রেকর্ড গড়া বোলিংয়ে কারানের অনির্বচনীয় অভিজ্ঞতা
টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ম্যান অব দা ম্যাচ হলেন ইংল্যান্ডের এই পেস বোলিং অলরাউন্ডার।
প্রথম ওভার ছিল সাদামাটা। এরপর আফগানিস্তানের জন্য যেন জম হয়ে উঠলেন স্যাম কারান। একের পর এক উইকেট নিয়ে গড়ে দিলেন ইংল্যান্ডের জয়ের ভিত। নাম লেখালেন রেকর্ডের এমন এক পাতায়, যেখানে এর আগে পা পড়েনি দলটির কারো!
পার্থে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড। আফগানদের ১১২ রানে থামিয়ে জয়ের বন্দরে পৌঁছায় তারা ১১ বল বাকি থাকতে।
ইংলিশদের এই জয়ে সবচেয়ে বড় অবদান কারানের। ৩.৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের একমাত্র বোলার হিসেবে গড়েন পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। হজম করেন মোটে একটি চার, ডট খেলান ১৬ বল।
টি-টোয়েন্টিতে ইংলিশদের সেরা বোলিংয়ের রেকর্ড ছিল আদিল রশিদের। বিশ্বকাপের গত আসরে দুবাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই লেগ স্পিনার ২ রানে নিয়েছিলেন ৪ উইকেট।
সংযুক্ত আরব আমিরাতের ওই আসর শুরুর আগ মুহূর্তে চোটের থাবায় বিশ্বকাপ শেষ হয়ে যায় কারানের। প্রথমবারের মতো টি-টোয়েন্টির বৈশ্বিক মঞ্চে খেলতে নেমেই তিনি উপহার দিলেন অসাধারণ বোলিং।
অস্ট্রেলিয়া আসরে প্রথম পাঁচ উইকেট নিয়ে আরেকটি নতুন অভিজ্ঞতা হয় ২৪ বছর বয়সী কারানের। ৩০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই পেস বোলিং অলরাউন্ডার প্রথমবারের মতো জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
ম্যাচে অষ্টম ওভারে আক্রমণে এসে একটি চারে ৫ রান দেন কারান। নিজের পরের তিন ওভারে তিনি ওঠে ভয়ঙ্কর, স্রেফ ৫ রান দিয়ে নেন ৫ উইকেট! এর চারটি ৬ বলের মধ্যে।
দ্বাদশ ওভারে বোলিংয়ে ফিরে আফগানিস্তানের সর্বোচ্চ স্কোরার ইব্রাহিম জাদরানকে (৩২) ফিরিয়ে প্রথম শিকার ধরেন কারান। অষ্টাদশ ওভারের শেষ দুই বলে তিনি পরপর দুই বলে আজমতউল্লাহ ওমরজাই ও রশিদ খানকে ফিরিয়ে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।
শেষ ওভারে তার হ্যাটট্রিক বল ঠেকিয়ে দেন উসমান গনি। পরের বলেই ক্যাচ দিয়ে বিদায় নেন তিনিও। চতুর্থ বলে ফজলহক ফারুকিকে বিদায় করে আফগানদের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি পাঁচ উইকেট পূর্ণ করেন কারান।
ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই সংস্করণে ৫ উইকেট নেওয়া ইংল্যান্ডের প্রথম ও একমাত্র বোলার কারান।
