উইন্ডিজকে বিদায় করে সুপার টুয়েলভে আয়ারল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে আইরিশদের কাছে পাত্তাই পেল না দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
দুই দলেরই দেয়ালে ঠেকে গিয়েছিল পিঠ, জয়ের বিকল্প ছিল না। এমন সমীকরণের ম্যাচে ব্যাটে-বলে জ্বলে উঠলেন আয়ারল্যান্ডের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ নাগালে রাখতে বড় অবদান রাখলেন গ্যারেথ ডেলানি। পরে টপ অর্ডার তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিল আইরিশরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের শুক্রবারের ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা মরার। হোবার্টে উজ্জীবিত ক্রিকেটে নিজেকে মেলে ধরে ৯ উইকেটের জয় তুলে নেয় আইরিশরা।
দলের জয়ের ভিত গড়ে দেওয়া ডেলানি জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে নেন ভয়ঙ্কর তিন ব্যাটসম্যান এভিন লুইস, নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলের উইকেট।
ডেলানির সঙ্গে বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সতীর্থদের ব্যর্থতার দিনে ১ ছক্কা ও ৬ চারে ৪৮ বলে অপরাজিত ৬২ রান করেন ব্র্যান্ডন কিং।
রান তাড়ায় ৪৮ বলে ২ ছক্কা ও ৬ চারে ৬৬ রানের ইনিংস খেলে দলের জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন স্টার্লিং। বিস্ফোরক ব্যাটিংয়ে তিনটি করে ছক্কা ও চারে ২৩ বলে ৩৭ রান করেন অধিনায়ক অ্যান্ডি বালবার্নি। লর্কান টাকারের দুটি করে ছক্কা-চারে ৩৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে ১৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড।
হার দিয়ে দুই দলই শুরু করেছিল এবারের আসর। জিম্বাবুয়ের বিপক্ষে হারা আয়ারল্যান্ড টানা দুই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিল। স্কটল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডের সঙ্গে হেরে প্রথমবার প্রাথমিক পর্ব খেলা ক্যারিবিয়ানদের বিশ্ব মঞ্চে পথচলা শেষ হয়ে গেল।
শেষের মতো শুরুটাও বাজে ছিল ওয়েস্ট ইন্ডিজের। তৃতীয় ওভারেই কাইল মেয়ার্সকে হারায় তারা। ব্যারি ম্যাককার্থির বলে মিড-অফে ধরা পড়েন ব্যাটসম্যান। কার্টিস ক্যাম্পারকে টানা দুই চার ও এক ছক্কায় পাল্টা আক্রমণ চালান জনসন চার্লস। পরের ওভারেই সিমি সিংয়ের শিকার হন তিনি।
২৭ রানে ২ উইকেট হারানো দলের হাল ধরেন কিং ও লুইস। একাদশ ওভারে তাদের ৩৯ বলে ৪৪ রানের জুটি ভাঙেন ডেলানি, শুরু থেকে অস্বস্তিতে থাকা লুইস ধরা পড়েন লং-অফে।
দলকে টানতে পারেননি পুরান, পাওয়েলও। লেগ স্পিনার ডেলানির বলে পুরান ক্যাচ দেন ডিপ কাভারে, পাওয়েল মিডউইকেট সীমানায়।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে নিজের মতো খেলে যান কিং। ৬ চারে পঞ্চাশে পা রাখেন ৩৯ বলে। পরে ম্যাককার্থিককে ছক্কায় ওড়ান ডানহাতি এই ব্যাটসম্যান।
শেষ দিকে ক্যারিবিয়ানদের দ্রুত কিছু রান এনে দেন ওডিন স্মিথ। জশ লিটলকে ছক্কার পর শেষ ওভারে মার্ক অ্যাডায়ারকে একটি করে ছক্কা-চার মারেন তিনি। ১২ বলে করেন অপরাজিত ১৯ রান।
রান তাড়ায় বালবার্নি ও স্টার্লিংয়ের ব্যাটে উড়ন্ত সূচনা পায় আয়ারল্যান্ড। দুইজনের তাণ্ডবে প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৪ রান তোলে দলটি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে যা তাদের সর্বোচ্চ।
তৃতীয় বলেই ওবেড ম্যাককয়কে চার মেরে ঝড়ের আভাস দেন স্টার্লিং। আকিল হোসেনকে বালবার্নি ওড়ান ছক্কায়, স্টার্লিং মারেন চার। স্মিথকে তিনি বলে চার-ছক্কা-চার মারেন বালবার্নি। পরে ছক্কায় ওড়ান ম্যাককয়কে। আলজারি জোসেফকে টানা দুই চার হাঁকান স্টার্লিং।
অষ্টম ওভারে এই দুইজনের ৭৩ রানের জুটি ভাঙেন আকিল। কাট করে পয়েন্টে ধরা পড়েন বালবার্নি। মুখোমুখি দ্বিতীয় বলেই চার মেরে টাকারও জানান দেন, তিনিও দ্রুত রান তুলতেই এসেছেন।
স্মিথকে চার মেরে ৩২ বলে ক্যারিয়ারের ২১তম ফিফটি স্পর্শ করেন স্টার্লিং। এক বল পর ক্যাচ দিয়েও ‘নো’ বলের জন্য বেঁচে যান টাকার।
১৭ রানে জীবন পেয়ে টাকার আকিল ও ম্যাককয়কে মারেন একটি করে ছক্কা। ১৮তম ওভারে ম্যাককয়কে চার মেরেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
দ্বিতীয় উইকেটে স্টার্লিং ও টাকার গড়েন ৬১ বল স্থায়ী ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১৪ ওভারে ১৪৬/৫ (মেয়ার্স ১, চার্লস ২৪, লুইস ১৩, কিং ৬২*, পুরান ১৩, পাওয়েল ৬, স্মিথ ১৯*; লিটল ৪-০-৩১-০, অ্যাডায়ার ৪-০-১২-০, ম্যাককার্থি ৪-০-৩৩-১, ক্যাম্পার ২-০-২৮-০, সিমি ২-০-১১-১, ডেলানি ৪-০-১১-৩)
আয়ারল্যান্ড: ১৭.৩ ওভারে ১৫০/১ (স্টার্লিং ৬৬*, বালবার্নি ৩৭, টাকার ৪৫*; ম্যাককয় ৩.৩-০-২৭-০, আকিল ৪-০-৩৮-১, জোসেফ ৪-০-৩৯-০, স্মিথ ২-০-২৩-০, হোল্ডার ৪-০-২৩-০)
ফল: আয়ারল্যান্ড ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: গ্যারেথ ডেলানি
