২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএলের আকাশে উঁকি দিয়ে উচ্ছ্বসিত ভারতের চাঁদ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলবেন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2023, 09:11 PM

Updated : 04 Jan 2023, 09:49 PM

নিজ দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলার সুযোগ নেই ভারতের ক্রিকেটারদের। তবে উন্মুক্ত চাঁদের ব্যাপারটি ভিন্ন। ‘ভারতীয়’ হলেও এখন আর তিনি ‘ভারতীয় ক্রিকেটার’ নন। এই পরিচয় ছেঁটে ফেলার পর চাঁদ এখন দেখা দিচ্ছেন ক্রিকেটের নানা দিগন্তে। প্রথম ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে তার। এবার প্রথম ভারতীয় হিসেবে বিপিএলে মাঠে নামার অপেক্ষায় ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। 

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলতে মঙ্গলবার বাংলাদেশে পা রাখেন চাঁদ। পরদিনই যোগ দেন মিরপপুর একাডেমি মাঠে দলের অনুশীলনে। 

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে চাঁদের নামের পাশে জাতীয়তা ‘ভারতীয়’ উল্লেখ থাকলেও চাঁদের ঠিকানা এখন যুক্তরাষ্ট্র। ২০২১ সালের অগাস্টে ভারতের ক্রিকেটকে বিদায় জানিয়ে তিনি পাড়ি জমান মার্কিন মুল্লুকে। 

নতুন পরিচয়ে মেলবোর্ন রেনেগেডসের হয়ে ২০২২ সালের জানুয়ারিতে বিগ ব্যাশ খেলেন তিনি। নভেম্বরে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ‘ডি’ ক্যাটাগরিতে থাকা এই ব্যাটসম্যানকে দলে নেয় চট্টগ্রাম। 

অথচঁএকসময় চাঁদের আবির্ভাব হয়েছিল ভারতীয় ক্রিকেটে আলো ছড়ানোর সম্ভাবনা নিয়ে। তার নেতৃত্বেই ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে ভারত। বিশ্বকাপের আগে চার জাতির একটি অনূর্ধ্ব-১৯ সিরিজের ফাইনালে ভারতকে শিরোপা এনে দেন তিনি ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে। পরে বিশ্বকাপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিপক্ষেই সেঞ্চুরি করে দলকে চ্যাম্পিয়ন হওয়ায় নেতৃত্ব দেন সামনে থেকে। 

তখন ভারতীয় ক্রিকেটের পরবর্তী তারকা হিসেবেই ভাবা হচ্ছিল চাঁদকে। ১৮ বছর বয়সে আইপিএলের স্বাদও পেয়ে যান তিনি। 

আইপিএলে খুব ভালো করতে না পারলেও ভারতের ‘এ’ দলে নিয়মিত মুখ ছিলেন তিনি। তার নেতৃত্বে ২০১৫ সালে নিউ জিল্যান্ড ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে জেতে ভারত। এরপর থেকেই শুরু উল্টো যাত্রা।  

আইপিএলে জায়গা হারানোর পর ঘরোয়া ক্রিকেটে দিল্লি দলেও ব্রাত্য হয়ে পড়েন প্রতিভাবান এই ব্যাটসম্যান। তাই ঠিকানা বদলে ২০১৯-২০ মৌসুমে উত্তরাখণ্ডের হয়ে পেশাদার ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেন তিনি। সেখানেও পাননি সাফল্যের দেখা। ক্রমেই নরম হতে থাকে পায়ের তলার মাটি।  

একটা পর্যায়ে হাল ছেড়ে দেন লড়াইয়ে। ভারতীয় ক্রিকেট ছেড়ে দেন। পরিসংখ্যানই বলে দেয়, সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারেননি তিনি। ৬৭ প্রথম শ্রেণির ম্যাচে সেঞ্চুরি কেবল ৮টি, ব্যাটং গড় মোটে ৩১.৫৭। লিস্ট ‘এ’ রেকর্ড তুলনামূলকভাবে ভালো। ১২০ ম্যাচে সেঞ্চুরি ৭টি, ব্যাটিং গড় ৪১.৩৩। এই দুই সংস্করণে নতুন কিছু যোগ করার সুযোগ আপাতত নেই তার। 

