১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন আবরার

সিরিজের পরের দুই টেস্টেও এই লেগ স্পিনারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা, বিকল্প হিসেবে অফ স্পিনার সাজিদ খানকে দলে ডেকেছে পাকিস্তান।

পার্থ টেস্ট থেকে ছিটকে গেলেন আবরার

গত বছর টেস্ট অভিষেকেই ৭ উইকেট নিয়ে চমক দেখান লেগ স্পিনার আবরার আহমেদ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2023, 07:27 PM

Updated : 10 Dec 2023, 07:32 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। হাঁটুর চোটে পার্থ টেস্ট থেকে ছিটকে গেছেন লেগ স্পিনার আবরার আহমেদ। পরের দুই ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) রোববার বিবৃতি দিয়ে জানায়, আবরার দলের সঙ্গেই থাকবেন এবং পার্থে তার পুনর্বাসন চলবে। ২৫ বছর বয়সী ক্রিকেটারকে সফরের বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে কি না, সেটা জানতে দ্বিতীয় টেস্টের আগে তার অবস্থা মূল্যায়ন করা হবে।

স্পিন বিভাগকে শক্তিশালী করতে বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে অফ স্পিনার সাজিদ খানকে।    

ক্যানবেরায় প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন ২৭ ওভার বোলিং করার পর বাম হাঁটুর কাছে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আবরার। পিসিবির চিকিৎসক দল প্রাথমিক মূল্যায়নের পর তাকে এমআরআই স্ক্যানের জন্য পাঠিয়েছিল, এরপরই বোঝা যায় চোটের অবস্থা কেমন।

গত বছর টেস্ট অভিষেকেই ৭ উইকেট নিয়ে চমক দেখান আবরার। এখন পর্যন্ত ৬ টেস্ট খেলে নিয়েছেন ৩৮ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের স্পিন বিভাগের প্রধান অস্ত্র তিনি। তার অনুপস্থিতিতে এখন মূল স্পিনার হিসেবে দায়িত্ব পড়বে নোমান আলির কাঁধে।

যদিও ৩৭ বছর বয়সী এই বাঁহাতি স্পিনারের বোলিংয়ের ধরন অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানানসই নাও হতে পারে। সাধারণত ধীরগতির উইকেটে ভালো করেন তিনি। ১৫ টেস্টে তার শিকার ৪৭ উইকেট।

সাজিদ ৭ টেস্টে উইকেট নিয়েছেন ২২টি। সবশেষ টেস্ট খেলেছেন তিনি গত বছরের মার্চে।

স্পিনে হাত ঘোরানোর বিকল্প হিসেবে স্কোয়াডে আছেন অফ স্পিনিং অলরাউন্ডার আঘা সালমান।

পেস বিভাগে অবশ্য যথেষ্ট বিকল্প আছে পাকিস্তানের। মূল পেসার শাহিন শাহ আফ্রিদির সঙ্গে আছেন হাসান আলি, মির হামজা, মোহাম্মদ ওয়াসিম, ফাহিম আশরাফ, অভিষেকের অপেক্ষায় থাকা খুররাম শাহজাদ ও আমের জামাল।

পার্থ স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার শুরু হবে প্রথম টেস্ট। মেলবোর্নে ২৬ ডিসেম্বর শুরু দ্বিতীয় টেস্ট। ৩ জানুয়ারি থেকে তৃতীয় টেস্ট হবে সিডনিতে।

অস্ট্রেলিয়ার মাটিতে ১৯৯৯ থেকে নিজেদের সবশেষ ১৪ টেস্টে টানা হেরেছে পাকিস্তান। এই সময়ে পাঁচ সিরিজের সবগুলোতে হোয়াইটওয়াশড হয়েছে তারা।