গুরবাজের ঝলকে সেরা দুইয়ের দৌড়ে রংপুরের লাফ
ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে টপকে দুইয়ে উঠে এলো রংপুর রাইডার্স।
শেষ দিকের ম্যাচগুলি খেলতে মঙ্গলবার রাতে বাংলাদেশে এসেছেন রহমানউল্লাহ গুরবাজ। পরদিন নেমে গেছেন মাঠে। এমনিতে ওপেনার হলেও শোয়েব মালিকের শূন্যতা পূরণেই হয়তো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাঁচ নম্বরে নেমেছেন তিনি। সেখানেই রেখেছেন সামর্থ্যের ছাপ। রংপুরকে এনে দিয়েছেন অনায়াস জয়।
আগেই বিদায় নিশ্চিত হওয়া চট্টগ্রামকে তাদের শেষ ম্যাচে ৮ উইকেটে হারিয়েছে রংপুর। গুরবাজের ঝলকে ১৩৩ রানের লক্ষ্য ২৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলেছে তারা।
টানা ষষ্ঠ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে গেছে রংপুর। ১৮ পয়েন্ট নিয়ে এরই মধ্যে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স। শুক্রবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুরের ম্যাচের জয়ী দল পাবে প্রথম কোয়ালিফায়ারের দ্বিতীয় টিকেট।
ছোট লক্ষ্যে দারুণ শুরু করেন রনি তালুকদার ও মোহাম্মদ নাইম শেখ। ইনিংসের তৃতীয় বলে চার মারেন রনি। পরের ওভারে মেহেদি হাসান রানাকে একটি করে চার মারেন দুই ওপেনার।
মৃত্যুঞ্জয়ের করা তৃতীয় ওভারে ডিপ মিড উইকেট দিয়ে প্রথম ছক্কা মারেন নাইম। ওই ওভারে আরও দুই চারে ১৬ রান পায় রংপুর।
পঞ্চম ওভারে আক্রমণে এসেই উদ্বোধনী জুটি ভাঙেন নিহাদউজ্জামান। স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন ১২ বলে ২০ রান করা নাইম। রনিও বেশি দূর যেতে পারেননি। জিয়ার বলে মিড অফে কার্টিস ক্যাম্পারের হাতে ক্যাচ দেন ২৭ বলে ২৮ রান করা ডানহাতি ওপেনার।
এরপর মিরপুরের গ্যালারির হাজার খানেক দর্শককে চার-ছয়ে মাতান গুরবাজ। ভিজয়কান্থের করা একাদশ ওভারে তিন চার মারেন আফগান ব্যাটসম্যান। পরের ওভারে ক্যাম্পারকে চার মারার পর ওড়ান ছক্কায়।
ফিফটির সম্ভাবনা জাগিয়েও তা করতে পারেননি গুরবাজ। ফেরেন নিহাদউজ্জামানের বলে স্টাম্পড হয়ে।
গুরবাজের বিদায়ে উইকেটে যান এই ম্যাচের আগেই দলে যোগ দেওয়া টম কোলার-ক্যাডমোর। অধিনায়ক নুরুল হাসান সোহানকে নিয়ে বাকি কাজ সারেন অনায়াসে। ১ চার ও ২ ছয়ে ১৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন ক্যাডমোর। সোহান করেন ১৫ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে পঞ্চাশের আগে ড্রেসিংরুমের পথ ধরেন চট্টগ্রামের প্রথম চার ব্যাটসম্যান। দশ ওভারে স্রেফ ৬৩ রান তুলতেই অর্ধেক উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। শুভাগত হোমের চোটে অধিনায়কত্ব পাওয়া জিয়াউর রহমান ও তৌফিক খান মাঝারি দুটি ইনিংসে দলকে বলার মতো সংগ্রহ এনে দেন।
তৃতীয় ওভারে রকিবুল হাসানকে ছক্কা মেরে পরের বলে আউট হন ম্যাক্স ও’ডাউড। শরীর থেকে দূরের বল উড়িয়ে মারতে গিয়ে লং অফে ধরা পড়েন ১১ রান করা ডাচ ওপেনার। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হন আরেক ওপেনার উসমান খান (৮ বলে ২)।
হারিস রউফের গতিতে পরাস্ত হন তিন নম্বরে নামা মেহেদি মারুফ। অন সাইডে খেলার চেষ্টায় বল তার ব্যাটের কানায় লেগে উড়ে চলে যায় থার্ড ম্যানের দিকে। সামনে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ নেন হাসান মাহমুদ।
আফিফ হোসেনের শুরুটা ছিল ইতিবাচক। ওমরজাইকে জোড়া চারের পর হারিসের বলও সীমানাছাড়া করেন বাঁহাতি ব্যাটসম্যান। তবে বেশি দূর যেতে পারেননি তিনি। হারিসের বলে কাট শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন ৮ বলে ১৫ রান করা আফিফ।
হাসানের ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হন আইরিশ অলরাউন্ডার ক্যাম্পার।
ষষ্ঠ উইকেটে ২৭ বলে ৩৮ রান যোগ করেন জিয়া ও তৌফিক। দ্বাদশ ওভারে অভিষিক্ত রিপন মণ্ডলকে জোড়া ছক্কায় ওড়ান জিয়া। এর আগের ওভারে জোড়া চারের সঙ্গে এক ছক্কা হজম করেন হাসান।
১৪তম ওভারে নিজের কোটা শেষ করতে এসে তৌফিককে ফেরান রকিবুল। ৩ চার ও ১ ছয়ে ২৬ বলে ২৮ রান করেন তৌফিক। রংপুরের বিপক্ষে প্রথম সাক্ষাতে বিপিএল অভিষেক হয়েছিল তৌফিকের। সেদিন শূন্য রানে আউট হন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান।
জিয়ার উইকেট নেন রিপন। ছক্কার চেষ্টায় ডিপ মিড উইকেটে ধরা পড়েন চট্টগ্রাম অধিনায়ক। ২ চার ও ৩ ছয়ে ২৫ বলে ৩৩ রান করেন তিনি।
শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ও ভিজয়কান্থের সৌজন্যে ১৩২ রানে পৌঁছায় চট্টগ্রামের সংগ্রহ।
৪ ওভারে স্রেফ ১৪ রান নিয়ে ২ উইকেট নেন হারিস। রকিবুলও পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ১৩২/৮ (উসমান ২, ও'ডাউড ১১, মারুফ ৪, আফিফ ১৫, তৌফিক ২৮, ক্যাম্ফার ৩, জিয়া ৩৩, মৃত্যুঞ্জয় ১৭*, ভিজয়কান্থ ১১; রকিবুল ৪-০-২৬-২, ওমরজাই ৪-০-২৮-১, হারিস ৪-০-১৪-২, হাসান ৪-০-৩৫-১, রিপন ৪-০-২৬-১)
রংপুর রাইডার্স: ১৬ ওভারে ১৩৩/৩ (নাইম ২০, রনি ২৮, গুরবাজ ৪৬, নুরুল ১৫*, ক্যাডমোর ২০*; মৃত্যুঞ্জয় ৩-০-২৫-০, মেহেদি ৩-০-৩২-০, ভিজয়কান্থ ৩-০-২৩-০, নিহাদউজ্জামান ৪-০-২৪-২, জিয়াউর ২-০-১৯-১, ক্যাম্ফার ১-০-১২-০)
ফল: রংপুর রাইডার্স ৭ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: হারিস রউফ
