পরীক্ষার আগের রাতে পড়তে চান না সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে নতুন কিছু না করে স্রেফ রিভিশনের পক্ষে বাংলাদেশ অধিনায়ক।
সারা বছর ফাঁকিবাজি করা ছাত্রটিও পরীক্ষার আগের রাতে বসে যান বই-খাতা নিয়ে। চেষ্টা করেন যে করেই হোক নিজেকে তৈরি করতে। সব শেষ হোক বা না হোক, আগের রাতে পড়ার আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষার হলে হাজির হন তিনি। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান তেমন ছাত্র হতে চান না। তিনি বরং আগে পড়ে রাখা সবকিছু পরীক্ষার আগে স্রেফ ‘রিভিশন’ দিয়ে যেতে চান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি নিয়ে এভাবেই রূপকার্থে বলেছেন সাকিব। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রোটিয়াদের মুখোমুখি হবে তার দল।
নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভসূচনার পর দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য যথাযথ প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তাই এখন শেষ মুহূর্তে কোনো কিছু নিয়ে নতুন করে আলোচনার পক্ষে নন তিনি। বরং প্রস্তুতি পর্বে যে কথা হয়েছে সেটিই পুনরায় ভালোভাবে আত্মস্থ করার কথা বললেন সাকিব।
তার কাছে প্রশ্ন করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার তাবরাইজ শামসি ও কেশভ মহারাজকে সামলানোর জন্য কোনো বিশেষ প্রস্তুতি বা পরিকল্পনা আছে কি না? উত্তরে সাকিব উদাহরণ টানেন পরীক্ষার আগের রাতের পড়ার। তার মতে, এখন যার যার মতো ঝালাই করে নিলেই হবে।
“(দক্ষিণ আফ্রিকার স্পিনারদের ব্যাপারে) দল হিসেবে আমরা সেভাবে কথা বলে নিইনি। আমাদের যা কথা বলার ছিল সেটি প্রস্তুতির সময়েই বলেছি। এখন কথা বলে খুব বেশি উপকার হবে কি না... এখন যদি বেশি শিখতে যাই এমন অবস্থা হবে পরীক্ষার আগের রাতে পড়ার মতো।”
“আমার ধারণা আমাদের প্রস্তুতি ভালো আছে। এখন শুধু যার যার মতো রিভিশন দেওয়া দরকার, তার নিজের জায়গা থেকে সে কাজটা করবে। সে তার মতো নিজের গেম প্ল্যান ঠিক করবে এবং কীভাবে প্রতিপক্ষের বোলার-ব্যাটসম্যানকে সামলাবে সেটি তার নিজের ওপর নির্ভর করবে।”
এসময় সাকিব জানান, দলের প্রত্যেককে নিজের খেলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া আছে।
“কেউ যদি মনে করে প্রথম বলে গিয়ে চার-ছক্কা মারতে চায়, মারবে। কেউ যদি চায় প্রথম বল বাউন্সার করবে বা ইয়র্কার করবে, করতে পারে। সবার সেই স্বাধীনতা আছে।”
