বেঙ্গালুরুর কান্না থেকে হোবার্টের হাসি
৬ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাসকিন দেশে ফিরেছিলেন কান্নাভেজা চোখে। এবার বিশ্বকাপ অভিযান শুরু করলেন ম্যাচ সেরা হয়ে।
হাসিমুখে বেলেরিভ ওভালের সংবাদ সম্মেলন কক্ষে ঢুকলেন তাসকিন আহমেদ। টুকটাক কুশল বিনিময়, অভিনন্দনের জবাব দেওয়ার পালা চলল। দলের জয়ের স্বস্তি, নিজের পারফরম্যান্সে তৃপ্তি খেলা করতে থাকল তার চোখেমুখে। টি-টোয়েন্টিতে প্রথমবার ম্যাচ সেরা হওয়া আর ৫ উইকেটের হাতছানির প্রসঙ্গে চওড়া হলো হাসি। সব মিলিয়ে ১৬ মিনিটের সংবাদ সম্মেলন তার জন্য যেন আনন্দ স্রোতে অবগাহন। সাড়ে ৬ বছর আগের স্মৃতির সঙ্গে কত পার্থক্য!
সেটিও ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ। ২০১৬ সালে ভারতের সেই আসরে মূল পর্বের প্রথম ম্যাচের পর আচমকা ঝড় তাকে বিধ্বস্ত করে দিয়েছিল। বেঙ্গালুরুর হোটেল কক্ষে তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন সেই সময়ের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সামনে। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তাসকিনের জন্য মাশরাফির চোখও ছিল ছলছল।
সেবার দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন। দেশের মাঠে এশিয়া কাপে দারুণ বোলিংয়ের পর ধারাবাহিকতা ধরে রাখেন বিশ্বকাপের প্রাথমিক পর্বেও। পরে মূল পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নেন ২ উইকেট। এরপরই তার ক্যারিয়ার থমকে দেওয়া সেই আঘাত। বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় শুরুতে, পরে নিষিদ্ধ হন বোলিংয়ে। ভাঙা মন নিয়ে বিশ্বকাপের ময়দান ছেড়ে ফিরতে হয় দেশে।
এরপর অনেক চড়াই-উৎরাই আসে তার ক্যারিয়ারে। ক্যারিয়ার আর জীবনের নানা অধ্যায় দেখা হয়ে যায়। পথচ্যুত হয়ে, আত্মোপলব্ধির কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়ে, পরে শুরু হয় প্রায়শ্চিত্তের পালা। নিজেকে নতুন করে গুছিয়ে নিয়ত নতুন উচ্চতায় তোলার সেই অভিযান এখনও চলমান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই দুঃসহ অতীতকে চাপা দিয়ে সুখস্বপ্নের অধ্যায় রচনার শুরুটা করলেন তিনি দুর্দান্ত।
১৪৪ রানের পুঁজি নিয়ে যখন বাংলাদেশের অপেক্ষা উদ্বেগ নিয়ে, তাসকিনের দুটি ডেলিভারি বাংলাদেশকে এনে দিল জয়ের তরতাজা বিশ্বাস। ইনিংসের প্রথম দুই বলে দুটি উইকেট নিয়ে চেপে ধরলেন নেদারল্যান্ডসকে। পরে যখন কলিন আকারম্যানের সৌজন্যে চলছে ডাচদের লড়াই, আবার এক ওভারে দুই উইকেট নিয়ে তাসকিন অনেকটা নিশ্চিত করে দিলেন দলের জয়।
৪১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে আগে কখনোই ম্যাচে দুই উইকেটের বেশি পাননি। এবার ইনিংসের শুরুতেই হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন, ক্যারিয়ারে প্রথম চার উইকেট নিয়ে পাঁচ উইকেটের হাতছানিও দেখলেন। জয়ের নায়ক হয়ে এই সংস্করণে প্রথমবার ম্যাচ সেরার স্বীকৃতি পেলেন।
এমন নয় যে, ২০১৬ আসরের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি আর ম্যাচ খেলেননি। গত বছর সংযুক্ত আরব আমিরাতেও তিনি খেলেন। শুরুটা ভালো না করলেও পরে বেশ ভালো বোলিং করেন। মূল পর্ব নিশ্চিত করার ম্যাচে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচে ১২ রানে নেন ২ উইকেট, যেটা ছিল তার তখনকার সেরা বোলিং। পরে মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন। তবু প্রাপ্তির পূর্ণতা ছিল না। ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া, দলের জয়ের নায়ক হওয়ার পারফরম্যান্স ছিল না।
