২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাশরাফিকে সঙ্গে নিয়ে তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী

সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার মাধ্যমে তামিমকে ডেকে নিয়েছেন প্রধানমন্ত্রী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2023, 03:53 PM

Updated : 07 Jul 2023, 04:29 PM

তামিম ইকবালের সঙ্গে কথা বলতে তাকে গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবসরের ঘোষণা দেওয়া এই ব্যাটসম্যানের সঙ্গে আছেন তার স্ত্রী আয়েশা ইকবাল ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান গতকাল থেকে তামিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার পর নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফির মাধ্যমে তাকে ডেকে নেন প্রধানমন্ত্রী।

মাশরাফি ও তামিম, দুজনেরই ঘনিষ্ঠ সূত্র এটি নিশ্চিত করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

চট্টগ্রাম থেকে শুক্রবার সকালেই ঢাকায় ফেরেন তামিম। দুপুর ১টার দিকে মাশরাফির সঙ্গে কথা হয় প্রধানমন্ত্রীর। পরে দুপুর ৩টার দিকে গণভবনে যান তামিম, তার স্ত্রী ও মাশরাফি।

আধ ঘণ্টার মতো প্রাথমিক কথোপকথনের পর সেখানে ডেকে নেওয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসানকেও।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে এখনও জানা যায়নি কিছু। তবে সেটি অনুমান করে নিতেও সমস্যা হওয়ার কথা নয়।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের চলতি ওয়ানডে সিরিজটি অধিনায়ক হিসেবেই শুরু করেন তামিম। কিন্তু প্রথম ম্যাচের হারার পর দিন বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটলে নিজ উদ্যোগে সংবাদ সম্মেলন ডেকে কান্নাভেজা চোখে জানিয়ে দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘটনা।

অবসরের সিদ্ধান্ত নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন বলে জানান তিনি। এর পেছনে 'ভিন্ন ভিন্ন' কারণ আছে বলেও জানান। তবে সেসব কারণের বিস্তারিত কিছু জানাননি।

তবে একটি কারণের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তামিম। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ফিটনেস নিয়ে মন্তব্যের জের ধরে 'প্রতিদিনের বাংলাদেশ' পত্রিকায় বিসিবি সভাপতি যেভাবে প্রকাশে তামিমকে তুলাধুণা করেন, তাতে মানসিকভাবে আহত হন তিনি। অবসরের সিদ্ধান্তে এটি প্রভাবক হিসেবে কাজ করেছে বলে জানান তামিম।