২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপিএল শুরু ১৯ জানুয়ারি, ফাইনাল ১ মার্চ

ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2023, 06:35 PM

Updated : 12 Dec 2023, 09:37 AM

আগামী বছরের ১৯ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর দশম আসর। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের পর্দা নামবে ১ মার্চ।  

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে গত দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও এবারের নবাগত দুর্দান্ত ঢাকা। দিনের অন্য ম্যাচে গত আসরের রানার্সআপ সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার সাত দলের এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।  

বিপিএলের সূচি আইসিসির ভবিষ্যৎ সফরসূচিতে (এফটিপি) শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বাংলাদেশের আসার কথা শ্রীলঙ্কার। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস জানালেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় লঙ্কানদের সফরের খেলা নতুন সূচিতে হবে। 

"শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের আগে থেকেই এই বিষয়ে সমঝোতা হয়ে আছে। জাতীয় নির্বাচনের কারণে বিপিএল যেহেতু কিছু দিন পিছিয়েছে, তাই শ্রীলঙ্কা সফরের খেলাও পিছিয়ে যাবে।"  

"এফটিপিতে ওই সফরটি ফেব্রুয়ারির শেষ সপ্তাহে শুরু হয়ে মার্চের তৃতীয় সপ্তাহে শেষ হওয়ার কথা। এখন নতুন পরিস্থিতিতে মার্চ মাসজুড়েই খেলা হবে। ওদের (শ্রীলঙ্কা ক্রিকেট) সঙ্গে আমাদের এই বিষয়ে কথা হয়ে আছে।" 

গত কয়েক আসরের মতো এবারও বিপিএলের সবগুলো ম্যাচ হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। টুর্নামেন্টের ৪৬ ম্যাচের ২২টি হবে ঢাকায়। চট্টগ্রাম ও সিলেটে হবে সমান ১২টি করে ম্যাচ।  

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। সন্ধ্যার ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়। অন্যান্য দিনে দুপুর দেড়টায় শুরু প্রথম ম্যাচ। সন্ধ্যার খেলা হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। 

ঢাকায় প্রথম আট ম্যাচ শেষে ২৬ জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব। নিজ শহরে আট দিনে পাঁচটি ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স। পরে আবার আট ম্যাচের জন্য ঢাকায় ফিরবে বিপিএল। 

চট্টগ্রাম পর্ব শুরু হবে ১৩ ফেব্রুয়ারি। নিজ শহরের মাঠে চট্টগ্রাম খেলবে চারটি ম্যাচ। 

এরপর ২৩ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে শেষ পর্ব। 

প্লে-অফ পর্বে ২৫ ফেব্রুয়ারি মাঠে গড়াবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। এক দিন পর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। দুই দিন বিরতি দিয়ে ১ মার্চ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী লড়াই।