নেতৃত্বের প্রসঙ্গে লিটন বললেন, ‘শোনা কথায় কান দেবেন না’
নেতৃত্বের প্রতি অনীহা নেই স্টাইলিশ এই ব্যাটসম্যানের, বরং বিপিএলের সফলতম দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব এবার উপভোগ করতে চান তিনি।
“আপনার ব্যাপারে একটা কথা মাঝেমধ্যে শোনা যায়, আপনি নাকি অধিনায়কত্ব করতেই চান না। এটা কতটা সত্য?”, প্রশ্নটা শুনে লিটন কুমার দাস মনে করিয়ে দিলেন পুরোনো সেই প্রবাদ, “শোনা কথায় কান দিতে হয় না …।” তবু আরেক দফা প্রশ্ন, “এটা তাহলে পুরোটাই গুজব?” এবার লিটনের ঝটপট জবাব, “আমি তো বললাম, শোনা কথা কখনও কান দেবেন না।”
লিটনের এই প্রশ্নোত্তর পর্ব ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে। বিপিএলের সফলতম দলের নেতৃত্বে এবার তিনি। যদিও তাদের তিনবারের শিরোপাজয়ী অধিনায়ক ইমরুল কায়েস এবারও দলে আছেন। তার পরও তারা নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেছেন লিটনকে।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণেই নেতৃত্বের স্বাদ তিনি পেয়ে গেছেন। তার পরও নানা সময়ে শোনা গেছে, অধিনায়কত্বের প্রতি অনীহা আছে তার। সেটিরই জবাব দিলেন এবার লিটন।
জাতীয় দলের নেতৃত্ব থেকে এখন অবশ্য একটু দূরেই ছিটকে পড়েছেন লিটন। সবশেষ নিউ জিল্যান্ড সফরে অধিনায়ক করা হয়েছিল নাজমুল হোসেন শান্তকে, সহ-অধিনায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। সামনে তাকিয়েও আপাতত এই দুজনই জাতীয় দলের সম্ভাব্য দায়িত্বে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে।
তবে বিপিএলে কুমিল্লার মতো দলকে নেতৃত্ব দেওয়াও যে বড় দায়িত্ব এবং জাতীয় দলের অধিনায়কত্বের বিবেচনায় নিজেকে শক্তভাবে তুলে ধরার সুযোগ, তা লিটন জানেন। আপাতত তিনি উপভোগের মন্ত্রে এগিয়ে যেতে চান নতুন এই চ্যালেঞ্জে।
“আমি যেহেতু এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছি এবং তারা আমাকে সুযোগটা দিয়েছে অধিনায়কত্ব করার, তাদেরকে ধন্যবাদ। অবশ্যই আমার চিন্তাভাবনা এখন পুরোটা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নিয়ে। অবশ্যই চেষ্টা করব শতভাগ এখানেও দেওয়ার। যে পারফরম্যান্স করব, সেটা যেন দলের উপকারে আসে।”
“কুমিল্লা বিশাল ফ্র্যাঞ্চাইজি। এটা বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট, আমাকে সেখানে সুযোগ দিয়েছে। উপভোগ করব আমি।”
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই শুক্রবার দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নামবে লিটনের কুমিল্লা।
