আমিরাতের ঐতিহাসিক জয়ে নামিবিয়ার বিদায়, সুপার টুয়েলভে নেদারল্যান্ডস
ডেভিড ভিসার বিস্ফোরক ইনিংসেও পেরে উঠল না নামিবিয়া।
‘সবকিছু আমাদের হাতেই’, টসের সময় বললেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। তাদের বোলাররা লক্ষ্যটা নাগালেও রাখল। কিন্তু ধস নামল ব্যাটিংয়ে। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে খুনে ইনিংসে চেষ্টা চালালেন ডেভিড ভিসা। কিন্তু পারলেন না তিনি অল্পের জন্য। ইতিহাস গড়া জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করল সংযুক্ত আরব আমিরাত।
ভিক্টোরিয়ার জিলংয়ে বৃহস্পতিবার প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ে আমিরাতের জয় ৭ রানে। ১৪৮ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দিয়েছে ১৪১ রানে।
আমিরাতের জয়ে এই গ্রুপের রানার্সআপ হয়ে সুপার টুয়েলভে উঠে গেল নেদারল্যান্ডস। দিনের প্রথম ম্যাচে ডাচদের হারিয়ে পরের ধাপের টিকেট নিশ্চিত করা শ্রীলঙ্কা হলো গ্রুপ চ্যাম্পিয়ন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ছয় ম্যাচ খেলে প্রথম জয় পেল আমিরাত। আর ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে ১৭ ম্যাচে স্রেফ দ্বিতীয় জয়। প্রথমটি ছিল সেই ১৯৯৬ ওয়ানডে বিশ্বকাপে।
এবারের স্মরণীয় জয়ের নায়ক মুহাম্মদ ওয়াসিম। এই ওপেনার প্রথমে ব্যাট হাতে ৪১ বলে খেলেন ৫০ রানের কার্যকর ইনিংস। পরে এক বছর বাদে টি-টোয়েন্টিতে বল হাতে নিয়ে মিডিয়াম পেসে ডেথ ওভারে দুই ওভারে ১৬ রান দিয়ে নেন ভিসার গুরুত্বপূর্ণ উইকেট।
একটা পর্যায়ে ৬৯ রানে ৭ উইকেট হারানো নামিবিয়ার আশা জাগিয়ে তোলেন ভিসা। শেষ ওভারে তাদের দরকার ছিল ১৪ রান। ওয়াসিমের প্রথম তিন বলে আসে ৪ রান। চতুর্থ বলে ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন ভিসা। নামিবিয়ার আশাও শেষ হয়ে যায় সেখানেই। এই ওভারে ওয়াসিম রান দেন স্রেফ ৬।
বিফলে যায় ভিসার ৩৬ বলে ৩টি করে ছক্কা-চারে গড়া ৫৫ রানের ইনিংস। কাজে আসেনি রেকর্ড গড়া জুটিও। রুবেন ট্রাম্পেলমানের সঙ্গে ভিসার ৪৪ বলে ৭০ রানের জুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে অষ্টম উইকেটে সর্বোচ্চ।
নামিবিয়ার সামনে সমীকরণ ছিল সহজ-জিতলেই মিলবে সুপার টুয়েলভের টিকেট। কিন্তু রান তাড়ায় তাদের ব্যাটসম্যানরা যোগ দেন আসা-যাওয়ার মিছিলে।
শুরুটা স্টিভেন বার্ডকে দিয়ে। দ্বিতীয় ওভারে জুনাইদ সিদ্দিকের শর্ট বলে ক্যাচ তুলে দেন তিনি। পরের ওভারে বিদায় নেন আরেক ওপেনার মাইকেল ফন লিনগেন। তাকে ফেরানোর পর ইয়ান নিকোল লফটি-ইটনের উইকেট তুলে নেন বাসিল হামিদ।
আগের ম্যাচে হ্যাটট্রিক করা লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পান এবার প্রথম ওভারেই শিকার ধরেন এরাসমাসকে বোল্ড করে। এই ওভারেই জেজে স্মিট কাটা পড়েন রান আউটে। অষ্টম ওভারে তাদের স্কোর হয়ে যায় ৫ উইকেটে ৪৬।
