২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লিটন জানে কীভাবে রান করতে হয়’

সহজাত ক্রিকেটেই ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংসটি খেলেছেন লিটন, বললেন অধিনায়ক সাকিব আল হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2022, 11:49 PM

Updated : 03 Nov 2022, 01:03 AM

তেড়েফুঁড়ে মারা কিংবা উদ্ভাবনী শটের চেষ্টা করা, তেমন কোনো কিছুই দেখা যায়নি লিটন দাসের ব্যাটিংয়ে। দারুণ সব ক্রিকেট শট খেলে তিনি গুঁড়িয়ে দেন ভারতের বোলিং। তার ঝলমলে ইনিংসটি যে কোনো ক্রিকেটপ্রেমীর চোখে লেগে থাকবে দীর্ঘদিন। সাকিব আল হাসানও সতীর্থের ব্যাটিং দেখে মুগ্ধ। বাংলাদেশ অধিনায়কের মতে, সামর্থ্য অনুযায়ী খেলেই লিটনের ওই ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার অ্যাডিলেইডে ২৭ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রানের চোখধাঁধানো ইনিংস খেলেন লিটন। তবে ম্যাচ শেষে আক্ষেপই থাকার কথা তার। দল যে জেতেনি!

সীমিত ওভারের ক্রিকেটে সাধারণত ওপেনার হিসেবেই খেলেন লিটন। তবে টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে সেই সুযোগটা পাচ্ছিলেন না। বিশ্বকাপের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে এবং নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচের তিনটিতে তাকে নামানো হয় তিন নম্বরে। ওপেন করার সুযোগ পান একটিতে।

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচেও তাকে খেলানো হয় তিন নম্বরে। ভারতের বিপক্ষে সৌম্য সরকারকে বাইরে রেখে শরিফুল ইসলামকে নেওয়ায় নাজমুল হোসেন শান্তর সঙ্গে ওপেন করার সুযোগ পান লিটন।

সুযোগটা তিনি কাজে লাগান দারুণভাবে। ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় প্রথম ৭ ওভারে বাংলাদেশ তুলে ফেলে বিনা উইকেটে ৬৬ রান। শান্তর রান তখন কেবল ৭, বাকি ৫৯ রানই লিটনের!

এরপর বৃষ্টিতে বন্ধ থাকে খেলা। নতুন লক্ষ্য পেয়ে আবার ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় লোকেশ রাহুলের সরাসরি থ্রোয়ে রান আউট হয়ে যান লিটন। এরপর একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে যায় ৫ রানে।

এই বছর টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান লিটনেরই। ১৮ ইনিংসে ১৪০.৫২ স্ট্রাইক রেটে রান ৫৩৪। ফিফটি চারটি।

তিন সংস্করণেই গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। ভারত ম্যাচের পর সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মী গত এক বছরে লিটনের উন্নতি নিয়ে সাকিবের মূল্যায়ন জানতে চাইলে, সংশোধন করে দেন অধিনায়ক।

“এক বছর ঠিক না, আরও বেশি দিন। গত ২-৩ বছর ধরে ও খুব ভালো খেলছে। টি-টোয়েন্টি হয়তো এ বছরটা খুব ভালো খেলছে। কিন্তু যদি ওর ওয়ানডে বা টেস্ট দেখেন, ও গত দুই বছর খুব ভালো খেলছে। আমার মনে হয়, আত্মবিশ্বাসটাই টি-টোয়েন্টি ফরম্যাটে এসেছে।”

“ও জানে কীভাবে রান করতে হয়। আজকে ওর জন্য বড় একটা সুযোগ ছিল, যেভাবে আমরা ওকে রেট করছিলাম এবং ও যে ধরনের খেলোয়াড়, ওর সামর্থ্য অনুযায়ী খেলেছে। এমন না যে ‘আউট অব দা বক্স’ খেলেছে। আমরা সবাই জানি ও এমন ইনিংস খেলার সামর্থ্য রাখে।”