এবার অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ শুরু করলেন সেই অপ্রাপ্তি ঘুচিয়ে নতুন অর্জনে নিজেকে রাঙিয়ে।
ইনিংসের শুরু থেকেই শুরু প্রাপ্তির পথে তার পথচলা। ১৪৪ রানের পুঁজি নিয়ে জরুরি ছিল দ্রুত উইকেট নেওয়া। তাসকিন এতটাই দ্রুত এবং এমনভাবে সেই দাবি মেটান, দলের শরীরী ভাষাই তাতে পাল্টে যায় পুরোপুরি।
প্রথম বলটি করেন তিনি ইনসুইঙ্গার, বাঁহাতি ব্যাটসম্যান বিক্রমজিত সিংয়ের জন্য যেটি আউটসুইঙ্গার। মুভমেন্ট আদায় করেন বল পিচ করার পরও। স্লিপে দারুণ ক্যাচ নিয়ে বাকিটা সারেন ইয়াসির আলি। পরের বলটি করেন তিনি আউটসুইঙ্গার, সেই ফাঁদে পা দেন ডাচদের সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভা বলে বিবেচিত বাস ডে লেডে।
এমন শুরুর পর উজ্জীবিত বাংলাদেশ প্রতিপক্ষকে আরও চেপে ধরে ফিল্ডিংয়ে। জোড়া রান আউটে ১৫ রানে ৪ উইকেট হারিয়ে দিশাহারা হয়ে পড়ে নেদারল্যান্ডস।
ইনিংসের প্রথম ওভারটি করতে যখন বল হাতে ছুটলেন তাসকিন, নতুন বল কাজে লাগানোর তাড়না ছিল তার। ম্যাচের পর বললেন, সুইংয়ের ভাবনাই মাথায় গেঁথে নিয়েছিলেন তিনি।
“উইকেট দেখে মনে হয়েছে এখানে ১৪০-১৫০ ভালো স্কোর। বোলিংয়ের শুরুতে আমি শক্তির জায়গার মৌলিক দিকটা ঠিক রেখে শুরু করতে চেয়েছিলাম। নতুন বলে ভালো জায়গা থেকে একটু সুইং করানো। মৌলিক দিকটা ঠিকঠাক করার চেষ্টা করেছি। উইকেট, কন্ডিশন অনুযায়ী যা চাহিদা ছিল, সে অনুযায়ী বোলিং করছিলাম।”
“আমরা গত কয়েকটি ম্যাচ দেখছিলাম। নতুন বল এখানে উপমহাদেশের চেয়ে বেশি সুইং হয়। পেসাররা সবাই কঠোর পরিশ্রম করছিল। আমরা নিউজিল্যান্ডেরও কিছু সময় কাটিয়েছি। এখানে এসে চেষ্টা করেছি মৌলিক দিকগুলো যেন ঠিক থাকে।”
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো বোলারের হ্যাটট্রিক নেই এখনও। তাসকিনের সামনে সেই সুযোগটি এসেছিল। ইনিংসের প্রথম তিন বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক করতে পারলে স্মরণীয় এক কীর্তিও হতো।
সেটি পেরে ওঠেননি। নিজের ৪ ওভারের শেষ বলটিতে দুর্দান্ত এক ইয়র্কার করেও অল্পের জন্য পাননি ৫ উইকেটের দেখা। তাতে একটু আক্ষেপ তার আছে। তবে দিনশেষে তার টুকটাক ব্যক্তিগত আফসোস তুচ্ছ হয়ে গেছে দলের জয়ের স্বস্তির কাছে।
“অবশ্যই ছিল (হ্যাটট্রিকের আশা)… তবে একই প্রক্রিয়ায় বল করেছিলাম। আসলে হ্যাটট্রিক, পাঁচ উইকেটে একটু ভাগ্যেরও সহায়তা লাগে। তবে আলহামদুলিল্লাহ, জিততে পেরেছি। জেতানোর পেছনে অবদান ছিল, তাতেই খুশি আমি।”
তিনি খুশি, তবে তৃপ্তির ঢেকুর তুলছেন না এখনই। না দলের জয়ে, না নিজের বোলিংয়ে। এক ম্যাচের ভালো বোলিং আর নায়কোচিত পারফরম্যান্সে তো আর অনেক দুঃসময়কে আড়াল করা যায় না! অনেক পথ পেরিয়ে তবেই ওপরে ওঠার সিড়ির দেখা পেয়েছেন, এখান থেকে আর পিছলে পড়তে চান না তিনি।
নিজের এগিয়ে চলার পথে গোটা পেস আক্রমণকে সঙ্গী করে নিতে চান তিনি। নিজে যেমন জায়গা করে নিতে চান বিশ্বসেরাদের তালিকায়, তেমনি সবাই মিলে আলাদা করে নিজেদের চেনাতে চান বিশ্বমঞ্চে।
“এখনও আমার অনেক উন্নতি করার আছে। আমি পরিপূর্ণ ক্রিকেটার হতে চাই। পরিকল্পনার বাস্তবায়ন যখন যেটা চাই, দুই দিকে সুইং করানো, দলের জয়ে অবদান রাখা, সবসময় এটাই আমার লক্ষ্য। আমি চাই আরও দুই ধাপ ওপরে যেতে। সব দেশেই বিশ্বমানের বোলার আছে। আমাদের বাংলাদেশেও আছে। আমরা যদি আরও এক ধাপ ওপরে যেতে পারি, তাহলে সবাই আমাদেরও ওইভাবে বিবেচনা করবে। এটাই মূল লক্ষ্য।”
