প্রথমবার শীর্ষে আবরার, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে ব্রুক
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভালো করতে না পারায় বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন রাশিদ খান। আফগানিস্তানের তারকা লেগ স্পিনারের অবনতিতে প্রথমবারের মতো চূড়ায় উঠেছেন আবরার আহমেদ। এই সংস্করণের ব্যাটসম্যানদের মধ্যে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন হ্যারি ব্রুক।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন চতুর্থ স্থানে আছেন ব্রুক।
গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ৪৩ রান খরচায় এক উইকেট নেওয়া রাশিদ ৯ রেটিং পয়েন্ট হারিয়েছেন। এখন তার পয়েন্ট ৭৩৫। এতে ৭৩৬ পয়েন্ট নিয়ে আবরার এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন।
পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠলেন লেগ স্পিনার। তার আগে এই কীর্তি গড়েন উমার গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শাহিদ আফ্রিদি।
র্যাঙ্কিংয়ে পরের দুইজনও লেগ স্পিনার। ইংল্যান্ডের আদিল রাশিদ এক ধাপ নিচে নেমে এখন চারে। তার অবনতিতে এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জ্যাম্পা। ক্যারিয়ার সেরা পাঁচে অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিস।
বড় লাফ দিয়েছেন জেমি ওভারটন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নেওয়া ইংলিশ পেসার এগিয়েছেন ৪৭ ধাপ। প্রথমবারের মতো সেরা দশে ঢুকলেন তিনি, আছেন ষষ্ঠ স্থানে। তার সতীর্থ স্পিনার লিয়ান ডসন ১২ ধাপ এগিয়ে এখন ১১ নম্বরে।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে আগের মতোই শীর্ষে ভারতের ইশান কিষান, দুইয়ে তার সতীর্থ আভিশেক শার্মা ও তিনে পাকিস্তানের সাহিবজাদা ফারহান।
লঙ্কানদের হোয়াইটওয়াশ করার পথে প্রথম ম্যাচে ১১৪ রানের ইনিংসসহ মোট ১৭০ রান করেন ব্রুক। সিরিজ সেরার পুরস্কার জেতা ইংলিশ অধিনায়ক তাতে পাঁচ ধাপ এগিয়েছেন।
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ব্রুক। ওয়ানডে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে আছেন তিনি। তার সামনে সুযোগ তিন সংস্করণেই সেরা দশে জায়গা করে নেওয়া।
জশ বাটলার দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন। ৩০ ধাপ এগিয়েছেন টম ব্যান্টন (৬০তম)। এক ধাপ করে উন্নতি হয়েছে তানজিদ হাসান (১৭তম) ও লিটন দাসের (৬৪তম)।
টি-টোয়েন্টির অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই চূড়ায় জিম্বাবুয়ের সিকান্দার রাজা। দুইয়ে আছেন পাকিস্তানের সাইম আইয়ুব। তিন ধাপ এগিয়ে তিনে ইংল্যান্ডের উইল জ্যাকস।
ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন রাজা। এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। আগের মতোই চূড়ায় আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।
এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় ভারতের শুবমান গিল। বোলারদের তালিকায় আগের মতো শীর্ষে রাশিদ।
