‘ব্যথিত’ পাকিস্তান সমালোচনায় কান দিচ্ছে না
ঘুরে দাঁড়িয়ে এখনও সেমি-ফাইনালে ওঠার ব্যাপারে তারা আশাবাদী, বলছেন পাকিস্তানের পেসার হারিস রউফ।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে যতটা প্রত্যাশা ছিল সমর্থকদের, প্রথম দুই ম্যাচে তা পূরণ করতে পারেনি বাবর আজমের দল। দুটিতেই শেষ বলে হেরে তাদের সেমি-ফাইনালের ওঠার সম্ভাবনা ফিকে হয়ে গেছে অনেকটা। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর চার দিক থেকে ধেয়ে আসছে সমালোচনার স্রোত। তবে সেসবকে পাত্তা দিচ্ছেন না দলটির পেসার হারিস রউফ। ভুল শুধরে সামনে এগোতে চান তারা।
সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে গত রোববার মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৪ উইকেটে হারে পাকিস্তান। তুমুল উত্তেজনাপূর্ণ ম্যাচে নাটকীয় শেষ ওভারে ১৫ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয় তারা। তাদের আরেকটি হৃদয় ভাঙা হার সঙ্গী হয় গত বৃহস্পতিবার পার্থে। এবার জিম্বাবুয়ের বিপক্ষে হারে ১ রানে। স্রেফ ১৩১ রানের লক্ষ্য তাড়ায় শেষ ওভারে ১১, শেষ তিন বলে ৩ রানের সমীকরণ মেলাতে পারেনি ২০০৯ আসরের চ্যাম্পিয়নরা।
জিম্বাবুয়ের কাছে হারকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। অধিনায়ক বাবরসহ পুরো দলের কড়া সমালোচনা করেন তিনি। বিস্ময় প্রকাশ করেন দেশটির সাবেক আরও কয়েকজন ক্রিকেটার।
টিকে থাকার ম্যাচে রোববার পার্থে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে পাকিস্তান। আগের দিন সংবাদ সম্মেলনে রউফ বললেন, লোকের কথায় নয়, তাদের পুরো মনোযোগ ক্রিকেটে।
“মানুষের কাজ কথা বলা, তাই তারা কথা বলবেই। যে কোনো খেলাতেই সমালোচনার মুখোমুখি হতে হয়। আমরা ক্রিকেটের প্রতি মনোযোগী। বাইরে যা বলা হচ্ছে, তা খুব বেশি শুনছি না আমরা।”
জয়ের খুব কাছে গিয়ে দুটি ম্যাচে ওভাবে হার পোড়াচ্ছে রউফদেরও। তবে ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী ২৮ বছর বয়সী এই ক্রিকেটার।
“ওই দুটি ম্যাচ আমরা ঠিকমতো শেষ করতে পারিনি। আমরা নিজেদের ভুলগুলো বিশ্লেষণ করেছি। সামনের ম্যাচগুলিতে ভালো করব আমরা।”
“দুটি ম্যাচেই আমরা কাছাকাছি গিয়ে হেরেছি, শেষ বলে। দুই ম্যাচেই আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। যে কোনো ক্রিকেট ভক্তের মতো আমরাও ব্যথিত। আমাদের জন্য টুর্নামেন্ট শেষ হয়ে যায়নি, আমরা এখনও ঘুরে দাঁড়াতে পারি। আমাদের তিনটি ম্যাচ বাকি আছে এবং সেগুলিতে ভালো করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”
প্রাথমিক পর্বে দুটি ম্যাচ জিতে আসা নেদারল্যান্ডস সুপার টুয়েলভে তাদের দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ ও ভারতের বিপক্ষে। তবে ডাচদের সামনে পেয়ে আত্মতুষ্টিতে ভোগার সুযোগ দেখছেন না রউফ।
“আন্তর্জাতিক ক্রিকেটে কোনো দলকেই দুর্বল হিসেবে দেখার সুযোগ নেই। বৈশ্বিক আসরে প্রতিটি দলকেই সম্মান করতে হবে। তারা সবাই এখানে জিততে এসেছে। সবার বিপক্ষেই নিজেদের শতভাগ দিয়ে খেলতে হবে। ওই দিন জিম্বাবুয়ে ভালো খেলেছে এবং আমাদের বিপক্ষে জিতেছে।”
