লক্ষ্য পূরণ করে আবারও নায়ক মেন্ডিস
পরপর দুই ম্যাচে ফিফটি হাঁকিয়ে দলকে জেতালেন ডানহাতি এ ওপেনার
মঞ্চটা সাজিয়ে দিয়েছিলেন বোলাররা। ছোট লক্ষ্যে দারুণ ব্যাটিং করে বাকি কাজ সারলেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান কুসল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা ও চারিথ আসালাঙ্কা । আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে যাত্রা শুরু করল শ্রীলঙ্কা। পরপর দুই ম্যাচে ফিফটি হাঁকানো মেন্ডিস আবারও পেলেন ম্যাচ সেরার পুরষ্কার।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি ছিল শ্রীলঙ্কার বাঁচা-মরার লড়াই। সেদিন ৪৪ বলে ৭৯ রানের ঝড় তুলে দলকে এনে দেন লড়াই করার পুঁজি। আইরিশদের বিপক্ষে চ্যালেঞ্জ এমন কঠিন ছিল না। তবে সুপার টুয়েলভে ভালো শুরুর একটা তাগিদ ছিলই।
হোবার্টে রোববার লঙ্কানদের বিপক্ষে আগে ব্যাট করা আয়ারল্যান্ড ৮ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি করতে পারেনি। জবাবে মেন্ডিসের ৪৩ বলে ৬৮ রানের ইনিংসে ৯ উইকেটের সহজ জয় পেয়েছে শ্রীলঙ্কা। দল জেতানো অপরাজিত ইনিংসে ৫ চারের সঙ্গে ৩টি ছক্কা মেরেছেন মেন্ডিস।
মেন্ডিসের ইনিংসের সুবাদে স্রেফ ১৫ ওভারেই ১২৯ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে লঙ্কানরা। এমন ব্যাটিংয়ের পর ম্যাচ সেরার পুরস্কারে মেন্ডিসের প্রতিদ্বন্দ্বী ছিলেন না আর কেউ। এ নিয়ে বিশ্বকাপে দ্বিতীয়বার ম্যান অব দ্য ম্যাচ হলেন তিনি। ডাচদের বিপক্ষে আগের ম্যাচেই প্রথম এ স্বীকৃতি পান তিনি।
পুরষ্কার গ্রহণ করে মেন্ডিস জানালেন দলের পক্ষ থেকে তার কাছে চাওয়া ছিল ১০ ওভার ব্যাটিং করা। আর দলের লক্ষ্য ছিল ১৭ ওভারের মধ্যে ম্যাচ জেতা। দারুণ ফর্মে থাকা মেন্ডিস দলের দুইটি চাওয়াই পূরণ করেছেন।
“তাদেরকে (আয়ারল্যান্ড) অল্পেই আটকে রেখে বোলাররা দারুণ করেছে। আমি শুধু নিজের খেলাটা খেলেছি। দলের পক্ষ থেকে বলা হয়েছিল প্রথম ছয় ওভার পার করতে। পরে ১০ ওভার পর্যন্ত খেলে যেতে। আমরা ১৭ ওভারের মধ্যে জিততে চেয়েছিলাম।”
