২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের ধরনে বেশি তৃপ্ত রোহিত

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে এমন কিছুরই প্রত্যাশা থাকে, বললেন ভারত অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 08:09 PM

Updated : 23 Oct 2022, 08:09 PM

ইনিংসের মাঝপথে স্কোরবোর্ডে রান মোটে ৪৫। সাজঘরে ফিরে গেছেন চার জন ব্যাটসম্যান। শেষ দশ ওভারে প্রয়োজন আরও ১১৫ রান। এই ম্যাচ শেষ পর্যন্ত শেষ বলে গিয়ে জিতে নিয়েছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে এমন জয়ে বাড়তি তৃপ্তি পাচ্ছেন দলটির অধিনায়ক রোহিত শর্মা। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রায় ১ লাখ দর্শকের সামনে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। ১৬০ রানের লক্ষ্য তাড়ায় মাত্র ৩১ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। সেখান থেকে বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার ১১৩ রানের জুটিতে উঁকি দেয় জয়ের সম্ভাবনা। 

শেষ ওভারে পান্ডিয়া (৪০) ফিরে গেলেও দলকে জিতিয়ে বীরের বেশে মাঠ ছাড়েন কোহলি। কঠিন চাপের মুখে ছয়টি চার ও চারটি ছয়ে ৫৩ বলে ৮২ রান করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এমন ইনিংসে দলকে জেতানোর পর কোহলিকে প্রশংসায় ভাসালেন রোহিত। 

“জয় দিয়ে (বিশ্বকাপ) শুরু করা দারুণ ব্যাপার। দলের আত্মবিশ্বাসের জন্য ভালো। যেভাবে জিতেছি, সেটি আরও তৃপ্তির। যেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জিতলাম, একটা পর্যায়ে আমরা রান তাড়া করার কোনো অবস্থায়ই ছিলাম না। বিরাটকে টুপিখোলা অভিনন্দন সে যেভাবে ব্যাটিং করেছে। আমার মতে, এটি সেরাগুলির একটি নয়, তার ক্যারিয়ারের সেরা ইনিংস।" 

ম্যাচে দুই দলের শুরুটা ছিল প্রায় একইরকম। পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান সাজঘরে ফিরে যান দলীয় ১৫ রানের মধ্যে। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল আউট হন ১০ রানের মাথায়। 

সেখান থেকে পাকিস্তানকে ১৫৯ রানের সংগ্রহ এনে দেন ইফতিখার আহমেদ (৫১) ও শান মাসুদ (৫২)। পরে ভারতকে জেতানোর পথে কোহলি-পান্ডিয়া জুটির গল্প এখন সবার মুখে মুখে। ম্যাচের গতিপ্রকৃতি যেভাবে বদলে দিয়ে শেষ তিন ওভারে ৪৮ রানের সমীকরণ মিলিয়েছে ভারত, তা বাড়তি উত্তেজনা ছড়িয়েছে সবার মাঝে। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে রোহিত বললেন, ভারত-পাকিস্তান লড়াইয়ে সবার এমন কিছুরই প্রত্যাশা থাকে। 

“আমাদের চেষ্টা ছিল যতক্ষণ সম্ভব ম্যাচে থাকব। এটিই বার্তা ছিল, এই পরিকল্পনাই ছিল দলের। এ বিষয়ে আমরা সবসময় কথা বলি যে পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে, তুমি পারবে এবং (ম্যাচে) ঠিক এমনটাই হয়েছে।" 

“কোহলি ও হার্দিকের গুরুত্বপূর্ণ জুটি আমাদের দিকে খেলা ঘুরিয়ে দিয়েছে। ওরা দুজনই খুব অভিজ্ঞ। ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছে। এমন পরিস্থিতিতে নিয়মিতই খেলছে। মাথা ঠাণ্ডা রেখে ম্যাচটি সামনে টেনে নেওয়া, যতটা সম্ভব লম্বা করা খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা ঠিক সেটিই করেছে।” 

প্রথম ইনিংসে নিজ দলের বোলিং দেখেই রোহিত ধারণা করতে পারছিলেন ১৬০ রান তাড়া করা সহজ হবে না। 

“(মেলবোর্নের) এই পিচে বিশেষ কিছু ছিল নিশ্চিত। বল দারুণ ক্যারি করছিল। শুরুতে বেশ সুইংও ছিল। আমার মতে, আমাদের বোলাররা সেটি দারুণভাবে কাজে লাগিয়েছে। আমি বলব না যে তাদেরকে চাপে ফেলেছি, তবে এমন অবস্থায় ঠেলে দিয়েছি যেখান থেকে তাদের চিন্তা করতে হয়েছে যে এখান থেকে কী করবে। বোলিং দৃষ্টিকোণ থেকে এটি দারুণ।” 

“তারা মাঝে ভালো ব্যাটিং করেছে এবং লড়াই করার মতো সংগ্রহ পেয়েছে। পিচের চরিত্র বিবেচনায় আমরা বুঝতে পারছিলাম, এই রান তাড়া করা সহজ হবে না। আমরা জানতাম এটি তাড়া করতে আমাদের সেরাটা দিয়েই খেলতে হবে।"