বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ কে?
কত রকমের সমীকরণের সামনে দাঁড়িয়ে ‘এ’ গ্রুপের চার দল।
সময় যত গড়াচ্ছে জমে উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্ব। ‘এ’ গ্রুপের দলগুলোর সামনে এখন কঠিন সমীকরণ। সম্ভাবনায় এগিয়ে নেদারল্যান্ডস, নামিবিয়া ও শ্রীলঙ্কা। কাগজে-কলমে সুযোগ একেবারে শেষ হয়ে যায়নি সংযুক্ত আরব আমিরাতেরও।
দিনের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। হেরে যাওয়া দলের চেয়ে থাকতে হবে পরের ম্যাচের দিকে। কামনা করতে হবে আরব আমিরাতের বিপক্ষে নামিবিয়ার হার।
এই গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে খেলবে বাংলাদেশ। তাই চার দলের দিকেই চোখ রাখছেন শ্রীধরন শ্রীরাম-সাকিব আল হাসানরা।
শ্রীলঙ্কা- ২ পয়েন্ট, রান রেট +০.৬
এশিয়া কাপ জিতে বিশ্বকাপে অংশ নেওয়া শ্রীলঙ্কা গ্রুপ সেরা হয়ে পরের ধাপে জায়গা করে নেবে, এমনটা ছিল প্রত্যাশিত। কিন্তু প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে ৫৫ রানে হেরে নিজেদের পথ কঠিন করে ফেলে লঙ্কানরা। মঙ্গলবারের ম্যাচে আমিরাতের বিপক্ষে ৭৯ রানের জয়ে অবশ্য রান রেট বাড়িয়ে নেয় তারা।
তাদের চাওয়া এখন একদম সহজ। নেদারল্যান্ডসকে হারাতে হবে। যদি সেটা হয়, তাহলে নামিবিয়া ও আমিরাত ম্যাচের ফল তাদের জন্য জরুরি কিছু নয়। কারণ তাদের বাড়তি রান রেট। তবে ডাচদের সঙ্গে হার মানেই বিপদ। যে ব্যবধানে হারবে তারা, কামনা করতে হবে নামিবিয়ার বিপক্ষে এর চেয়ে ২৮ রান বেশি ব্যবধানে আমিরাতের জয়।
নেদারল্যান্ডস-৪ পয়েন্ট, রান রেট +০.১৪৯
টানা দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপের শীর্ষ দল এখন নেদারল্যান্ডস। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হার তাদের বিশ্বকাপে পথচলাই শেষ করে দিতে পারে। শ্রীলঙ্কা ও নামিবিয়া যদি জেতে, তাহলে চার পয়েন্ট নিয়ে প্রাথমিক পর্ব শেষ করা দলগুলোর মধ্যে ডাচদের +০.১৪৯ রান রেট সবচেয়ে কম।
লঙ্কানদের বিপক্ষে হারলে নেদারল্যান্ডসকে কামনা করতে হবে আমিরাতের বিপক্ষে নামিবিয়ার হার। আরেকটি সুযোগও আছে তাদের, বৃহস্পতিবারের দুই ম্যাচের একটি যদি পরিত্যক্ত হয়ে যায়!
নামিবিয়া-২ পয়েন্ট, রান রেট +১.২৭৭
নেদারল্যান্ডসের বিপক্ষে মঙ্গলবার হারলেও নামিবিয়ার পরের ধাপে যাওয়ার সম্ভাবনা এখনও ভালোভাবেই বেঁচে আছে। গ্রুপে তাদের +১.২৭৭ রান রেট এখন পর্যন্ত সবচেয়ে বেশি। তাই আমিরাতের বিপক্ষে জিততেই সুপার টুয়েলভে খেলবে আফ্রিকার দলটি।
আমিরাতের বিপক্ষে হারলেও পরের ধাপে যেতে নামিবিয়া, যদি নেদারল্যান্ডসের কাছে শ্রীলঙ্কা হেরে যায়। নামিবিয়ার জন্য ২৭ রানের পরাজয়ও সমস্যা হবে না, যদি শ্রীলঙ্কাকে ন্যূনতম ব্যবধানেও নেদারল্যান্ডস হারায়। গ্রুপের সবশেষ ম্যাচটি নামিবিয়ার, তাই তাদের সুযোগ রয়েছে হিসাব-নিকাশ আগেই জেনে লড়াইয়ে নামার।
বৃহস্পতিবারের দুটি ম্যাচই যদি পরিত্যক্ত হয়, তাহলে নেদারল্যান্ডসের সঙ্গে নামিবিয়াও জায়গা করে নেবে সুপার টুয়েলভে।
সংযুক্ত আরব আমিরার-০ পয়েন্ট, রান রেট -২.০২৮
নিজেদের প্রথম দুই ম্যাচেই হারা আমিরাতেরও সুপার টুয়েলভে যাওয়ার সুযোগ শেষ হয়ে যায়নি। বাকি তিন দলের সঙ্গে তাদের পার্থক্য হলো, ভাগ্য নিজের হাতে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে ৭৯ রানে হারায় পরের ধাপে যেতে এখন অবশ্য তাদের অবিশ্বাস্য কিছু করে দেখাতে হবে।
নামিবিয়ার রান রেট টপকে যেতে আমিরাতকে কমপক্ষে ৬৬ রানে আফ্রিকার দলটিকে হারাতে হবে। একই সঙ্গে কামনা করতে হবে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কার ৪০ রানে হার।
আমিরাতের জন্য হিসেবটা হলো শ্রীলঙ্কা যত কম ব্যবধানে হারবে, তাদেরকে জয়ের ব্যবধান তত বাড়াতে হবে। তবে লঙ্কানদের জয়ে শেষ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের দলটির এবারের আসরের পথচলা।
