২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘এই বিশ্বকাপের চেয়ে বুমরাহর ক্যারিয়ার বাঁচানো গুরুত্বপূর্ণ’

ক্যাপ্টেনস ডের খোশ মেজাজের আয়োজনে ভারী প্রশ্নের সামনেও পড়েছেন রোহিত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2022, 06:50 PM

Updated : 16 Oct 2022, 10:41 PM

বিশ্বকাপের গুরুত্ব নিয়ে কোনো সংশয় নেই। তবে একটি টুর্নামেন্টের চেয়ে একজন খেলোয়াড়ের ক্যারিয়ার আরও বেশি গুরুত্বপূর্ণ রোহিত শর্মার কাছে। তাই চোটের জন্য জাসপ্রিত বুমরাহর ছিটকে যাওয়া, তার অনুপস্থিতিতে বোলিংয়ে শক্তি কমে যাওয়া নিয়ে খুব একটা ভাবছেন না ভারত অধিনায়ক।  

বিশ্বকাপ শুরুর আগে শনিবার মেলবোর্নে সব দলের অধিনায়ককে নিয়ে ক্যাপ্টেনস ডে আয়োজন করে আইসিসি। যেখানে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন অধিনায়কেরা। রোহিতকেই করা হয় সবচেয়ে বেশি প্রশ্ন। 

পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপে না থাকা ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র বুমরাহর প্রসঙ্গ এসেছে স্বাভাবিকভাবেই। রোহিত বললেন, সম্ভাব্য সব চেষ্টার পরই কেবল হাল ছেড়েছেন তারা। 

“বুমরাহর চোট নিয়ে আমরা অনেক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। কিন্তু কোথাও কোনো ইতিবাচক উত্তর পাইনি। এই বিশ্বকাপ গুরুত্বপূর্ণ। তবে ওর ক্যারিয়ার আরও বেশি গুরুত্বপূর্ণ। ওর বয়স মাত্র ২৭-২৮, সামনে আরও অনেক ক্রিকেট পড়ে আছে।” 

পিঠের চোটের কারণে বুমরাহকে আরও প্রায় ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। ২০২১ সালের শুরু থেকে এখন পর্যন্ত ভারতের খেলা ৯১টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৬২টিতেই ছিলেন না তিনি। কখনও বিশ্রাম, কখনও চোটের কারণে এ তারকা পেসারকে সিংহভাগ সময়েই পায়নি ভারত। 

এবার বিশ্বকাপের মতো আসরে বুমরাহর অভাব অনুভব করবে ভারত। 

“আমরা বুমরাহর ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারি না। যতজন বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সবাই একই মতামত দিয়েছেন। ওর সামনে এখনও অনেক সময় বাকি আছে। ও আরও অনেকদিন খেলবে এবং ভারতকে জিততে সহায়তা করবে। এতে সন্দেহ নেই বিশ্বকাপে আমরা ওকে মিস করব।” 

বুমরাহর জায়গায় আরেক ডানহাতি পেসার মোহাম্মদ শামিকে ভারতের বিশ্বকাপ দলে নেওয়া হয়েছে। তিনি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর এই সংস্করণে জাতীয় দলে খেলেননি। তবে সবশেষ আইপিএলে ১৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে গুজরাট টাইটান্সের শিরোপা জেতায় বড় অবদান রাখেন উত্তর প্রদেশের এ ফাস্ট বোলার। 

বিশ্বকাপে যাওয়ার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই সিরিজে খেলার সুযোগ ছিল শামির সামনে। কিন্তু করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আর খেলা হয়নি। রোহিত জানালেন, সব ধরনের শারীরিক জটিলতা কাটিয়ে বিশ্বকাপ খেলার জন্য পুরোপুরি ফিট শামি। 

“দুই-তিন সপ্তাহ আগে কোভিড-১৯ এর কারণে দূরে ছিল শামি। তখন সে নিজের বাড়িতে ছিল। এরপর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ১০ দিনের কঠোর পরিশ্রম করেছে। কোভিডের পর দারুণ রিকভার করেছে। তিন-চারটি বোলিং সেশন করেছে। শামির কথা বললে এদিক থেকে সব ঠিক আছে।” 

আগামী ২৩ অক্টোবর চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ অভিযান। তার আগে স্বাগতিক অস্ট্রেলিয়া (১৭ অক্টোবর) ও নিউজিল্যান্ডের (১৯ অক্টোবর) বিপক্ষে দুইটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।