হতাশার পরাজয়ের পর দ্রুতই নতুন ম্যাচ খেলতে চান পুরান
স্কটল্যান্ডের কাছে হেরে কঠিন অবস্থায় পড়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ
ম্যাচের আগেই নিজেদের আন্ডারডগ হিসেবে মেনে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরান। হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে তাদের পারফরম্যান্সেও দেখা গেল এর ছাপ। স্কটিশ বোলারদের সামনে কাবু হয়ে ৪২ রানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করল ক্যারিবীয়রা। এই ম্যাচের দুঃখ ভুলতে আবার মাঠে নামতে উন্মুখ থাকার কথা বললেন পুরান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচ হেরে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন কঠিন পথ। সুপার টুয়েলভ খেলতে জিততে হবে পরের দুই ম্যাচ।
স্কটল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেছে ১১৮ রানে। শেষ দিকে জেসন হোল্ডার ৩৮ রানের ইনিংস খেলায় পরাজয়ের ব্যবধান কিছুটা কমেছে। নইলে হয়তো একশর আগেই গুটিয়ে যেত ক্যারিবিয়ানরা।
হতাশাজনক পরাজয়ের পর নিজেদের গুছিয়ে নিতে খুব একটা সময় পাবে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। একদিন পর বুধবার জিম্বাবুয়ের মুখোমুখি হতে হবে তাদের। এরপর শুক্রবার হবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচ।
এমন ব্যস্ত সূচিতে কোনো আপত্তি নেই পুরানের। পুরস্কার বিতরণ মঞ্চে তিনি বললেন, দ্রুতই নতুন ম্যাচ খেলতে চান তিনি।
“কখনও কখনও হারলে বা খেলোয়াড় হিসেবে খারাপ খেলার পর আপনি দ্রুতই পরের ম্যাচ খেলতে চাইবেন। আমাদের সামনে এখন কঠিন পরিস্থিতি। দুটি ম্যাচই জিততে হবে। এখান থেকে নিজেদের শুধরে সামনে এগোতে হবে।”
স্কটিশদের দারুণ সাফল্যে বড় ভূমিকা রেখেছেন দুই স্পিনার মাইকেল লিস্ক ও মার্ক ওয়াট। বাঁহাতি স্পিনে ৪ ওভারে মাত্র ১২ রানে ৩ উইকেট নিয়েছেন ওয়াট। লিস্ক টানা চার ওভারের স্পেলে ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।
দুই স্পিনারের ৮ ওভারে ২৬ রানে পাঁচ উইকেট হারানোর ব্যাখ্যা নেই পুরানের কাছে। এই উইকেটে ১৬০ রান টপকানো কঠিন ছিল না বলে মনে করেন তিনি।
“এমন উইকেটে ১৬০ রান গড়পড়তা সংগ্রহ। আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। পাওয়ার প্লেতে ভালো শুরুর পর এভাবে মুখ থুবড়ে পড়া মেনে নেওয়া যায় না। উইকেটে খুব বেশি স্পিন ধরছিল না। আমাদের ব্যাটিং খুবই হতাশাজনক ছিল। এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে।”
“আমাদের জন্য খুবই কঠিন পরাজয়। প্রথম ম্যাচ সবসময় গুরুত্বপূর্ণ। এখন আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং পরের দুই ম্যাচ জিততে হবে। এই পরাজয়ের দায় আমাদেরই নিতে হবে এবং জবাবদিহিও আমাদের করতে হবে। এটি খুবই হতাশাজনক।”