ভারতীয় ক্রিকেট ছাড়লেও ক্রিকেট ছাড়েননি। যুক্তরাষ্ট্রে থিতু হয়ে বিচরণ করে চলেছেন ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে। অস্ট্রেলিয়া হয়ে এবার যেমন এসেছেন বাংলাদেশে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে প্রথম দিনের অনুশীলন শেষে চাঁদ বললেন, ক্যারিয়ারের এই অধ্যায় দারুণ উপভোগ করছেন তিনি।  

“এটি (বিশ্বের নানান লিগ খেলা) অবশ্যই ভালো অভিজ্ঞতা। আমি সবসময়ই এসব লিগে খেলতে চেয়েছি। কিন্তু বিসিসিআইয়ে (চুক্তিবদ্ধ) থাকার সময় তা সম্ভব হয়নি। ভারত ছাড়ার পর আমি বিশ্বের নানান লিগে খেলার সুযোগ পাচ্ছি। বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে পারার চেয়ে ভালো আর কী আছে।” 

বাংলাদেশ ক্রিকেটে চাঁদের পদচারণা অবশ্য অনেক আগে থেকেই। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে তিন আসর খেলেছেন তিনি। এই তিন আসরে চার ফিফটির সঙ্গে দুইটি সেঞ্চুরিও করেছেন চাঁদ। 

পুনরায় বাংলাদেশে এসে পুরোনো সতীর্থদের দেখা পেয়ে উচ্ছ্বসিত ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। একইসঙ্গে এই দেশের ক্রিকেটের অগ্রযাত্রার কথাও বললেন তিনি।

“ঢাকা প্রিমিয়ার লিগে আগে যাদের সঙ্গে খেলেছি, তাদের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। বাংলাদেশে খেলা সবসময় উপভোগ করেছি। এর আগে ৩-৪ মৌসুম ডিপিএল খেলেছি। প্রথমবার বিপিএলে এসেছি। মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।”
“বাংলাদেশের ক্রিকেট ক্রমাগত এগিয়ে যাচ্ছে। আমরা সবাই দেখেছি তারা ভারতের বিপক্ষে সবশেষ সিরিজে কত ভালো খেলেছে। বাংলাদেশের অনেক ক্রিকেটার বিশ্বের নানা লিগে খেলছে। এটিই বলে দেয় বাংলাদেশের ক্রিকেট অনেক উঁচুতে উঠছে।” 

ভারতীয় ক্রিকেটের মতো অবকাঠামো ও সুযোগ-সুবিধার কাছাকাছি কিছুও যুক্তরাষ্টের ক্রিকেটে অবশ্যই পাচ্ছেন না চাঁদ। তবে যতটুকু পাচ্ছেন, নিজেকে প্রস্তুত রাখছেন সেটুকুতেই। মার্কিন ক্রিকেটে সামনে সুদিন আসবে বলেও বিশ্বাস তার।

“(যুক্তরাষ্ট্রে ক্রিকেটের সুযোগ-সুবিধা) ধীরে ধীরে ভালো হচ্ছে। তারা এখন অবকাঠামোগত দিক নিয়ে কাজ করছে। এই বছর প্রথম মেজর লিগ ক্রিকেট হবে যুক্তরাষ্ট্রে। আগামী বছর বিশ্বকাপের সহ-আয়োজক তারা। এটি অবশ্যই ভালো দিক। ক্রমেই সেখানকার ক্রিকেট উন্নত হচ্ছে।”

গত জানুয়ারিতে বিগ ব্যাশ দিয়ে বিদেশি লিগে প্রথমবার খেললেও সুবিধা করতে পারেননি চাঁদ। দুই ম্যাচে তার ব্যাট থেকে আসে স্রেফ ৬ ও ২৯ রান। তবে এবার বিপিএলকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোয় নিজেকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় তার কণ্ঠে।

“ক্রিকেটার হিসেবে সবসময় এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য। অবশ্যই চট্টগ্রামের হয়ে শিরোপা জিততে চাই। দল চ্যাম্পিয়ন হলে ক্রিকেটাররাও আলোচনায় আসে। আমার জন্যও এটি ভালো সুযোগ। বিশ্বের নানান লিগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ও বিশ্বকাপ আছে। এখানে ভালো করতে পারলে সামনের দিনগুলোর জন্য ভালো অবস্থায় থাকতে পারব।”