লঙ্কানদের বোলিং সামলে ফ্রাইলিঙ্ক-স্মিটের জবাব
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৬৩ রানের পুঁজি গড়েছে নামিবিয়া।
শ্রীলঙ্কার দারুণ বোলিং ও ফিল্ডিংয়ে শুরুতে চাপে পড়ল নামিবিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি তখন অল্পতে গুটিয়ে যাওয়ার শঙ্কায়। খাদের কিনার থেকে তাদের টেনে তুললেন ইয়ান ফ্রাইলিঙ্ক ও জেজে স্মিট। দুইজনের পঞ্চাশ ছাড়ানো জুটিতে লড়াই করার মতো পুঁজি পেল আফ্রিকার দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের উদ্বোধনী ম্যাচে রোববার এশিয়ান চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে নামিবিয়া। টস হেরে ৭ উইকেটে ১৬৩ রান করেছে তারা।
দলের বিপদে দারুণ ব্যাটিং উপহার দেন ফ্রাইলিঙ্ক ও স্মিট। সপ্তম উইকেটে তারা গড়েন ৩৩ বল স্থায়ী ৬৯ রানের বিস্ফোরক জুটি। ৪টি চারে ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক। দুটি করে ছক্কা-চারে ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন স্মিট।
ভিক্টোরিয়ার জিলংয়ে ড্রপ ইন পিচে ছিল হালকা ঘাসের ছোঁয়া। ব্যাটিংয়ের জন্য উইকেট ছিল বেশ ভালো। কিন্তু নামিবিয়া শুরুটা করতে পারেনি আশানুরূপ।
শুরু থেকে তাদের চেপে ধরে শ্রীলঙ্কা। লম্বা সময় পর দলে ফেরা দুশমন্থ চামিরা নিজের দ্বিতীয় বলেই দেন ছোবল। বাউন্ডারিতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন মাইকেল ফন লিনগেন।
পরের ওভারে প্রমোদ মাদুশানের শিকার ডিভান লা কুক। ১৬ রানে ২ উইকেট হারানো দলের হয়ে পাল্টা আক্রমণ শুরু করেন ইয়ান নিকোল লফটি-ইটন। চামিরাকে ফাইন লেগ দিয়ে ওড়ানোর পর তিনি টানা চার-ছক্কা মারেন চামিকা করুনারত্নেকে।
করুনারত্নে শোধ নিতে দেরি করেননি। এক বল পরই তার স্লোয়ার অফ কাটারে এক হাতের দুর্দান্ত ক্যাচে লফটি-ইটনকে (২০) ফেরান কিপার কুসল মেন্ডিস। পাওয়ার প্লে শেষে নামিবিয়ার স্কোরকার্ডে রান ৩ উইকেটে ৪৩।
এরপর লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিং ও দারুণ ফিল্ডিংয়ে খুব একটা রান তুলতে পারেনি নামিবিয়া। পরের ৪ ওভারে নিতে পারে স্রেফ ১৬ রান। তবে হারায়নি কোনো উইকেট।
স্টিভেন বার্ড ও গেরহার্ড এরাসমাসের জমে যাওয়া ৪১ রানের জুটি নিজের তৃতীয় ওভারে এসে ভাঙেন ভানিন্দু হাসারাঙ্গা। এই লেগ স্পিনারের গুগলি ব্যাটের কানায় লেগ মিডউইকেট বাউন্ডারিতে ধরা পড়েন নামিবিয়া অধিনায়ক এরাসমাস (২০)।
এরপর টানা দুই ওভারে বার্ড ও ডেভিড ভিসাকে হারায় নামিবিয়া। থিতু ব্যাটসম্যান বার্ড (২ চারে ২৬) বিদায় নেন ডিপ স্কয়ার লেগে ধনাঞ্জয়া ডি সিলভার দারুণ রানিং ক্যাচে। কট বিহাইন্ডের রিভিউ নিয়েও গোল্ডেন ডাক থেকে বাঁচতে পারেননি ভিসা।
ফ্রাইলিঙ্ক ও স্মিটের চমৎকার জুটির পথচলা শুরু এরপর। প্রতি ওভারেই আসতে থাকে বাউন্ডারি। এই দুইজনের ব্যাটে শেষ চার ওভারে ৫৭ রান তোলে নামিবিয়া।
হাসারাঙ্গাকে ছক্কায় ওড়ানো স্মিট ওভারে চার ও ছক্কা মারেন মাদুশানকে। চামিরা ও করুনারত্নেকে একটি করে চার হাঁকান ফ্রাইলিঙ্ক। শুধু বাউন্ডারিই নয়, দৌড়ে ডাবল-ট্রিপল নিয়ে রানের গতিতে দম দেন তারা।
