২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচে দুই ‘প্রথমের’ স্বাদ জোসেফের

টি-টোয়েন্টিতে প্রথমবার ম্যান অব দা ম্যাচ হলেন এই পেসার।

এক ম্যাচে দুই ‘প্রথমের’ স্বাদ জোসেফের

ব্যাটসম্যানকে আউট করে উদযাপন করছেন আলজারি জোসেফ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2022, 06:53 PM

Updated : 19 Oct 2022, 06:56 PM

আক্রমণে এসে দ্বিতীয় বলে আলজারি জোসেফ ধরলেন শিকার। দুই স্পেলে নিজের চার ওভারেই উইকেট পেলেন ওয়েস্ট ইন্ডিজের এই পেসার। ক্যারিয়ার সেরা বোলিং উপহার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলের জয়ে রাখলেন বড় অবদান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার জোসেফের আগুনে বোলিংয়ে জিম্বাবুয়েকে ৩১ রানে হারায় ক্যারিবিয়ানরা। টিকে থাকার লড়াইয়ে স্রেফ ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের চতুর্থ বোলার হিসেবে ৪ উইকেট নিলেন জোসেফ। দলটির হয়ে বিশ্ব মঞ্চে তার এই বোলিং দ্বিতীয় সেরা, পেসারদের মধ্যে সেরা। ২০১৪ আসরে লেগ স্পিনার স্যামুয়েল বদ্রির বাংলাদেশের বিপক্ষে ১৫ রানে ৪ উইকেট এখনও সেরা।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ৪ উইকেট পেলেন জোসেফ। এই অর্জনের সঙ্গে আরেকটি প্রথমের স্বাদও পেলেন তিনি; টি-টোয়েন্টিতে ম্যাচ সেরার পুরস্কার।

এই সংস্করণে দেশের হয়ে অবশ্য বেশি ম্যাচ খেলেননি ২৫ বছর বয়সী জোসেফ। আগের ৮ ম্যাচে তার উইকেট ছিল ১২টি, সেরা বোলিং ২১ রানে তিন উইকেট।

জিম্বাবুয়ের বিপক্ষে এদিন জোসেফের চারটি উইকেটই ছিল বোল্ড! প্রথমটি নেন তিনি তৃতীয় ওভারে আক্রমণে এসে। অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে আনেন রেজিস চাকাভা।

পরের ওভারের শুরুটা জোসেফের ভালো হয়নি। প্রথম বলে চারের পর তাকে ছক্কায় ওড়ান ওয়েসলি মাধেভেরে। পঞ্চম বলে এই পেসার ১৪৫ কিমি গতির ইয়র্কারে ভেঙে দেন টনি মুনিয়োঙ্গার স্টাম্প।

দ্বিতীয় স্পেলে তাকে ষোড়শ ওভারে ডাকেন নিকোলাস পুরান। অধিনায়কের আস্থার প্রতিদান দেন তিনি রিচার্ড এনগারাভার স্টাম্প এলোমেলো করে। শেষ দিকে জিম্বাবুয়ের আশা বাঁচিয়ে রাখা লুক জঙ্গুয়েকেও দারুণ এক ইয়র্কারে বোল্ড করে দেন এই পেসার।

আগে ব্যাটিংয়ে নেমে ১৫৩ রান করা ওয়েস্ট ইন্ডিজ প্রতিপক্ষকে গুটিয়ে দেয় ১২২ রানে।