ইয়ানসেন এখন এক নম্বর বোলার, এক নম্বর অলরাউন্ডার
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে একসঙ্গে দুটি বিভাগের শীর্ষে মার্কো ইয়ানসেন, টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের সেরা আবার আভিশেক শার্মা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবেখা টেস্টে মার্কো ইয়ানসেনের দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন তিনি। একই সঙ্গে অলরাউন্ডারদের মধ্যেও চূড়ায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে ফিরেছেন ভারতের আভিশেক শার্মা। উন্নতি হয়েছে আরও কয়েকজনের।
প্রায় দুই দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পরও দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের দাপুটে জয়ে ব্যাট ও বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইয়ানসেন।
একমাত্র ইনিংসে ব্যাট হাতে ৮৫ রান করেন তিনি। পরে বোলিংয়ে প্রথম ইনিংসে ৩৩ রানে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে ৩৪ রানে একটি উইকেট নেন এই পেস বোলিং অলরাউন্ডার।
টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৩ ধাপ এগিয়ে এখন ৫৬তম স্থানে ইয়ানসেন। বোলারদের মধ্যে তার উন্নতি পাঁচ ধাপ। ২০২৪ সালের নভেম্বরে কাগিসো রাবাদার পর দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে শীর্ষে উঠলেন ইয়ানসেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন ইয়ানসেন। ভারতের রাভিন্দ্রা জাদেজাকে পেছনে ফেলে টেস্টের এক নম্বর অলরাউন্ডার এখন তিনি। ভার্নন ফিল্যান্ডারের পর এই তালিকায় শীর্ষে ওঠা প্রথম দক্ষিণ আফ্রিকান তিনি। ২০১৪ সালের আগস্টে ফিল্যান্ডার এই কীর্তি গড়েছিলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ১৭৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন টেম্বা বাভুমা। এই পারফরম্যান্সে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। টেস্টের এক নম্বর ব্যাটসম্যান ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
গেবেখায় পাঁচ উইকেট নিয়ে টেস্ট বোলারদের মধ্যে তিন ধাপ এগিয়ে এখন ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। দক্ষিণ আফ্রিকার ভিয়ান মুল্ডারের অগ্রগতি ১০ ধাপ, অবস্থান ৪৩তম।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে বিস্ফোরক সেঞ্চুরি করে এই সংস্করণের ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন আভিশেক। চার মাস শীর্ষে থাকা তার সতীর্থ ইশান কিষান তিনে নেমে গেছেন। এতে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান।
এনিয়ে দ্বিতীয়বার টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে চূড়ায় উঠলেন আভিশেক। ভারতীয় ওপেনার ২০২৫ সালের জুলাই থেকে এই বছরের জুন পর্যন্ত এক নম্বরে ছিলেন।
ভারতের সাঞ্জু স্যামসন (৬ ধাপ এগিয়ে ২০তম), নিউ জিল্যান্ডের ফিল অ্যালেন (৩ ধাপ এগিয়ে ২৫তম) ও গ্লেন ফিলিপস (২০ ধাপ এগিয়ে ৩৭তম) উন্নতি করেছেন।
বোলারদের র্যাঙ্কিংয়ের ৭ ধাপ ধাপ এগিয়ে ১৭তম স্থানে নিউ জিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতের আর্শদিপ সিং (৬ ধাপ এগিয়ে ১৫তম) ও প্রিন্স ইয়াদাভেরও (১৯ ধাপ এগিয়ে ৮৩) অগ্রগতি হয়েছে।
টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে রাশিদ খান। আর অলরাউন্ডারদের তালিকায় যথারীতি চূড়ায় সিকান্দার রাজা।
পাকিস্তানে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই সপ্তাহের হালনাগাদে। সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করে ছয় ধাপ করে এগিয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট ও হ্যারি ব্রুক। যথাক্রমে সপ্তম ও অষ্টম স্থানে আছেন তারা।
ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে অবিশ্বাস্য জয় এনে দেন শাদাব খান। রান তাড়ায় ১১৩ রান করে ৩২ ধাপ এগিয়ে সেরা একশ জনের মধ্যে ঢুকেছেন তিনি, আছেন ৯২তম স্থানে।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে শুবমান গিল। বোলারদের তালিকায় শীর্ষে রাশিদ খান ও অলরাউন্ডারদের মধ্যে চূড়ায় আজমাতউল্লাহ ওমারজাই।