এরপরই উইকেটে আসেন ভিসা। তাকে এক পাশে রেখে দ্রুত বিদায় নেন ইয়ান ফ্রাইলিঙ্ক ও জেন গ্রিন। নামিবিয়ার সামনে তখন একশর আগে গুটিয়ে যাওয়ার চোখ রাঙানি।
শেষ পাঁচ ওভারে তাদের দরকার ছিল ৬৪ রান। মিয়াপ্পানের করা ষোড়শ ওভারে ভিসা ও ট্রাম্পেলমান তোলেন ১৮ রান।
পরের ওভারে ওয়াসিমের পঞ্চম বলে ছক্কা মারেন ভিসা। শেষ বলে তার ক্যাচ ফেলেন বোলার নিজেই। অষ্টাদশ ওভারে জুনাইদকে চার-ছক্কার পর ভিসা ফিফটি পূর্ণ করেন স্রেফ ৩১ বলে। টি-টোয়েন্টিতে এই নিয়ে তার দুটি ফিফটিই হলো বিশ্বকাপে, প্রথমটি গত আসরে।
শেষ দুই ওভারে দরকার ছিল ২০। শেষের আগের ওভারে দুর্দান্ত বোলিংয়ে জহুর খান দেন স্রেফ ৬ রান। আর শেষ ওভারে ওয়াসিমের ওই বোলিং।
আমিরাত এর আগে ব্যাটিংয়ে নেমেছিল টস জিতে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারালেও তারা তুলতে পারে স্রেফ ৩৬ রান।
নবম ওভারে ভ্রিতিয়া অরভিন্দর (২১) বিদায়ে ভাঙে ৩৯ রানের উদ্বোধনী জুটি। প্রথম ১৯ বলে ওয়াসিমের রান ছিল ১৬। এরপর রানের গতিতে দম দেন তিনি। ফিফটি তুলে নেন ৩৮ বলে। এরপরই শেষ হয় তার ৩ ছক্কা ও একটি চারে গড়া ৫০ রানের ইনিংস।
চতুর্থ উইকেটে সিপি রিজওয়ান ও বাসিল হামিদের ১৮ বলে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে দেড়শর কাছে যায় আমিরাতের পুঁজি।
অধিনায়ক রিজওয়ান ২৯ বলে ৩ চার ও এক ছক্কায় করেন ৪৩ রান। ১৪ বলে ২টি করে চার ও ছক্কায় হামিদ করেন ২৫। শেষ ওভারে দুজন মিলে তোলেন ২১ রান। সেটিই শেষ পর্যন্ত গড়ে দিল বড় ব্যবধান।
গত বছর প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে চমক দেখিয়ে সুপার টুয়েলভে খেলেছিল নামিবিয়া। এবারের আসরেও তারা শুরুটা দারুণ করে এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৫৫ রানে হারিয়ে। কিন্তু পরের দুই ম্যাচ হেরে বিদায় নিতে হলো তাদের।
আর আমিরাত আট বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরে প্রথম দুই ম্যাচে হারলেও শেষটায় ঐতিহাসিক জয়ের আনন্দে মাতল।
সংক্ষিপ্ত স্কোর:
সংযুক্ত আরব আমিরাত: ২০ ওভারে ১৪৮/৩ (ওয়াসিম ৫০, অরভিন্দ ২১, রিজওয়ান ৪৩*, শরাফু ৪, হামিদ ২৫*; ট্রাম্পেলমান ৪-০-২২-০, ভিসা ৪-০-২৭-১, শুলজ ৪-০-২২-১, স্মিট ৪-০-৩৯-০, ফ্রাইলিঙ্ক ৩-০-৩০-০, শিকঙ্গো ১-০-৮-১)
নামিবিয়া: ২০ ওভারে ১৪১/৮ (লিনগেন ১০, বার্ড ৪, লফটি-ইটন ১, এরাসমাস ১৬, ফ্রাইলিঙ্ক ১৪, স্মিট ৩, ভিসা ৫৫, গ্রিন ২, ট্রাম্পেলমান ২৫*, শুলজ ১; হামিদ ৩-০-১৭-২, জুনাইদ ৪-০-৩৫-১, জহুর ৪-০-২০-২, রাজা ১-০-৯-০, মিয়াপ্পান ৪-০-৩৪-১, আয়ান ২-০-৭-০, ওয়াসিম ২-০-১৬-১)
ফল: সংযুক্ত আরব আমিরাত ৭ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মুহাম্মদ ওয়াসিম
