২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরের ম্যাচেই বড় ইনিংস খেলার প্রত্যয় শান্তর

টি-টোয়েন্টিতে থিতু হয়েও বারবার আউট হওয়ার ধারা থেকে শিগগিরই বের হবেন বলে বিশ্বাস বাংলাদেশের ব্যাটসম্যানের।

হোবার্ট থেকে ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 08:17 PM

Updated : 24 Oct 2022, 08:58 PM

প্রশ্নটা করা হলো বিশদভাবে। বেশ লম্বা করে। নাজমুল হোসেন শান্তর উত্তরটা ছোট্ট। ঠোঁটের কোণে হাসি আর স্থির কণ্ঠে সময়ের তুমুল আলোচিত এই ব্যাটসম্যান বললেন, “আমার মনে হয়, সামনের ম্যাচে ইনশাল্লাহ হবে…।”

আলোচনায় থাকা যায় অনেক কিছু করেই। তবে শান্ত আপাতত বাংলাদেশ ক্রিকেটে প্রবলভাবে চর্চিত (বলা ভালো সমালোচিত) তেমন কিছু করতে না পারায়। কিছু পারার ইঙ্গিত অবশ্য তিনি দিয়েছিলেন সোমবার হোবার্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত পারেননি।

পারছেন না আসলে ম্যাচের পর ম্যাচ ধরেই। সেই আক্ষেপ থামবে বলেই তার বিশ্বাস। হবে, পরের ম্যাচেই হবে। তার ব্যাট থেকে আসবে বড় ইনিংস!

বিশ্বকাপ অভিযানের প্রথম চ্যালেঞ্জে এবার বাংলাদেশকে ভালো শুরু এনে দেওয়ার অন্যতম কারিগর তিনি। সৌম্য সরকারের সঙ্গে মিলে বেলেরিভ ওভালে ৫ ওভারে তোলেন ৪৩ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে আগের টানা ৩০ ম্যাচে বাংলাদেশের কোনো উদ্বোধনী জুটি এত ভালো শুরু পায়নি।

সৌম্য সরকারের দুই বাউন্ডারিতে প্রথম ওভারে ১২ রান নিয়ে শুরু করে দল। এরপর শান্তর ব্যাট থেকে আসে দারুণ চারটি বাউন্ডারি। বিশেষ করে বাস ডে লেডের বলে যে অন ড্রাইভটি খেলেন, সম্ভবত গোটা ম্যাচের সেরা শট ছিল সেটি।

সব মিলিয়ে বেশ ভালো শুরু। পাওয়ার প্লে শেষে তার রান ১৯ বলে ২৫। ভিত্তি গড়া শেষে যখন সৌধ তোলার পালা, তখনই বিপত্তি। বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলকে স্লগ করে বিলিয়ে দেন নিজের উইকেট।

টি-টোয়েন্টিতে শান্তর ব্যাটিংয়ের নিয়মিত চিত্র এটি। এই নিয়ে টি-টোয়েন্টিতে টানা ৭ ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করলেন তিনি, ৫টিতেই ছাড়ালেন ১৫ রান। কিন্তু সর্বোচ্চ ইনিংসটি কেবল ৩৭ রানের।

টি-টোয়েন্টিতে তার আগের একটি ইনিংস আছে ৪০ রানের। ১৩ ম্যাচের ক্যারিয়ারে সেটিই এখনও পর্যন্ত সর্বোচ্চ। বারবার ভালো শুরু করেও আউট হয়ে ফেরার সঙ্গে যেন নিয়তি বেঁধে নিয়েছেন তিনি।

এসব বাস্তবতা তুলে ধরেই নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হয়, সমস্যাটি কি স্কিলের নাকি মনস্তাত্ত্বিক? তিনি সমস্যা এড়িয়ে সরাসরি সমাধানের আশ্বাস দিলেন ওপরে তুলে ধরা ওই ৭ শব্দের ছোট্ট বাক্যে।

তার বিশ্বাস আর আশ্বাসের কতটা বাস্তবায়িত হবে, সেটির উত্তর মিলবে বৃহস্পতিবার সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে দেশের ক্রিকেটে আপাতত তাকে নিয়ে প্রশ্নের শেষ নেই। সংবাদমাধ্যমে সমালোচনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে সবচেয়ে ট্রলের শিকার ক্রিকেটার হয়তো তিনিই।

তবে আগেও তিনি নানা সময়ে বলেছেন, এসবকে খুব একটা পাত্তা দেন না। ২২ গজে তার পারফরম্যান্স এখনও প্রশ্নবিদ্ধ, সামর্থ্য নিয়ে সংশয় অনেক। তবে মাইক্রোফোন-রেকর্ডারের সামনে কথাবার্তায় তিনি বরাবরই গোছানো ও পরিমিতি। এবারও সমালোচনার প্রশ্নে তিনি বুঝিয়ে দিলেন কথার খেলায় তার দক্ষতা।

“আমার মনে হয়, আমাকে নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ম্যাচ আমরা জিতেছি, এটা বেশি গুরুত্বপূর্ণ। খুব ভালো একটি শুরু হয়েছে। আশা করব, সামনের ম্যাচগুলিও আমরা এভাবে চেষ্টা করব ভালো খেলার।”

সমালোচনার এই বিরুদ্ধ স্রোতেও তার জন্য আস্থার বাঁধ হয়ে রয়েছে টিম ম্যানেজমেন্ট। ভরসার কথা তো তারা প্রকাশ্যে জোর দিয়ে বারবার বলছেনই, গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়ে তাকে সুযোগও দেওয়া হচ্ছে নিজেকে মেলে ধরার। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শান্ত শোনালেন, গোটা দলেই এখন এই পারস্পরিক আস্থার আবহ।

“প্রথম থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ও অধিনায়ক অনেক সাপোর্ট করছে। সবাই একসঙ্গে আছে, একজন আরেকজনকে সহায়তা করছে, আরেকজনের সাফল্য উদযাপন করছে, খারাপ করলে পাশেও আছে। সব মিলিয়ে দলীয় আবহ খুবই ভালো।”

“আমরা এই পুরো সফরে নেতিবাচক কিছু চিন্তাই করছি না। আজকে ভালো শুরু পেয়েছি টপ অর্ডারে, আশা করব সামনের ম্যাচেও এটা ধরে রাখতে। যার যার যে স্কিল আছে, এটাই দেখানোর চেষ্টা করছে। শতভাগ দেওয়ার চেষ্টা করছে।”