‘চেনা প্রতিপক্ষের’ বিপক্ষে অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নামিবিয়া
নিজেদের সেরাটা দিতে পারলে নামিবিয়াকে হারান সম্ভব বলে বিশ্বাস সংযুক্ত আরব আমিরাতের।
আইসিসির সহযোগী দেশ হওয়ায় দুই দলের দেখা হয় নিয়মিতই। ফলে নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাতের একে অন্যের শক্তি ও দুর্বলতার দিকটি ভালোই জানা আছে। নিজেদের সুপার টুয়েলভে যাওয়ার স্বপ্ন জিইয়ে রাখার ম্যাচে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চান গেরহার্ড এরাসমাস। নামিবিয়া অধিনায়ক মনে করেন, এটি তাদের বাড়তি সুবিধা দেবে।
প্রাথমিক পর্বের ‘এ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে আগামী বৃহস্পতিবার নামিবিয়ার প্রতিপক্ষ আমিরাত।
এই লড়াইয়ের আগে দুই দলের সামনেই আছে সুপার টুয়েলভে জায়গা করে নেওয়ার হাতছানি। যদিও দুই ম্যাচে হেরে যাওয়া আমিরাতের জন্য কাজটা খুবই কঠিন, এই ম্যাচ জেতার পাশাপাশি পক্ষে আসতে হবে অন্য ম্যাচের ফল। এর বাইরে মিলতে হবে রান রেটের সমীকরণ।
সেই তুলনায় ভালো অবস্থানে আছে নামিবিয়া। আসরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫৫ রানে উড়িয়ে দেওয়া দলটি পরের ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে নেদারল্যান্ডসের কাছে হেরে যায় যায় শেষ ওভারে।
তবে নেট রান রেট বেশ ভালো হওয়ায় আমিরাতকে হারালেই সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে যাবে নামিবিয়ার।
আর গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাদের সামনে চেনা প্রতিপক্ষ আমিরাত। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এরাসমাস বলেন, দলটির বিপক্ষে অনেক খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে তারা উন্মুখ।
“আমি মনে করি, এটা এমন কিছু যা আমরা সবসময় মেনে চলার চেষ্টা করি। অন্য দলগুলো কীভাবে খেলে তা বিশ্লেষণ করা এবং সেটা কাজে লাগানোর চেষ্টা করি। তাই এটা অবশ্যই এমন কিছু যা আমরা দেখব এবং এটা একটা বাড়তি সুবিধা যে প্রতিপক্ষ দলের বিপক্ষে অতীতে খেলার অভিজ্ঞতা থেকে আমরা তাদের সম্পর্কে কমবেশি জানি।”
নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেলেও আসরে দুই ম্যাচেই দারুণ ক্রিকেট উপহার দিয়েছে নামিবিয়া। তবে তাদের অজেয় ভাবছেন না আমিরাতের ব্যাটসম্যান আরিয়ান লাকরা।
‘অবশ্যই নামিবিয়া কিছু ভালো ক্রিকেট খেলছে, তারা শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে, কিন্তু দিনশেষে এটা ক্রিকেট খেলা। এখানে যে দল ভালো ক্রিকেট খেলবে তারাই জিতবে। আমরা নামিবিয়ার বিপক্ষে (অনেক) খেলেছি তাই আমরা তাদের ব্যাটার, বোলারদের সম্পর্কে জানি। এটা একটা ভালো পরিকল্পনা নিয়ে আসা এবং তা সবচেয়ে ভালোভাবে কার্যকর করতে চেষ্টা করার বিষয়।”
