৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

প্রথম জয়ের রোমাঞ্চে বুঁদ, দূরের কথা ভাবছেন না শ্রীরাম

আরও একবার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টার কথা বললেন বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 12:59 PM

Updated : 29 Oct 2022, 01:12 PM

সংবাদ সম্মেলনে বরাবরই আশাবাদী শ্রীধরন শ্রীরাম। সামনে ভালো দিনের কথা বলেন প্রায়ই। সেই তিনিই ডুবে আছেন অতীতে। বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্টের মনে এখনও দোলা দিচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম জয়ের রোমাঞ্চ। 

হোবার্টে গত সোমবার ৯ রানের জয়ে অস্ট্রেলিয়া আসর শুরু করে বাংলাদেশ। নেদারল্যান্ডসকে হারিয়ে কাটায় মূল পর্বে ১৫ বছরের জয় খরা। প্রথমবারের মতো জেতে সুপার এইট, টেন বা টুয়েলভ পর্বে। 

পরের ম্যাচেই অবশ্য হারের চক্রে ফিরে যায় সাকিব আল হাসানের দল। ব্যাটিং ও বোলিংয়ে নিদারুণ ব্যর্থতায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়, ১০৪ রানে। 

সামনে এবার জিম্বাবুয়ে, যারা আগের ম্যাচে হারিয়েছে পাকিস্তানকে। শ্রীরাম জানালেন, দূরের কিছু না ভেবে শুধু জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচই তার চিন্তায়। তবে এখনও নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের কথা ভুলতে পারছেন না বাংলাদেশের টেকনিক্যাল কনসালটেন্ট। 

“১৫ বছর পর সুপার টুয়েলভে (আসলে প্রথম) প্রথম কোনো ম্যাচ জিতেছি। আমার মতে, এটি খুব ভালো। সত্যিই দুর্দান্ত। ছেলেদের অবশ্যই এটি প্রাপ্য। তারা যেভাবে চেষ্টা করেছে, পরিশ্রম করেছে। এ কৃতিত্ব পুরো দলের।" 

দুই ম্যাচে একটি করে জয়-পরাজয়। সামনে বাকি তিন ম্যাচ। তবে শ্রীরাম দূরের কথা ভাবতে রাজি নন। দক্ষিণ আফ্রিকার কাছে হারের হতাশা নিয়েও পড়ে থাকার পক্ষে নন তিনি। আরও একবার ম্যাচে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টার কথা বললেন শ্রীরাম। 

“আমি আগেও বলেছি। আমরা একবারে একটি ম্যাচের কথা চিন্তা করছি। খুব বেশি দূরের কথা ভাবছি না। আমাদের পরের চ্যালেঞ্জ জিম্বাবুয়ে। আমরা একটি একটি ম্যাচ ধরেই এগোব। পয়েন্ট টেবিলের দিকে তাকাতে পারব না, বেশি দূরের কথা ভাবা যাবে না। (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) যা হয়ে গেছে তা নিয়ে পড়ে থাকলে চলবে না।” 

“আমার মতে, এখন পুরোপুরি শান্ত থাকার সময়। নিজেদের পরিকল্পনায় পরিষ্কার থাকতে হবে এবং নির্দিষ্ট দিনে সেটি বাস্তবায়নে মন দিতে হবে। ম্যাচের ছোট ছোট ধাপের কথা চিন্তা করতে হবে। যদি আমরা ছোট ছোট ধাপগুলো জিততে পারি, তাহলে নিশ্চিতভাবেই ভালো একটি ম্যাচ খেলতে পারব।”