স্টয়নিসের তাণ্ডবে শ্রীলঙ্কাকে হারাল অস্ট্রেলিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম জয় পেল চ্যাম্পিয়নরা।
দেড়শর বেশি রান তাড়ায় পাওয়ার প্লেতে ব্যাট থেকে নেই কোনো বাউন্ডারি। পাল্লা দিয়ে বাড়ছিল বলের সঙ্গে রানের ব্যবধান। জেঁকে বসছিল শঙ্কা। ত্রাতা হয়ে এলেন মার্কাস স্টয়নিস। বিস্ফোরক এক ইনিংসে তিনি সহজ করে দিলেন সবকিছু। তার রেকর্ড গড়া ফিফটিতে স্বস্তির জয় পেল অস্ট্রেলিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে বড় হারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ঘুরে দাঁড়াল চ্যাম্পিয়নরা। পার্থে ১৫৮ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলল ২১ বল বাকি থাকতে।
অথচ একটা পর্যায়ে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৯ বলে ৬০ রান। স্টয়নিসের তাণ্ডবে পরের ১৮ বলেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যায় স্বাগতিকরা!
অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটিতে ১৮ বলে ৬টি ছক্কা ও ৪টি চারে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের সেরা স্টয়নিস।
কিউইদের বিপক্ষে ৮৯ রানের হারে অস্ট্রেলিয়ার নেট রানরেটে পড়েছিল বড় প্রভাব। শ্রীলঙ্কার বিপক্ষে হারলে সেমি-ফাইনালের আশা প্রায় শেষ হয়ে যেত তাদের। আগের দিন শ্রীলঙ্কার রহস্য স্পিনার মাহিশ থিকশানা সেই হুঙ্কারও দিয়ে রেখেছিলেন। তবে পেরে উঠল না লঙ্কানরা।
প্রাথমিক পর্ব পেরিয়ে সুপার টুয়েলভে এসে জয়ে শুরুর পর প্রথম হারের স্বাদ পেল শ্রীলঙ্কা। তাদের হারিয়ে অস্ট্রেলিয়ার নেট রানরেটের ব্যবধানও এলো কমে।
পাথুম নিসানকার মন্থর ইনিংসের পর চারিথ আসালাঙ্কার ২৫ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংসে ১৫৭ রানের পুঁজি পেয়েছিল শ্রীলঙ্কা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা ভালো ছিল না। টানা দুই ম্যাচে ফিফটির পর কুসল মেন্ডিস এবার দুই অঙ্কে যেতে পারেননি।
দলকে এগিয়ে নেন এরপর নিসানকা ও ধনাঞ্জয়া ডি সিলভা। যদিও রানের গতি সেভাবে বাড়াতে পারেননি তারা।
পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে তুলতে পারে কেবল ৩৬ রান, ১০ ওভারে ৬৩।
ধনাঞ্জয়াকে (২৩ বলে ২৬) ফিরিয়ে ৫৮ বলে ৬৯ রানের জুটি ভাঙেন অ্যাশটন অ্যাগার। বাঁহাতি এই স্পিনার সুযোগ পান লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা কোভিড আক্রান্ত হওয়ায়।
একাদশে ফেরা নিসানকাও এরপর বেশিক্ষণ টেকেননি। ৪৫ বলে ৪০ রান করা ব্যাটসম্যান কাটা পড়েন রান আউটে।
শেষ দিকে ভানুকা রাজপাকসা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা তুলতে পারেননি ঝড়। দলের স্কোর দেড়শ পার হয় আসালাঙ্কার ব্যাটে।
শেষ দুই ওভারে আসে ৩১ রান। এর মধ্যে প্যাট কামিন্সের করা শেষ ওভারেই ২০।
আসালাঙ্কা ও চামিকা করুনারত্নের অবিচ্ছিন্ন সপ্তম উইকেট জুটিতে ৩৭ রান আসে স্রেফ ১৫ বলে। ৩ চার ও ২ ছক্কায় গড়া আসালাঙ্কার ৩৮ রানের ইনিংস। ৭ বলে ১৪ রান করেন করুনারত্নে।
