২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাক্সওয়েল-সুরিয়াকুমারকে ছাড়িয়ে রোহিতের সেঞ্চুরির রেকর্ড

প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরির কীর্তি গড়লেন রোহিত শার্মা।

ম্যাক্সওয়েল-সুরিয়াকুমারকে ছাড়িয়ে রোহিতের সেঞ্চুরির রেকর্ড

পাঁচ বছর পর স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরির স্বাদ পেলেন রোহিত শার্মা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 09:38 PM

Updated : 17 Jan 2024, 10:38 PM

এক বছরের বেশি সময় পর ফিরে প্রথম দুই ম্যাচে শূন্য রানে আউট। তৃতীয় ম্যাচে প্রথম রানের দেখা পেতে লেগে গেল ৭ বল। অন্য প্রান্তে চোখের সামনে দ্রুত বিদায় নিতে দেখলেন তিন সঙ্গীকে। দল তখন ধ্বংসস্তূপে। সেখানে দাঁড়িয়েই রানের ফোয়ারা ছোটালেন রোহিত শার্মা। খুনে ব্যাটিংয়ে করলেন সেঞ্চুরি। গড়লেন ইতিহাস।

প্রথম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাঁচটি সেঞ্চুরির কীর্তি গড়েছেন রোহিত। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার বেঙ্গালুরুতে ৮ ছক্কা ও ১১ চারে ৬৯ বলে অপরাজিত ১২১ রানের ইনিংস খেলেছেন ভারত অধিনায়ক।

৪ উইকেটে ২২ রানের নড়বড়ে অবস্থানে থেকে সেই ৪ উইকেটেই ২০ ওভারে ২১২ রান করেছে ভারত!

এই সংস্করণে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড এতদিন যৌথভাবে ছিল রোহিত, গ্লেন ম্যাক্সওয়েল ও সুরিয়াকুমার ইয়াদাভের, চারটি করে। এবার রেকর্ডটি একার করে নিলেন রোহিত।

স্বীকৃত টি-টোয়েন্টিতে রোহিতের সেঞ্চুরি হলো ৭টি। ২০১৯ সালের জানুয়ারির পর প্রথমবার এই স্বাদ পেলেন ৩৬ বছর বয়সী ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ তিনি শতক পেয়েছিলেন ২০১৮ সালের নভেম্বরে।

টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি রানের রেকর্ডও গড়েছেন রোহিত (১ হাজার ৬৪৭)। তিনি ছাড়িয়ে গেছেন ভিরাট কোহলিকে (১ হাজার ৫৭০)।

এ দিন রেকর্ড হয়েছে আরও কিছু। পঞ্চম উইকেটে স্রেফ ৯৫ বলে অবিচ্ছিন্ন ১৯০ রানের জুটি গড়েন রোহিত ও রিঙ্কু সিং (৩৯ বলে ৬৯*)।

এই সংস্করণে পঞ্চম উইকেটে বা এর নিচে যে কোনো দলের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড এটি। গত বছরের অক্টোবরে হংকংয়ের বিপক্ষে নেপালের দ্বিপেন্দ্র আইরি ও কুশাল মাল্লার ১৪৫ রানের জুটি ছিল আগের রেকর্ড, সেটিও পঞ্চম উইকেটে।

পুরনো খবর:

রোহিত-রিঙ্কুর তাণ্ডবে এক ওভারে ৩৬ রান
টেন্ডুলকারকে ‘মুক্তি’ দিয়ে কোহলির অনাকাঙ্ক্ষিত রেকর্ড

রোহিত-রিঙ্কুর এই জুটি যে কোনো উইকেটেই ভারতের সর্বোচ্চ। ২০২২ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় উইকেটে সাঞ্জু স্যামসন ও দিপক হুডা জুটির ১৭৬ ছিল আগের রেকর্ড।

২৫ বা এর কম রানে ৪ উইকেট হারানোর পর কোনো দলের সর্বোচ্চ স্কোর ভারতের এই ২১২। ২০২১ সালে ফ্লোরিডায় আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট হারানোর পর ৬ উইকেটে ১৮৮ রান করেছিল যুক্তরাষ্ট্র।

টস জিতে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১৮ থেকে দ্রুত ভারতের স্কোর হয়ে যায় ৪ উইকেটে ২২! রোহিতকে এক পাশে রেখে ফিরে যান ইয়াশাসবি জয়সওয়াল, ভিরাট কোহলি, শিভাম দুবে ও সাঞ্জু স্যামসন।

এই সিরিজ দিয়ে ১৪ মাস পর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ফেরা রোহিতের রান ছিল একটা সময়ে ১৩ বলে ৮। এরপর প্রথম বাউন্ডারির দেখা পান তিনি। পরে আফগান বোলারদের ওপর দিয়ে বইয়ে দেন ঝড়।

ফিফটি করেন তিনি ৪১ বলে। সেখান থেকে শতকে যেতে লাগে আর কেবল ২৩ বল! ৮৯ থেকে আজমাতউল্লাহ ওমারজাইয়ের টানা তিন বলে একটি ছক্কা ও দুটি চারে স্পর্শ করেন তিন অঙ্ক।

শতকের পর ইনিংসের শেষ ওভারে করিম জানাতের টানা তিন বলে মারেন একটি চার ও দুটি ছক্কা। ছাড়িয়ে যান নিজের আগের সর্বোচ্চ ১১৮ রান।

ওই ওভারের শেষ তিন বলে ছক্কা হাঁকান রিঙ্কু। ওভার থেকে আসে মোট ৩৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড এটি।