২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুরানের কাছে উইন্ডিজ ‘আন্ডারডগ’

অনেকে মনে করে ওয়েস্ট ইন্ডিজ প্রাথমিক পর্ব পার হতে পারবে না, বলেছেন ক্যারিবিয়ান অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2022, 04:23 PM

Updated : 17 Oct 2022, 12:30 PM

এক সময়ের মহাপরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের দোর্দণ্ড প্রতাপ আর নেই। টেস্ট-ওয়ানডেতে তাদের আধিপত্যের অবসান ঘটেছে অনেক আগেই। তবে টি-টোয়েন্টিতে বরাবরই সমীহ জাগানিয়া দল ছিল তারা। এখন সেই অবস্থানও হয়ে পড়েছে নড়বড়ে।

একমাত্র দল হিসেবে দুইবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ২০ ওভারের ক্রিকেটে নিজেদের সাফল্যের ছাপ রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সাম্প্রতিক সময়ের ব্যর্থতার জন্য সরাসরি বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলার টিকেট পায়নি তারা। অভিযান শুরু করতে হচ্ছে প্রথম রাউন্ড থেকে।

স্কটল্যান্ডের বিপক্ষে সোমবার প্রথম রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা। এই ম্যাচের আগে শিরোপা জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী মন্তব্য করতে পারেননি দলের অধিনায়ক নিকোলাস পুরান। তবে চ্যাম্পিয়ন হতে পারলে সেটি বিশেষ অর্জন হবে বলে মনে করেন তিনি।

“অবশ্যই শিরোপা জিততে পারা হবে বিশেষ কিছু। এই দলে যারা আছে, নতুন খেলোয়াড়, নতুন দল। আমাদের জন্য এই বিশ্বকাপ জেতা ব্যক্তিগত দিক থেকেও সবচেয়ে বড় অর্জন হবে।”

পুরান এ কথা বললেও সাম্প্রতিক পরিসংখ্যান মোটেও তাদের জন্য আশাব্যঞ্জক কিছু নয়। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত খেলা ২৯ ম্যাচে মাত্র ৮টি জিততে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

সবকিছু বিবেচনায় একবাক্যে নিজেদেরকে ‘আন্ডারডগ’ হিসেবে মেনে নিলেন পুরান।

“আমরা এই টুর্নামেন্টে আন্ডারডগ। যতই দুইবারের চ্যাম্পিয়ন হই না কেন। অনেক মানুষ তো মনে করে আমরা (সুপার টুয়েলভে) কোয়ালিফাইও করতে পারব না। তো চ্যাম্পিয়ন হতে পারলে আমাদের জন্য অনেক বড় অর্জন হবে।”

ওয়েস্ট ইন্ডিজ দলে প্রায়ই শোনা যায় কোন্দলের কথা, দেখা যায় ঐক্যের অভাব। এবার সেই সমস্যা দূর করতে সবাই এক হয়ে থাকার দিকেই মন দিচ্ছেন বলে জানালেন পুরান।

“আমরা এবার দল হিসেবে এক হয়ে থাকার ব্যাপারে কথা বলেছি। আমরা জিতি অথবা হারি, দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে থাকব। তাই এ টুর্নামেন্ট জেতা... অবশ্যই এজন্য অনেক কাজ করতে হবে। (বিশ্বকাপ) জিতে গেলে অবশ্যই পৃথিবী হাতের মুঠোয় পাওয়ার মতো হবে।”

ওয়েস্ট ইন্ডিজ দলের সাম্প্রতিক অবস্থা যেমন ভালো নয়, তেমনি ফর্মে নেই অধিনায়ক পুরান নিজেও। সবশেষ নয় ইনিংসে একবারের জন্যও তিনি ২৫ রান করতে পারেননি, ১১.২২ গড়ে রান করেছেন মোটে ১০৪।

বিশ্বকাপ শুরুর আগে এটি নিয়ে মোটেও ভাবছেন না ক্যারিবিয়ান অধিনায়ক। ব্যাটসম্যান হিসেবে ভালো জায়গায় থেকেই আসর শুরুর ব্যাপারে আশাবাদী তিনি।

“আমি সবমিলিয়ে ভালো বোধ করছি। হ্যাঁ, গত কয়েক ম্যাচে পারফরম্যান্স ও ফলাফল তেমন দেখা যায়নি। দুইটি ম্যাচে হতাশা জেঁকে বসেছিল। তবে এটি ঠিক আছে। আমি খুব বেশি বল খেলিনি। আমার জন্য বিষয়টা হলো বেশি বল খেলা। ব্যাটসম্যান হিসেবে আমি ভালো অনুভব করছি। আগামীকাল ভালো শুরুর দিকে তাকিয়ে আছি।”