বোলিংয়ের শুরুতে একটি ধাক্কা খায় শ্রীলঙ্কা। প্রথম ওভারে পাঁচ বল করার পর অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বিনুরা ফার্নান্দো। তবে অন্য বোলাররা বেঁধে রাখেন অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারকে। পঞ্চম ওভারে আক্রমণে এসেই ওয়ার্নারকে ফিরিয়ে দেন থিকশানা।
প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ছিল কেবল ৩৩। এর মধ্যে দুটি চার হয় আবার বাই থেকে। টি-টোয়েন্টিতে এই প্রথম পাওয়ার প্লেতে কোনো বাউন্ডারি মারতে পারলেন না অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।
বিশ্বকাপে এমন কিছু দেখা গেল তৃতীয়বার। ২০১৪ আসরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তান, ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে পাপুয়া নিউ গিনির এই অভিজ্ঞতা হয়েছিল।
মিচেল মার্শকেও শুরুতেই ফেরানোর সুযোগ এসেছিল। ২ রানে তার ক্যাচ ফেলেন দাসুন শানাকা। ইনিংস যদিও বড় করতে পারেনননি মার্শ (১৮)।
ভানিন্দু হাসারাঙ্গার একই ওভারে ২টি ছক্কা ও একটি চার মেরে রানের গতি বাড়ান গ্লেন ম্যাক্সওয়েল। লাহিরু কুমারার শর্ট বল তার হেলমেটের গ্রিলে লাগার পর কিছুটা শঙ্কা ছড়িয়ে পড়ে। পরের ওভারেই বাউন্ডারিতে ধরা পড়েন তিনি (১২ বলে ২৩)।
এরপর উইকেটে এসেই চিত্র পাল্টে দেন স্টয়নিস। ছয় ওভারে দরকার যখন ৫১ রান, হাসারাঙ্গার টানা তিন বলে তিনি মারেন দুটি ছক্কা ও একটি চার, এই ওভারে আসে ১৯। পরের ওভারে থিকশানাকে তিন ছক্কায় এই অলরাউন্ডার দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন ১৭ বলে।
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ফিফটির আগের রেকর্ড ছিল ওয়ার্নার ও ম্যাক্সওয়েলের। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ার্নার এবং ২০১৪ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ও ২০১৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাক্সওয়েল ফিফটি করেছিলেন ১৮ বলে।
পঞ্চাশ ছোঁয়ার পর স্টয়নিস আরেকটি ছক্কা মারেন কুমারাকে। ওই ওভারেই ডাবল নিয়ে দলের জয়ে তুলির শেষ আঁচর দেন ফিঞ্চ। শুরু থেকে রানের জন্য সংগ্রাম করতে থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক ৪২ বলে একটি চারে করেন ৩১।
অস্ট্রেলিয়ার জন্য বড় হুমকি ভাবা হয়েছিল যাকে, সেই হাসারাঙ্গা ৩ ওভারে দেন ৫৩ রান!
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৫৭/৬ (নিসানকা ৪০, মেন্ডিস ৫, ধনাঞ্জয়া ২৬, আসালাঙ্কা ৩৮*, রাজাপাকসা ৭, শানাকা ৩, হাসারাঙ্গা ১, করুনারত্নে ১৪*; হেইজেলউড ৪-০-২৬-১, কামিন্স ৪-০-৩৬-১, স্টার্ক ৪-০-২৩-১, অ্যাগার ৪-০-২৫-১, স্টয়নিস ২-০-১৭-০, মার্শ ১-০-১৭-০, ম্যাক্সওয়েল ১-০-৫-১)
অস্ট্রেলিয়া: ১৬.৩ ওভারে ১৫৮/৩ (ওয়ার্নার ১১, ফিঞ্চ ৩১*, মার্শ ১৮, ম্যাক্সওয়েল ২৩, স্টয়নিস ৫৯*; বিনুরা ০.৫-০-৫-০, ধনাঞ্জয়া ২.১-০-১৮-১, কুমারা ৩.৩-০-২২-০, করুনারত্নে ৩-০-২১-১, থিকশানা ৩-০-২৩-১, হাসারাঙ্গা ৩-০-৫৩-০, শানাকা ১-০-১০-০)
ফল: অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: মার্কাস স্টয়নিস।
