২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা সন্ধ্যায়, দুপুরে ব্যাটিং অনুশীলনে সাকিব

প্রায় ঘণ্টা দুয়েকের ব্যাটিং সেশনে নিজেকে ঝালিয়ে নিলেন রংপুর রাইডার্সের বিশ্ব সেরা অলরাউন্ডার।

শাহাদাৎ আহমেদ সাহাদ শাহাদাৎ আহমেদ সাহাদ

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 03:50 PM

Updated : 27 Jan 2024, 09:00 PM

রিশাদ হোসেনের পায়ের কাছের ডেলিভারি খেলতে কিছুটা অস্বস্তিতে পড়লেন সাকিব আল হাসান। ব্যাট শূন্যে ভাসিয়ে তাৎক্ষণিক হতাশা প্রকাশ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। তার এই হতাশা হয়তো নিজের ব্যাটিংয়ের সামগ্রিক অবস্থা নিয়েই। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুর্দান্ত ঢাকার মুখোমুখি হবে সাকিবের রংপুর রাইডার্স। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। তার আগে দুপুর ১২টা বাজতেই কোচিং স্টাফের কয়েকজন সদস্যকে নিয়ে দুই নম্বর মাঠে চলে আসেন সাকিব। 

চোখের সমস্যায় ভুগতে থাকা সাকিব প্রায় পৌনে দুই ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন নেটে। থ্রো ডাউনেই বেশি ব্যাটিং করেন তিনি। দলের বোলিং কোচ মোহাম্মদ রফিক ও ট্রেনার রুবাইয়াতের মিডিয়াম পেসেও কিছুক্ষণ খেলতে দেখা যায় তাকে। 

ঐচ্ছিক অনুশীলনে তখন মাঠে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই ক্রিকেটার রিশাদ ও মাহিদুল ইসলাম। পাশের নেটে নিজেদের অনুশীলনের ফাঁকে সাকিবকেও কিছুক্ষণ বোলিং করেন রিশাদ। 

রিশাদের লেগ সাইডের ডেলিভারি খেলতে অস্বস্তিতে পড়তে দেখা যায় সাকিবকে। অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে অবশ্য দারুণ কিছু ড্রাইভ খেলেন সাকিব। কিন্তু রিশাদসহ অন্যদের পায়ের ওপরের বলে স্বাচ্ছন্দ্য ছিলেন না তিনি।  

সাকিবের ব্যাটিং সেশনের প্রায় পুরোটা সময়ই নেটের পেছন থেকে ভিডিও করেন রংপুরের ফিজিও। কিছুক্ষণ পরপর মোবাইলে ধারণকৃত সেই ভিডিও দেখেন সাকিব। লম্বা ব্যাটিং সেশন শেষে অনেকটা ফুরফুরে অবস্থায়ই মাঠ ছেড়ে যেতে দেখা যায় তাকে। 

পরে অনুশীলন সেশনের ব্যাপারে স্পিন কোচ রফিক বলেন, চোখের সমস্যা রয়েই গেছে সাকিবের। তবে আত্মবিশ্বাস কিছুটা বেড়েছে তার। 

“সাকিব যদি না খেলে তাহলে আমাদের দলের সমস্যা হয়। সে আজ খেলবে। সে জন্যই প্রস্তুত হচ্ছে। সমস্যাটা চোখের। ক্রিকেট তো চোখের খেলা। সেখানেই সাকিবের সমস্যা। তবে যে কয়দিন দেখেছি, সেই তুলনায় আজ মোটামুটি আত্মবিশ্বাসী মনে হয়েছে। তেমন কথা হয়নি তার সঙ্গে। এমনিতে বলেছে, 'ঠিক আছি।” 

গত বছরের বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। ভারতে ওই টুর্নামেন্ট চলাকালে চেন্নাইয়ে চিকিৎসক দেখান তিনি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়েও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু সমাধান পাননি কোনো। 

বিপিএল শুরুর ঠিক আগে দিয়ে লন্ডন গিয়েও সমাধান খোঁজার চেষ্টা করেন সাকিব। তাতেও কোনো লাভ হয়নি। বিপিএলে প্রথম ম্যাচ খেলে সমস্যা টের পাওয়ায় বিসিবির তত্ত্বাবধানে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে।  

ওই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সাকিবের চোখের জন্য 'কনজারভেটিভ' পদ্ধতিতে হাঁটার সিদ্ধান্ত নেয় বিসিবির চিকিৎসা বিভাগ। এর অংশ হিসেবে নিয়মিত ওষুধের ব্যবহার যেমন করতে হবে, তেমনি শারীরিক ক্লান্তি ও চাপ কমাতে হবে বাংলাদেশ অধিনায়ককে। 

বিপিএলের ব্যস্ততায় ক্লান্তি ও চাপ কমানোর সুযোগ খুব একটা নেই সাকিবের। সিঙ্গাপুর থেকে ফিরেই যেমন তিনি শুক্রবার খেলেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে। বোলিং ঠিকঠাক করলেও তাকে ব্যাটিংয়ে ৮ নম্বরে নামায় রংপুর। ৪ বলে স্রেফ ২ রান করে আউট হন তিনি।  

ম্যাচ শেষে দলের প্রধান কোচ সোহেল ইসলাম জানান, যথাযথ প্রস্তুতি না থাকায় এতটা নিচে নামানো হয় সাকিবকে। আর চোখের সমস্যা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছু দিন সময় লাগবে তার।  

আপাতত প্রস্তুতির দিকটি সামলানোর জন্যই হয়তো একা একা অনুশীলনে নিজের ব্যাটিংটা দেখে নিলেন সাকিব। ঢাকার বিপক্ষে শনিবারের ম্যাচে কতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন, সেটিই এখন দেখার।