্ব নিয়ে আমাদের পুরো দলটাকে বদলে দিয়েছেন। মূল কৃতিত্ব অবশ্যই পিয়েরে ডে ব্রুইনের। স্বল্পসংখ্যক খেলোয়াড় ও সীমিত সুযোগ নিয়েও তিনি যেভাবে দলের কোচিং করাচ্ছেন, জয়ের সংস্কৃতি তৈরি করেছেন এবং সবাইকে এক করে রেখেছেন। গত তিন বছর ধরে তিনি যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন, আমার মনে হয় না আর কেউ তার মতো পারত। আজকের মতো বিশেষ উপলক্ষ্য তার জন্য প্রতিদান পাওয়ার মতোই বিষয়।”

মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নামিবিয়া। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার আরব আমিরাতের বিপক্ষে খেলবে তারা।